ফাগুন দিনের লোকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উন্মাদনা না কাটতেই পঁচাত্তরের প্রত্যাঘাত। সপরিবারে খুন হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্তম্ভিত দেশে বেদনার্ত তারুণ্য অন্যরকম প্রত্যয়ে পালন করল একুশে। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লার মোড়ে অনুষ্ঠিত হলো এক অন্যরকম নাটক।নাটকের গায়েন গাইছে ‘আমি বাংলা, বাংলা আমার/বলে কেঁদে মরি/এবার পালাগান ধরি/ফাগুন মাসে বাংলাদেশে/আটই ফাল্গুন আসে/বাংলা মায়ের চোখের জলে/সোনার দেশটা ভাসে’—এ রকম গানে গানে কল্পিত রাজ্যের রাজা ও মন্ত্রীর প্রতীকে চিরকালীন দ্বন্দ্বের একটি উপস্থাপনা হলো যায় দিন ফাগুন দিন নাটকে। বাংলাদেশের নাটকের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকল দিনটি। এটি এ দেশের প্রথম পথনাটক। দর্শকেরা দেখলেন মঞ্চবিহীন, আসনবিহীন পথের ওপর বাদ্য, গান ও অভিনয়ে একটি পূর্ণাঙ্গ নাটক। সে দিনের এই নাটকের রচয়িতা ও নির্দেশক মিলন চৌধুরী।মিলন চৌধুরী তখন বছর পঁচিশের যুবক। প্রেক্ষাপট বোঝা যায় তাঁর বক্তব্যে। ‘বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর দেশের ইতিহাস যেন হঠাৎ থমকে গেল।’ সেই আলোকে বাংলার সংগ্রামী ঐতিহ্যকেই তুলে ধরতে যায় দিন ফাগুন দিন নাটক। এতে ১৯৫২-১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসটাকে প্রতীকীভাবে ফোটালেন তিনি ৩০ মিনিটে।মিলন চৌধুরী বলেন, ‘আমি মূলত ছিলাম গানের লোক। ১৯৭১ সালে আমরা একটা গানের দল করি—আমি, তপন বৈদ্য, শিল্পী দাশগুপ্ত, প্রণব ঘোষ, শান্তনু বিশ্বাস মিলে সদলবলে বিভিন্ন ক্যাম্পে স্বাধীনতার পক্ষে গান করেছি। স্বাধীন বাংলা বেতারেও গান করেছি।’ উদ্বাস্তু জীবনে কলকাতায় নান্দিকারসহ বেশ কিছু গ্রুপের নাটক দেখেছেন। নাটকের প্রতি আগ্রহ জন্মায় তখন থেকেই। স্বাধীনতার পর দেশে এসে বঙ্গশ্রী শিল্পী সংসদ গড়ে তোলেন। ১৯৭৪ পর্যন্ত বঙ্গশ্রীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পর নিজেদের মুক্তবিহঙ্গের মতো মনে হলো, এ দেশ আমার দেশ। সবার মধ্যেই যেন এক বাঁধভাঙা জোয়ারের ঢেউ এসে লাগল। আমাদের তখন ঠেকানোর কেউ নেই।’ মূলত গানের সংগঠন হলেও বঙ্গশ্রী থেকেই একটি গীতি-নৃত্য নাটক করলেন কৃষ্ণচূড়া নদীর গান। পরে কিছু উৎসাহী তরুণ নিয়ে গড়ে তোলেন গণায়ন নাট্য সম্প্রদায়। গণায়নের প্রথম নাটক ছিল মিলন চৌধুরীর চর্যাপদের হরিণী। পরের নাটক যায় দিন ফাগুন দিন। এরপর করেন একজন পিরামিড। প্রথম দুই নাটকে যে ছন্দময় গঠন ছিল, তৃতীয় নাটকে এর থেকে কিছুটা বেরিয়ে এলেন। ১৯৭৮ সালে যোগ দিলেন অঙ্গন থিয়েটার ইউনিটে। এ সময়ের একটি উল্লেখযোগ্য নাটক অভ্যন্তরীণ খেলাধুলা। ‘নাটকের ভিতরে নাটক’ এ রীতিতে বাঁধা হয়েছে নাটকটি। এখনো মঞ্চায়ন হচ্ছে তাঁর নিবারণের স্বপ্ন স্বদেশ নামে একটি নাটক। দায়ভার নামে মিলন চৌধুরীর আরেকটি নাটক প্রকাশিত হয়েছিল যোগসূত্র পত্রিকায়। নির্দেশনা দিয়েছেন শান্তনু বিশ্বাসের কালো গোলাপের দেশ, মোহিত চট্টোপাধ্যায়ের বর্ণবিপর্যয়, সনজীব বড়ুয়ার বাজল রাজার বারোটা। চট্টগ্রামের নাট্যচর্চার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে মিলন চৌধুরী বলেন, ‘নাটকের জন্য কখনোই অনুকূল পরিবেশ থাকে না। সব সময় প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হয়। হয়তো আগের চেয়ে দর্শক এখন বাছ-বিচার করেই নাটক দেখেন। তবে ইদানীং প্রচুর ছেলেমেয়ে আসছে নাটক করতে। আমরা তো আগে নাটকের মেয়েই পেতাম না। এটা সত্যিই আশার বিষয়।’নবীন নাট্য-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে নিজের দেশের ইতিহাসটা জানতে হবে। সমাজ, স্বদেশ মনুষ্যত্ব পঠন-পাঠনের প্রয়োজন আছে। সঙ্গে সঙ্গে টেকনিক্যাল দিকটাও জানতে হবে।’মিলন চৌধুরীর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—১৯৭১: দেশ দেশান্তরে (স্মৃতিলেখ্য), হরিণের মতো বিকেল (উপন্যাস), নাট্যত্রিতয় (তিনটি নাটক নিয়ে)।