ফাগুনের আগুন-রঙে রঙিন করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাগুনের আগুন-রঙে রঙিন করো
ফাগুনের আগুন-রঙে রঙিন করো

রাজধানী ঢাকায় কোকিলের ডাকের চেয়ে বাস-গাড়ির হর্ন আর মানুষের কোলাহলই বেশি। তবু ইট কাঠ-পাথরের নগরেও বসন্ত আসে। নাগরিক জীবনের শত ব্যস্ততার মধ্যেও আমরা বসন্ত আবাহন করি। নব প্রাণের নব গানের বসন্তকে বরণ করে নিতে বৃহস্পতিবার পয়লা ফাল্গুন রাজধানীর নানা উত্সব-আয়োজনের খবর জানুন এখানে।

‘এসো মিলি প্রাণের উত্সবে’ স্লোগান নিয়ে বসন্তবরণ উত্সবের আয়োজন করছে ‘বসন্ত উত্সব উদযাপন পরিষদ’। প্রায় দুই দশক ধরে নিয়মিত এই বসন্ত উত্সব পালন করে আসছেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ভোরে শুরু হয় এ আয়োজন।

এবার রাজধানীর তিনটি স্থানে থাকছে এসো মিলি প্রাণের উত্সবের এ আয়োজন। পয়লা ফাল্গুনের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্যদিয়ে বসন্তকে বরণ করা হবে। একক সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, ইন্দ্রাণী সেন, চন্দনা মজুমদার, শামা রহমান প্রমুখ। দলীয় পরিবেশনায় অংশ নেবে ছায়ানট, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরের ধারা, সুরসপ্তকসহ কয়েকটি সংগঠন। নৃত্য পরিবেশন করবে নৃত্যম, ধৃতি, স্পন্দন, নটরাজ ও ভাবনা। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ প্রমুখ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে তিনটায়। চলবে সাতটা পর্যন্ত। রবীন্দ্র সরোবরে উত্সব শুরু হবে বিকেল চারটায় এবং বাহাদুরশাহ পার্কে সাড়ে চারটা থেকে একই রকম আয়োজন থাকবে।

‘তোমারি মতো আমারো উত্তরী দিয়ো আগুন—রঙে রঙিন করি’—এ আহ্বান সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ এর। বসন্তের প্রথম দিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদসংলগ্ন বটতলায় বসন্ত বরণের আয়োজন করবে সংগঠনটি। গত সাত বছর ধরেই এখানে এ আয়োজন করে আসছে তরুণ সংস্কৃতিকর্মীদের এ সংগঠনটি। সকালে আদিবাসীদের পরিবেশনায় মণিপুরী নৃত্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর সমবেত সংগীত পরিবেশন করবে শিশু-কিশোরদের সংগঠন ‘গঙ্গাফড়িং’ এর সদস্যরা। সমগীতের ঢাকা ও কেন্দ্রীয় দলের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবে গানের দল লীলা, গায়েন এবং কৃষ্ণকলি ইসলাম ও কফিল আহমেদ।

ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে উত্সবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের উদ্যোগে ‘ব্যবসায় অধ্যয়ন অনুষদ’ প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হবে বসন্ত উত্সব। ঋতুরাজ বসন্তের সঙ্গে পরিচিতির পাশাপাশি গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পোশাক, সাজসজ্জা ও দেশজ সংস্কৃতি পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘কার্নিভাল অব লাভ’ নাম নিয়ে দুই দিনব্যাপী বাসন্তী উত্সবের আয়োজন করেছে মুঠোফোন সেবা প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। ১৩ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হবে বিজয় সরণির সামরিক জাদুঘরের মাঠে। দুই দিনই সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এখানে সংগীত পরিবেশন করবেন অর্ণব, শূন্য, এয়ারটেল ইয়াং স্টার ওল্ড স্কুল, ফ্রন্ট লাইন পোয়েমস, তানভীর ও উপমা। এ উত্সবে আরও থাকবে খাবার-প্রতিযোগিতা, হাত গণনা, বায়স্কোপ, বাঁদর নাচ, ফ্যাশন শো ও নাগরদোলার আয়োজন।

এ ছাড়া রাজধানীর নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বসন্ত বরণের নানা বর্ণিল আয়োজন চলবে পয়লা ফাল্গুনের সারা দিন ধরেই।