ফার্চামো, ফের দেখা হবে

হিমালয়ের খুম্বু অঞ্চলের পর্বত—লবুচে। গত মাসে মাউন্ট এভারেস্টের প্রতিবেশী এই পর্বতের চূড়া ছুঁয়ে এসেছেন বাংলাদেশি পর্বতারোহী জয়নাব শান্তু। তিনি লিখেছেন শীর্ষে পৌঁছার কাহিনি।

লবুচে পর্বত চূড়ায় লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের লুকলা থেকে চার দিন ট্রেকিংয়ের পর সেদিন আমাদের অবস্থান থ্যাংবো। গত ১৬ অক্টোবর সকাল দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ১০০ মিটার (১৬ হাজার ৭৩২ ফুট) উচ্চতায়। প্রস্তুতি আগেই নেওয়া, পা বাড়াই নোলে ক্যাম্পের উদ্দেশে। কিন্তু পা ফেলতে না ফেলতেই শুরু হলো তুষারপাত। তাঁবুতে ফিরে আসি। অপেক্ষা করি তুষারপাত থামার। কিন্তু থামার নামগন্ধ নেই। এক ঘণ্টা, দুই ঘণ্টা করে টানা ৩৬ ঘণ্টা চলল তুষারপাত। তাঁবুতে আটকে রইলাম সবাই।

একসময় তুষারপাত থামল বটে, কিন্তু নোলে পর্যন্ত গিয়ে কোনোভাবেই অভিযানে এগোনো সম্ভব হলো না। আমার সঙ্গে শেরপা, পোর্টারসহ তিনজন। তখন চারজন বৈঠকে বসলাম। সিদ্ধান্ত হলো, আবহাওয়া প্রচণ্ড খারাপ, যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনায় পড়তে পারি, এ পর্যায়ে অভিযান স্থগিত করতে হবে।

মনে মনে ভাবি, এত দূর এসে ফিরে যাব! অনুরোধ করি, আরেকবার চেষ্টা করা যায় কি না। আমার অনুরোধে বাকিরা সাড়া দেয়। তবে সে মুহূর্তে নিচের দিকে নেমে যাওয়া ছাড়া উপায় নেই। তিন-চার দিন আবহাওয়ার গতিবিধি পর্যালোচনা করে তবেই ‘আরেকবার চেষ্টার’ সিদ্ধান্ত নিতে হবে।

আমার গন্তব্য ছিল হিমালয়ের ফার্চামো পর্বতচূড়া, যার উচ্চতা ৬ হাজার ১৮৭ মিটার (২০ হাজার ২৯৮ ফুট)। গত ১১ অক্টোবর, করোনাকালে যেদিন প্রথম নেপাল আর বাংলাদেশের মধ্যে প্রথম ফ্লাইট চালু হলো, সেদিনই কাঠমান্ডু পৌঁছাই। অনলাইনে যোগাযোগ করে দাওয়া শেরপা পুরো অভিযানের ব্যবস্থা করেছেন। ১২ অক্টোবর কাঠমান্ডু থেকে উড়োজাহাজে হিমালয়ের বিমানবন্দর লুকলায়। অন্য অভিযাত্রীর মতো সেখান থেকেই অভিযান শুরু করেছিলাম।

পাউডারের মতো এই বরফ মারাত্মক বিপজ্জনক। আছে আবার তুষারপাতেরও আশঙ্কা। আর প্রচণ্ড বাতাসে বরফ আমাদের শরীর ভরিয়ে দিচ্ছিল। বেগ পেতে হচ্ছিল দাঁড়িয়ে থাকতেই

তিন দিন পর

নোলে থেকে দাওয়া শেরপা বিদায় নিলেন। ইউরোপীয় একটি দল অভিযানে আসবে, দাওয়া শেরপা তাদের পথনির্দেশক। তাই আমার পরবর্তী অভিযান চালানোর দায়িত্ব নিমা নুরু শেরপার ওপর বর্তাল। নিমা আমার সঙ্গে কাঠমান্ডু থেকে আছেন। দাওয়ার পক্ষ থেকে তিনিই আমাকে আনতে গিয়েছিলেন।

নোলে থেকে আমরা নেমে আসি থ্যাংবোতে। আমি সেখানেই থেকে যাই। শেরপা নিমা ও সুভাষ চলে যান থামো ও নামচে বাজারে। আবহাওয়া ভালো হলে তাঁরা ফিরে আসবেন।

হিমালয়ের কোলে অপেক্ষার তিনটি দিন কেটে গেল। নিমা ও সুভাষ ফিরে এলেন যথাসময়ে। আর বসে থাকা নয়, সেদিনই বিকেলে আমরা লোয়ার নোলেতে গেলাম। এখানে আমাদের সঙ্গে যুক্ত হলেন নিমা শেরপার ভাই পেম্বা তেঞ্জিং শেরপা। ২২ অক্টোবর সেখান থেকে তাশি পুক পার হয়ে আরও কিছুটা ওপরে যাই। উচ্চতার হিসাবে সেটা প্রায় ৫ হাজার ৮০০ মিটার। ফার্চামো চূড়ার খুব কাছেই। ৪০০ মিটারের কম আরোহণ করলেই পৌঁছে যাব লক্ষ্যে। আমি আপ্লুত। কিন্তু এত কাছে এসেও ফার্চামো আমার জন্য অধরাই রয়ে গেল। টানা তুষারপাতে খুম্বু অঞ্চলের বিভিন্ন জায়গায় তখন দুর্ঘটনা ঘটেছে। ফার্চামোর অবস্থান এমন যে কিছুটা ছায়া থাকায় বরফ তখনো শক্ত হতে শুরু করেনি। পাউডারের মতো এই বরফ মারাত্মক বিপজ্জনক। আছে আবার তুষারপাতেরও আশঙ্কা। আর প্রচণ্ড বাতাসে বরফ আমাদের শরীর ভরিয়ে দিচ্ছিল। বেগ পেতে হচ্ছিল দাঁড়িয়ে থাকতেই।

