ফারিয়ার পছন্দ শিফন মায়ের তাঁতের শাড়ি
দুই প্রজন্ম: মডেল ও অভিনয়শিল্পী ফারিয়া। তাঁর মা এস এ জাহান। পেশায় গৃহিণী। এবারের দুই প্রজন্মে জানা যাক এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা
১. কোন ধরনের পোশাক পছন্দ?
মা: শাড়ি পরতে পছন্দ করি, বিশেষ করে তাঁতের শাড়ি আমার বেশি পছন্দ।
ফারিয়া: শাড়ির মধ্যে শিফন ভালো লাগে। এ ছাড়া পছন্দের তালিকায় ফতুয়া-জিনসও আছে।
২. কোন ধরনের গান পছন্দ?

মা: আধুনিক ও দেশাত্ববোধক—দুই ধরনের গানই আমার পছন্দ।
ফারিয়া: ধীর লয়ের গান। বিশেষ করে বাংলাদেশের আধুনিক, কলকাতার পুরানো দিনের গান বেশি ভালো লাগে।
৩. কোন বই বারবার পড়তে ইচ্ছা করে?
মা: হুমায়ূন আহমেদের বই বেশি পড়ি। হুমায়ূন আহমেদের মাতাল হাওয়া বারবার পড়তে ইচ্ছে করে।
ফারিয়া: হুমায়ূন আহমেদের নির্বাচিত ভূতের গল্প।
৪. রেগে গেলে কী করেন?
মা: রেগে গেলে গান শুনি। তবে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। হা...হা...
ফারিয়া: সামনে যা পাই, তা-ই খাই।
৫. কোথায় ঘুরতে বেশি পছন্দ?
মা: আমার মা-বাবার বাড়ি নোয়াখালির সোনাইমুড়িতে। ঘোরার উদ্দেশ্যে বের হলে আমার নিজ গ্রামেই চলে যাই।
ফারিয়া: থাইল্যান্ডের পাতায়া, কলকাতার নিউ মার্কেট ও পার্ক স্ট্রিটের ফুটপাত।
৬. বিরক্ত লাগে কখন?
মা: ঠিকমতো কেউ কথা না শুনলে, বিশেষ করে আমার মেয়েরা কথা না শুনলে খুব বিরক্ত লাগে।
ফারিয়া: যখন বিরক্তিকর ফোন বেশি আসে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন