ফাগুন হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রঙিন ফুলের পাপড়িগুলো ফাগুন হাওয়ায় যাচ্ছে ভেসে
পথের ধারে নীল আঁধারে স্বপ্নগুলো কুড়ায় কে সে!

খোলা মাঠে বিজন ঘাটে আলোছায়ার মনমিতালি
কোকিল ডাকার অবসরে মালা গাঁথায় ব্যস্ত মালী।

আকাশপানে তাকিয়ে কেবল একটি দুটি তারা গোনা

.
.

নদীর তীরে শ্যামল নীড়ে শ্যামের বাঁশি যায় গো শোনা।
ঘুমকাতুরে চোখের পাতায় নাচছে অলীক প্রজাপতি
এমন দিনে দিগন্তে হারিয়ে গেলে কার কী ক্ষতি?
মন উচাটন বেড়ায় উড়ে চিলের সঙ্গে বিলে বিলে
সত্য শুধু গোলাপ হাসি মিথ্যা ভরা এই নিখিলে।
চতুর্দিকে গন্ধ কী যে অন্ধ পাখি আহা আহা
পলাশ শিমুল রাঙল কেন রহস্যটার হোক সুরাহা!
মনে যদি ফাগুন থাকে সেই ফাগুনে আগুন জ্বলে
মাছকুমারী দক্ষ হাতে চিত্র আঁকে জল কাজলে।
তালদীঘিতে বাতাস লেগে মৃদু মৃদু ঢেউ জেগেছে
বসন্তকে বরণ করি কাব্য গানে নেচে নেচে।
ফুলের মধ্যে ভুলের মতো ফুটে আছে ফুল বালিকা
গোধূলিতে লাল অধরে প্রজ্বালিত আলোকশিখা।
কপাল জুড়ে চাঁদ উঠেছে মহাকালের ভ্রান্তি শেষে

তোমার জন্য বাঁচব আমি, মরব তোমায় ভালোবেসে।