ফাগুন-সন্ধ্যায় একুশের কবিতা
ফাগুনের পড়ন্ত বিকেলে জেলা শিল্পকলা প্রাঙ্গণ ছিল চট্টগ্রামের নবীন-প্রবীণ আবৃত্তিশিল্পী, সংগঠক ও শ্রোতাদের পদচারণায় মুখর। ২৩ ফেব্রুয়ারি ‘চিরদিনের কবিতা’ শিরোনামে একুশের কবিতা নিয়ে আবৃত্তিসন্ধ্যার আয়োজন করেছে তারুণ্যের উচ্ছ্বাস। অনুষ্ঠানে চট্টগ্রামের একুশটি সংগঠনের আবৃত্তিশিল্পীরা অংশ নেন। শুরুতে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা সমাবেত কণ্ঠে পাঠ করেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে একুশটি প্রদীপ জ্বালিয়ে এই আয়োজন উদ্বোধন করেন ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক এবং অতিথি শিল্পীরা। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবি এরপর পৃষ্ঠা ৩ কলাম ৫নাজিমুদ্দীন শ্যামল, এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: জাবেদ আবছার চৌধুরী, আবৃত্তিশিল্পী দেবাশীষ রূপন,সঞ্জিত বণিক, আয়েশা হক, মুজাহিদুল ইসলাম,মিঠু তলাপাত্র প্রমুখ। উদ্বোধনী পর্বের পরপরই শুরু হয় তারুণ্যের উচ্ছ্বাস ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। মো: মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এ পর্বে আবৃত্তি করেন মিজানুর রহমান, শামিমা ইয়াসমীন,অঞ্চল চৌধুরী, সঞ্জিত বণিক, আয়েশা হক , দেবাশীষ রূপন, প্রবীর পাল প্রমুখ। শিল্পীরা মাহাবুব উল আলমের একুশের প্রথম কবিতা, শাহাবউদ্দিন নাগরীর বেদীতে দাঁড়িয়ে আছি, মাসুক চৌধুরীর শহীদ মিনারের চূড়া, বেলাল চৌধুরীর আর রক্ত নয়, নিয়ামত হোসেনের আশ্চর্য জননীসহ ত্রিশটি কবিতা আবৃত্তি করেন। এছাড়া একুশের ভাষাশহীদদের প্রতি নিবেদিত সরচিত কবিতা পাঠ করেন জিন্নাহ চৌধুরী, নিশাত হাসিনা এবং মিলি চৌধুরী । প্রায় তিন ঘণ্টার এ আয়োজন শেষ হয় রাত নটায়।