
ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের কুলখানি উপলক্ষে গত রোববার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরের আগ্রাবাদে তাহের চেম্বারে অবস্থিত ট্রান্সকম গ্রুপের কার্যালয়ে আয়োজিত মাহফিল পরিচালনা করেন আগ্রাবাদ সিজিএস কলোনি জামে মসজিদের খতিব আবু হানিদা মোহাম্মদ নোমান।
খতিব আবু হানিদা মোহাম্মদ নোমান মাহফিলে ফারাজ আইয়াজ হোসেনের আত্মার শান্তি কামনা করে দেশকে স্থিতিশীল এবং সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।
মাহফিলে অংশ নেন ট্রান্সকম গ্রুপের আওতাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফের জ্যেষ্ঠ এরিয়া ম্যানেজার মো. আবু কাউসার, এরিয়া ম্যানেজার নুরুল ইসলাম, রিজিওনাল বিক্রয় ম্যানেজার জাহাঙ্গীর আলম, ট্রান্সকম গ্রুপের ডেপুটি ব্রাঞ্চ ইনচার্জ মো. সফিউল আলম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, সহকারী ব্যবস্থাপক মনজুর মোরশেদ প্রমুখ।
ফারাজ আইয়াজ হোসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছোট ছেলে। তাঁর জন্ম ১৯৯৬ সালের ১৫ এপ্রিল। যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন তিনি। গ্রীষ্মের ছুটিতে গত ১৮ মে দেশে আসেন ফারাজ। আগামী ২২ আগস্ট তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সময় জঙ্গিরা ফারাজকে চলে যেতে বলে। কিন্তু সেখানে তাঁর বন্ধু অবিন্তা কবীর ও তারিশি জৈনকে রেখে আসতে রাজি হননি ফারাজ। পরে জঙ্গিরা তাঁদের তিনজনকেই নির্মমভাবে হত্যা করে।