ফার্মাসি নিয়ে পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার সঙ্গে রয়েছে জীবিকার একটা নিবিড় সম্পর্ক। তাই উজ্জ্বল পেশাজীবন নিশ্চিত করতে সবাই চান একটি চাহিদাসংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা নিতে। আর সে ক্ষেত্রে ফার্মাসি বিষয়টা বেশ এগিয়ে। কথা হচ্ছিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমানের সঙ্গে। কেন ফার্মাসি পড়ছেন? সোজাসাপ্টা উত্তর, ‘পড়াশোনা শেষ করে একটা চাকরি পেতে তো হবে। তাই আমি চেয়েছিলাম গতানুগতিক ধারার বিষয়গুলোর বাইরে কোনো পেশাসংশ্লিষ্ট বিষয়ে পড়তে। খোঁজখবর নিয়ে জানতে পারলাম, দেশে চাহিদার তুলনায় ফার্মাসি ডিগ্রিধারীর সংখ্যা কম বিধায় পড়াশোনা শেষ করে অন্তত বসে থাকতে হবে না। তাই ফার্মাসি পড়ার সিদ্ধান্ত।’ শুধু জাহিদুর রহমান নন, তাঁর মতো অনেকেই উচ্চশিক্ষার ক্ষেত্রে মাথায় রাখেন পেশাজীবনে চাহিদার কথা। আর ফার্মাসি তাঁদের পছন্দের শীর্ষ তালিকায়।পেশা ক্ষেত্র: বাংলাদেশে ওষুধশিল্প খাত আমাদের দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। মূলত ১৯৮২ সালের ওষুধ অধ্যাদেশ জারির পর এ শিল্পে দ্রুত উন্নয়ন ঘটতে থাকে। ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে আমাদের দেশে ২৫৭টি ওষুধশিল্পের প্রতিষ্ঠান (ফার্মাসিউটিক্যাল কোম্পানি) রয়েছে। দেশের বাজারের প্রায় ৯৭ শতাংশ ওষুধের চাহিদা পূরণ করছে দেশের এসব প্রতিষ্ঠান। শুধু তা-ই নয়, দেশের বড় চাহিদা পূরণের পাশাপাশি ইউরোপ, আমেরিকাসহ এশিয়ার ৭৩টি দেশে আমাদের দেশে উৎপাদিত ওষুধ রপ্তানি হচ্ছে বলে ওষুধ প্রশাসন দপ্তর থেকে জানা গেছে। এসব মিলিয়ে ওষুধশিল্প বাংলাদেশের একটি দ্রুত প্রসারমাণ শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে।চাহিদা কেমন: ওষুধশিল্প প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে পেশাগত ডিগ্রিধারী লোকের চাহিদা। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের সচিব কে কে সাহা বলেন, এ পর্যন্ত দুই হাজার ৯৩৪ জন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী ফার্মাসিস্ট কাউন্সিল থেকে পেশাগত নিবন্ধন সনদ নিয়েছেন। নিবন্ধন নেওয়া ফার্মাসিস্টদের প্রায় অর্ধেকের কাছাকাছি দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। আর বাকি অর্ধেক পৃথিবীর বিভিন্ন দেশে সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত আছেন। বাংলাদেশি ফার্মাসিস্টদের আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে বেশ চাহিদা রয়েছে। তাঁদের প্রায় ৬০ শতাংশ আবার আমেরিকার ওষুধশিল্পের প্রতিষ্ঠানে কাজ করছেন।কাজের ক্ষেত্র: অনেকেরই ধারণা, ফার্মাসি পড়লে শুধু ওষুধশিল্পে কাজ করতে হয়। এর বাইরেও তাঁদের জন্য কাজের নানা ক্ষেত্র রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ফার্মাসিস্টদের কাজ শুধু ওষুধ কোম্পানিগুলোতে নয়, ওটা তাঁদের কয়েকটি কাজের জায়গার মাত্র একটি। এর বাইরে তাঁদের সরকারি নানা দপ্তর, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, কমিউনিটি ফার্মাসি, শিক্ষকতা, গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রেও নিয়োগ লাভের সুযোগ আছে।ওষুধশিল্প: ওষুধশিল্পের প্রতিষ্ঠানগুলোতে ওষুধের ফর্মুলেশন, উৎপাদন, মান নিয়ন্ত্রণ, মান উন্নয়ন, বিক্রয়-বিপণন ও ওয়্যার হাউসে ফার্মাসিস্টদের কাজ করতে হয়। এ ছাড়া নিয়োগদাতা প্রতিষ্ঠানের হয়ে নানা গবেষণাও তাঁদের করতে হয়।হাসপাতাল: সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন ফার্মাসিস্টরা। এসব প্রতিষ্ঠানের প্রশাসন ও তথ্য বিভাগেও কাজ করতে হয়।সরকারি দপ্তর: সরকারি হাসপাতালগুলোর পাশে ওষুধ প্রশাসন, জনস্বাস্থ্য প্রতিষ্ঠানসহ অনেক সরকারি প্রতিষ্ঠানে রয়েছে ফার্মাসিস্টদের জন্য পদ। সশস্ত্র বাহিনী ও কমিউনিটি ফার্মাসি বিভাগে কাজের সুযোগ আছে।শিক্ষকতা ও গবেষণা: সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফার্মাসি বিষয়ে উচ্চতর কোর্স চালু আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা, গবেষণাসহ প্রশাসনিক কাজেও কাজ করার সুযোগ আছে। উল্লিখিত ক্ষেত্রের বাইরেও নিয়োগ পেতে পারেন ফার্মাসিস্টরা।পড়াশোনা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ চালুর মাধ্যমে ১৯৬৪ সালে বাংলাদেশে ফার্মাসিশিক্ষার যাত্রা শুরু হয়—বললেন অধ্যাপক মো. হাবিবুর রহমান। পরে মোট তিনটি বিভাগের কার্যক্রমের মাধ্যমে জন্ম নেয় ফার্মাসি অনুষদ। এরপর ১৯৮৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স চালু হয়। তবে বর্তমানে পেশাদার ফার্মাসিস্টদের চাহিদার সঙ্গে এ বিষয়ে পড়তে আগ্রহীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ এসেছে। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল সূত্রে জানা যায়, বর্তমানে পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয় ও ২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈধভাবে ফার্মাসি কোর্স চালু হয়েছে। এর মধ্যে ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রয়েছে সাময়িক সনদ এবং একটির প্রাথমিক অনুমোদন রয়েছে।পাবলিক বিশ্ববিদ্যালয়: পাবলিক পাঁচটি বিশ্ববিদ্যালয় হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।বেসরকারি বিশ্ববিদ্যালয়: যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি পড়ানো হচ্ছে: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (চট্টগ্রাম), এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয়, ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।