আমরা আরও প্রায় ১০০ মিটার বরফঢাকা পথ মারাই। কিন্তু নরম বরফে পা রাখা যাচ্ছিল না, আমরা একদম ডুবে যাচ্ছিলাম। তখন সেখানে কোনোভাবেই অ্যাংকর করা যাচ্ছিল না। ফলে শেরপারা রোপ ফিক্সড (দড়ি স্থাপন) করতে ব্যর্থ হন। তাঁরা জানান, আর কোনোভাবেই এগোনো সম্ভব নয়!

আসলে ফার্চামোতে নিয়মিত অভিযান হয় না। প্রায়শই প্রচণ্ড খারাপ আবহাওয়ার কারণে এখানকার অধিকাংশ অভিযানই ব্যর্থ হয়। এই বছর নাকি কেউ এর চূড়ায় আরোহণই করতে পারেনি। আমাদের প্রথম অভিযানের সময় চেক প্রজাতন্ত্রের তিনজন অভিযাত্রী ছিলেন, তাঁরাও ফিরে গিয়েছেন ব্যর্থ হয়ে। এবার আমরা একা। রাত তিনটায় যখন প্রচণ্ড বাতাসে আমাদের তাঁবু উড়ে গেল, তখন বুঝলাম কতটা ঝুঁকিতে আছি আমরা। অবশেষে আবার সেই ব্যর্থ মনোরথে ফিরে আসার সিদ্ধান্ত।

জয় নিয়ে ফেরা

ফার্চামো অভিযান ব্যর্থ হওয়ায় মনটা প্রচণ্ড খারাপ হলো। শেরপারা আমার অবস্থা দেখে বললেন, ‘ঠিক আছে, চলো আমরা অন্য কোনো শৃঙ্গ অভিযানে যাই।’

আমি বললাম, আরেকটা অভিযানে যাওয়ার মতো অর্থ তো আমার নেই। তাঁরা ভেবে বললেন, ‘ঠিক আছে। তুমি শুধু পিক ফি, ইনস্যুরেন্স, পোর্টার খরচ, খাবার খরচ দাও। আমাদের পারিশ্রমিক তোমাকে দিতে হবে না।’

তাঁদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করল। ফিরে এলাম আবার থামোতে। সেখানে দুই দিন নতুন করে অভিযানের প্রস্তুতি নিলাম। নিমা শেরপার কাছে শুনে লবুচে পর্বতকেই নির্বাচন করলাম।

নতুন পথ, নতুন সম্ভাবনা

নিমা শেরপা নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে পুনরায় অনুমতি নিলেন। থামো থেকে আমরা পরদিন কুন্দেরি, ডিংবোচে হয়ে প্যাংবোচেতে পৌঁছালাম। এবার সুভাষ নেই আমাদের সঙ্গে। দলের সদস্য হিসেবে নিমার ১৭ বছরের ছেলে চিরিং শেরপাও যুক্ত হলো। এটাই ওর প্রথম কোনো অভিযানে যাওয়া। পরদিন প্যাংবোচে থেকে থুকলা হয়ে আমরা লবুচে বেসক্যাম্প ও হাইক্যাম্পে (৫ হাজার ৪০০ মিটার) পৌঁছাই। হাইক্যাম্প থেকে রাত সাড়ে চারটায় আমরা ‘সামিট পুশ’ (চূড়ায় পৌঁছানোর চূড়ান্ত পদক্ষেপ) দিই। রাতের অন্ধকারে রক ক্লাইম্বিং ও জুমারিং শেষ করি। এরপর ভোর হতে শুরু করে। পূর্ব দিগন্তে সূর্যের সোনালি আভা জানান দেয় নতুন পথের, নতুন সম্ভাবনার।

তখনো অনেক পথ বাকি। আমরা এগোতে থাকি ক্লান্তিহীন। খাড়া কিছু দেয়াল বরফে ঢাকা, আছে বরফের ফাটলের তলায় পড়ে যাওয়ার ভয়। প্রায় পুরো পথটি জুমারিং করি। ১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই। ৬ হাজার ১১৯ মিটার (২০ হাজার ৭৫ ফুট) উচ্চতার লবুচে চূড়া থেকে, সকালের স্ফটিক রৌদ্রে আমরা দেখি এভারেস্ট, লোৎসে, মাকালু, পুমোরি, নুপ্তসেসহ অসংখ্য পর্বতশৃঙ্গ। লবুচে চূড়ায় লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরি। বিজয়ের সুবর্ণজয়ন্তীর বছরে এই অভিযানকে উৎসর্গ করি মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নারী বীর মুক্তিযোদ্ধাকে।

লেখক: পর্বতারোহী ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।