ফারিহার হাতে কাগজের হাতি ঘোড়া

ভাঁজের কারুকাজে এক টুকরা কাগজ দিব্যি প্রজাপতি হয়ে উঠছে। কোনো কাটাকুটি নেই। আঠার কারবার নেই। সরল-সোজা কাগজ আঙুলের জাদুতে হয়ে উঠছে হাতি, ঘোড়া, পঙ্খিরাজ, মুখোশ, ড্রাগন, ফিনিক্স আরও কত-কী। কারও হাতে এমন কাগজের উপহার তুলে দিলে তিনি আকাশ থেকে পড়েন—শুধুই কাগজ, আর কিছুই নেই! হ্যাঁ, শুধুই কাগজ। অবশ্য এ জন্য ফারিহাকে প্রথম প্রথম এক টুকরা কাগজের সঙ্গে ৪০ ঘণ্টা পর্যন্ত সময় দিতে হয়েছে। ফারিহার এই কাজের নাম অরিগ্যামি। ফারিহা এ রকম দেড় শতাধিক অরিগ্যামি করতে পারে।
ফারিহার পুরো নাম ফারিহা নওশিন আক্তার। বাড়ি রাজশাহী নগরের তালাইমারী এলাকায়। নগরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ছে। বাবা এ এন এম ফরিদ আক্তার, মা নাসরিন আক্তার ও ছোট ভাই ফাহিম নাকিব। এই হলো ফারিহার পরিবার।
ফারিহাদের বাসায় গিয়ে কথা হয় তার অরিগ্যামি-চর্চা নিয়ে। তার বসার ঘরের টেবিলজুড়ে সাজিয়ে দিল হাতি, ঘোড়া, প্রজাপতি, ফুল ও পাখিতে। সবই কাগজ ভাঁজ করে তৈরি।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবার হাত ধরে তার অরিগ্যামি-চর্চা শুরু। অরিগ্যামি করার জন্য কাগজের ভাঁজগুলো বাবা তাকে শিখিয়েছেন। ফারিহা বলে, ‘বাবা তখন তৈরি করে দিতেন কাগজের পাখি, নৌকা ইত্যাদি। কী ভীষণ ভালো লাগত আমার! বাবার সংগ্রহে থাকা বেশ কিছু অরিগ্যামির বই দেখে দেখে মডেলগুলো তৈরি করা শুরু করি। পরবর্তী সময়ে ইন্টারনেটে বিভিন্ন দেশের অরিগ্যামি-শিল্পীদের কাজের ভিডিও দেখে ধাপে ধাপে নিজের দক্ষতা বাড়াতে শুরু করি। বর্তমানে প্রায় দেড় শতাধিক মডেল তৈরি করতে পারি। আমার সবচেয়ে পছন্দের মডেলগুলো হলো অরিগ্যামি ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া, জাহাজ, পরি ইত্যাদি। কারণ, এই মডেলগুলো আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।’

ফারিহা বিভিন্ন রকমের পশু-পাখি, প্রজাপতি, বাক্স, বল, নৌকো, ফুল, ব্যাঙ, মাছ, গয়না এবং পৌরাণিক জীব তৈরি করতে পারে। আরও চর্চা করে ভবিষ্যতে একটি প্রদর্শনী করারও ইচ্ছে রয়েছে তার।
অরিগ্যামি ছাড়াও ২০০৮ সাল থেকে সে কাগজশিল্পের অন্যান্য শাখা নিয়ে কাজ শুরু করে। ফারিহা বলে, ‘এই শিল্পের প্রধান উপকরণ হচ্ছে কাগজ। আমাদের দেশের সহজলভ্য কাগজগুলোর মধ্যে রয়েছে পোস্টার পেপার, ডিমাই পেপার, অফসেট পেপার, মডেল পেপার এবং পুরোনো খবরের কাগজ ও টিস্যু পেপার। অরিগ্যামির জন্য সাধারণত বিভিন্ন রঙের পোস্টার কাগজ, রঙিন ডিমাই কাগজ, কুইলিংয়ের জন্য কালার অফসেট কাগজ এবং কিরিগামি, মিক্সড মিডিয়া ও পেপার ম্যাশের জন্য যেকোনো কাগজ ব্যবহার করা যায়।’
তার কাগজশিল্প পছন্দের কারণ হচ্ছে, অন্যান্য শিল্পমাধ্যমের তুলনায় কাগজ তুলনামূলক সহজলভ্য। শুধু পদ্ধতি জানা থাকলে কল্পনা করে কাগজ দিয়েই মনের মতো করে কোনো না কোনো শিল্পকর্ম তৈরি করতে পারে। এটি যতটা সহজ, ততটাই সুন্দর।
কথা কথায় ফারিহা বলল, ‘বিদেশে এই শিল্পে ব্যবহারের জন্য বিশেষ ধরনের কাগজ পাওয়া যায়। আবার তৈরি করার পরে একধরনের তরল পদার্থ দিয়ে স্প্রে করলে অবিকল থেকে যায়। ভাঁজ ভেঙে যায় না। আমাদের এত সুযোগ নেই।’
ফারিহার বাড়ি থেকে যখন ফিরছিলাম, তখন ভাবলাম, বাংলাদেশের রাজশাহী অঞ্চলে বসে একটি মেয়ে তার সৃজনশীলতা দিয়ে কী চমৎকার কাজ করছে; হয়তো নিতান্তই শখের বসে। তার পাশে আছে তার পরিবার। একটু উৎসাহ ও একটু সহযোগিতাই এগিয়ে নিতে পারে ফারিহাকে।