ফারাক্কা বাঁধের অজুহাত
ফারাক্কা বাঁধ কেন খুলে দেওয়া হলো? ভারত এর জবাব দিলে কেমন হতো সেটা?
বাংলাদেশ হলো ভারতের বন্ধুদেশ। ভারত সব সময় প্রতিবেশীর সঙ্গে অবাধ বন্ধুত্বে বিশ্বাস করে। অবাধ বন্ধুত্বে কোনো বাধা থাকে না। থাকতে পারে না। বাংলাদেশও সে রকম মনোভাব পোষণ করে। কারণ আমরা দেখেছি, টিপাইমুখ বাঁধ নির্মাণ করার সময় বাংলাদেশ আপত্তি করেছিল, তাই আমরা বন্ধুত্বে আর বাঁধ রাখতে চাই না। খুলে দিলাম ফারাক্কা বাঁধ।
মাত্র কদিন আগেই জগতের সবচেয়ে ভারী প্রাণী হাতিকে নদীর পানি ভাসিয়ে বাংলাদেশে নিয়ে গিয়েছিল। তার মানে পানি বাংলাদেশে যেতে চায় তার স্বাভাবিক গতিতে। পানির অপর নাম জীবন। আমরা পানির স্বাভাবিক গতির প্রতি শ্রদ্ধাশীল। তাই পানিকে অবাধে যেতে দিয়েছি।
সামনে ঈদ। ভারত থেকে অনেক গরু নানা কঠিন প্রক্রিয়ায় তারকাঁটার বেড়া পেরিয়ে কষ্ট করে নিতে হয়। হাতিই যেখানে ভেসে যায়, সেখানে গরু আর এমন কী! ফারাক্কা বাঁধ দিয়ে কম খরচে দ্রুত কোরবানির হাটে গরু নেওয়া সহজ হবে।
তা ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল বড় বড় দলকে ডেকে সমানে বাংলাওয়াশ দিচ্ছে। তো শোনা যাচ্ছে, কদিন পরেই ইংল্যান্ড আসছে। আমরা ইংল্যান্ডে গিয়ে ওয়াশ হয়ে এসেছি। দয়া করে আপনারা তাদের একটা বাংলাওয়াশ দিন। আর ওয়াশ দিতে কোন জিনিসটা বেশি দরকার? হ্যাঁ, পানি! অতএব পর্যাপ্ত পানি না থাকলে ওয়াশ করা যাবে না!
তা ছাড়া ভারত থেকে তো শুধু পানিই যাচ্ছে না, পানির সঙ্গে প্রচুর মাছ, পলিমাটিও চলে যাচ্ছে! আমরা তো আর তার ন্যায্য হিস্যা চাইছি না। তার ওপর বাংলাদেশ নদীমাতৃক দেশ। শুকনা মৌসুমে নদীতে পানি থাকতে হবে। মাছ থাকতে হবে। এখন এই সুযোগে পানি স্টোর করে রাখলেই হয়! শুকনা মৌসুমে না হয় আমরা আবার গেট লাগিয়ে দেব। কারণ একটা গেট যেহেতু আছে তা মাঝেমধ্যে খুলবে, বন্ধ হবে! তাই না?
শোনা যাচ্ছে, বাংলাদেশে এখন নাকি অনেক জায়গায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে! আরে দাদা, তামাম পৃথিবী জঙ্গি-আইএস এসব নিয়ে মহাবিপদে আছে, আর সেখানে সামান্য পানি বিপৎসীমা অতিক্রম করলে এটা তো স্রেফ একটা রোমান্টিক সমস্যা!
মোদ্দা কথা, বাংলাদেশের নানাবিধ সুবিধার কথা বিবেচনা করে আমরা ফারাক্কা বাঁধ খুলে দিয়েছি। আমাদের কাছে বাংলাদেশের ঋণী থাকা উচিত।