ফারাজ এক বীরের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ ও লামিসা। ছবি: সংগৃহীত
ফারাজ ও লামিসা। ছবি: সংগৃহীত

হোলি আর্টিজান হামলার এক বছর

গত বছরের ১ জুলাই রাতে জঙ্গিরা নৃশংসতা চালায় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। জঙ্গিদের হাতে নির্মমভাবে প্রাণ হারান দেশ–বিদেশের ২২ জন মানুষ। তাঁদের মধ্যে ছিলেন প্রাণবন্ত চার তরুণ–তরুণী: ইশরাত আখন্দ, ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবীর ও তারিশি জৈন। তাঁদের কাছের বন্ধুদের মর্মস্পর্শী স্মৃতিচারণা নিয়ে ছুটির দিনের প্রচ্ছদ

কিছু মানুষ আছে, ভাষায় যাদের পুরোটা তুলে ধরা যায় না। ফারাজের মতো ভারসাম্যপূর্ণ, কোমল হৃদয় আর সাহসী একটি সত্তার প্রতি সুবিচার করতে পারে—বর্ণনার জন্য এমন ভাষা খুঁজে পাওয়া কঠিন। তা সত্ত্বেও আমি বলার চেষ্টা করব, ওকে সেরা বন্ধু হিসেবে পাওয়া আমার জন্য কতটা সৌভাগ্যের।
ফারাজের জগতের অংশ হওয়াটাই একটা আশীর্বাদ। ও যদি কাউকে আপন করে নেয়, তার সমস্যাগুলোও তখন ওর হয়ে যায়। প্রিয়জনদের সুখী করতে সে জীবনটা দিয়ে দেবে। ও যে শুধু দৃঢ় মনোবলের উৎস ছিল তা-ই নয়, ওর কাছ থেকে অনেক কিছুই শেখার ছিল, এখনো আমরা ওর কাছ থেকে শিখে যাচ্ছি। ও এখন আগের মতোই আমাদের কাছে নৈতিকতার দিশারি। ফারাজ একেবারে ভেতর থেকে পরিশুদ্ধ একটা ছেলে। ভালো আর মন্দের তফাত ও সহজে করতে পারত। নিজের মতামত তুলে ধরতে কখনো পিছপা হয়নি। নিজের সত্যিকার অবস্থান তুলে ধরতে কখনো ভান করেনি। চরিত্রের এই দৃঢ়তার গুণেই ফারাজ আমাদের নেতা হয়ে উঠেছিল।
সর্বোত্তম আদর্শ অনুসরণ করে সবচেয়ে ভালো পন্থা বেছে নেওয়ার ক্ষেত্রে এমন নিবেদিত আর অনুপ্রাণিত মানুষ খুঁজে পাওয়া কঠিন। পরিবার আর বন্ধুদের গর্বিত করে তুলতে চাইত ও। নিজের দেশকে ও অত্যন্ত আবেগ দিয়ে ভালোবাসত, গর্ববোধ করত দেশের জন্য, দেশকে এগিয়ে নিতে চাইত। দেশের জন্য সত্যিকারভাবে কিছু করতে চাইত ও। এগুলোর সবই করেছে ফারাজ; বরং বেশিই করেছে।
হ্যাঁ, ফারাজের অনেক কিছুই শিক্ষণীয় ছিল। তাই বলে ওর চোখের কোণের দুষ্টুমিভরা হাসির কোনো কমতি ছিল না। ফারাজের রসবোধ যে কারও পুরো দিনটা উজ্জ্বল করে দিতে পারত। একটা হাসির নাটক লেখা থেকে শুরু করে বন্ধুবান্ধবের সঙ্গে দুষ্টুমি করা—এ সবকিছুর মধ্য দিয়ে ও চারপাশের সবার মুখে হাসি ফোটানোর রাস্তা খুঁজত। ওর সঙ্গে আড্ডা দেওয়া মানেই নিশ্চিত হাসির ফোয়ারা ছুটতে থাকা।
ফারাজ সবকিছুই করেছে গভীর আবেগ আর ভালোবাসা দিয়ে। নিজের জীবনে ও একটা ভারসাম্য রাখতে পেরেছিল, যা ওকে এক অবিশ্বাস্য মানুষে পরিণত করেছে। ওর কথা ভাবলেই আমার মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে, আবার একই সঙ্গে বুকটা বিষাদে ভরে যায়। ফারাজের সঙ্গে বেড়ে উঠতে গিয়ে আমি অনেক কিছুই শিখেছি। আমার ব্যক্তিত্বের ওপর অনেকখানিই প্রভাব ফেলেছে ও। এ জন্য আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।
বিশ্বের কাছে ফারাজ এখন এক বীরের নাম। তবে ওকে যারা চেনে, তাদের কাছে সে বরাবরই বীর। আমরা সবাই জানতাম, ও বিরাট কিছু করবেই। আমি সব সময় ফারাজের অনুরাগী ছিলাম। আর এখন ফারাজকে নিয়ে আমি গর্ব বোধ করি। আজীবন ওর অভাব বোধ করব। তবে ওর স্মৃতি হৃদয়ে জাগরূক রেখে সর্বদা ওর মতো হয়ে ওঠার চেষ্টা করব।
ইংরেজি থেকে অনূদিত
লেখক: শিক্ষার্থী, প্র্যাট ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্র