ফাল্গুনে ভালোবাসার রঙে
বাতাসে বসন্তের পদধ্বনি। ফাল্গুন আনুষ্ঠানিকভাবে পা রাখবে দিন কয়েকের মধ্যে। ফাল্গুনের হাত ধরে আসছে ভালোবাসা দিবসও। তরুণমনে ফাল্গুনের আগাম হাওয়া ভালোবাসার রং লাগিয়েছে। ১৩ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ও পরদিন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পোশাকেও লাগবে সেই রঙের ছটা।এই দুই দিবসকে সামনে রেখে বেশ কিছুদিন আগে থেকেই কর্মমুখর হয়ে উঠেছে নগরের বুটিক হাউজগুলো। পোশাকে বসন্ত ও ভালোবাসার রং লাগাতে বুটিক হাউজে ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীরা। গত মঙ্গলবার বুটিক হাউজগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রবর্তক মোড়ে অবস্থিত মিয়া-বিবিতে কথা হয় নাসিরাবাদ মহিলা কলেজের ছাত্রী শান্তা দেবের সঙ্গে। তিনি বলেন, ‘পয়লা ফাল্গুনে পরার জন্য কাঁচা হলুদ রঙের শাড়ি খুঁজছি, সঙ্গে অন্যান্য সাজ-সরঞ্জামও। বুটিক হাউজগুলোতে সব একসঙ্গে পাওয়া যায় তাই প্রথমে বুটিকগুলোতেই ঢুঁ মারছি।’মিয়া-বিবির কর্ণধার সুলতানা নূরজাহান বলেন, ‘ফাল্গুন ও ভালোবাসা দিবসে তরুণেরাই মূলত আমাদের ক্রেতা। মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখেই শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া সালোয়ার কামিজ ও ভালোবাসা দিবস উপলক্ষে কিছু যুগল পোশাক তৈরি করেছি। ফাগুনে গাছে গাছে নতুন পাতা আসে। সেই কচি পাতার সবুজ রং ও হলুদের মিশেলে ফাগুনের কালেকশন সাজিয়েছি। আর ভালোবাসা দিবসের পোশাকে লালের প্রাধান্য দিয়েছি।’মিয়া-বিবিতে সুতি, হাফসিল্ক, অ্যান্ডি, জামদানির ওপর বিভিন্ন মাধ্যমে কাজ করা শাড়ির দাম পড়বে এক হাজার থেকে ছয় হাজার টাকা। সালোয়ার কামিজ ৯০০ থেকে দুই হাজার ৮০০ টাকা। হালকা কাজ করা পাঞ্জাবি এক হাজার থেকে এক হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে।৪৮ এম এম আলী সড়কে অবস্থিত রওশন বুটিকসের স্বত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার রওশন আরা বলেন, ‘এবার ফাল্গুনে হালকা কাজের শাড়ির সঙ্গে ফুলেল সাজ বা গাঢ় সাজই ট্রেন্ড। এবার হালকা হলুদ, গাঢ় হলুদ শাড়িতে শুধু পাড়ে হালকা কাজ থাকছে।’ রওশন বুটিকস এবার শুধু শাড়িই করেছে। এখানে শাড়ির দাম পড়বে এক হাজার থেকে দেড় হাজার টাকা।ফ্যাশন হাউজ শৈল্পিক এবার ভালোবাসা দিবসকেই প্রাধান্য দিয়েছে। শৈল্পিকের ডিজাইনার এস এম ইলিয়াস বলেন, ‘আমি মূলত ভালোবাসা দিবসকে সামনে রেখেই কাজ করেছি। ভালোবাসার রং যেহেতু গোলাপী তাই আমি এই রঙকেই প্রাধান্য দিয়েছি। বেশ কিছু আকর্ষণীয় যুগল-পোশাকও বাজারে এনেছি আমরা।’শৈল্পিকে বিভিন্ন মাধ্যমে কাজ করা সালোয়ার কামিজ এক হাজার থেকে দুই হাজার ২০০, ফতুয়া ৯০০ ও পাঞ্জাবি দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।জামাল খান পিডিবি অফিসার্স কলোনিতে অবস্থিত আরিয়ান ফ্যাশন হাউজে এক হাজার থেকে দেড় হাজার টাকায় বসন্তের শাড়ি পাওয়া যাচ্ছে। এই ফ্যাশন হাউজের ডিজাইনার আমিনা রহমান বলেন, ‘আমি এবার টাইডাইয়ের কাজ বেশি করেছি। হলুদ, কমলা, লাল, সবুজ বেগুনীর মিশেলে টাইডাই করা কাপড়ে ব্লক ও হাতের কাজ করেছি।’ আফমি প্লাজায় অবস্থিত ঢাকার ১০টি বুটিকসের প্রতিষ্ঠান দেশী দশেও কেনাকাটা বেশ জমে উঠেছে। দেশী দশে কথা হয় গৃহিণী রুবা আক্তারের সঙ্গে। তিনি ১০টি বুটিক ঘুরে ক্লান্ত । তাঁর জন্য একটি শাড়ি ও স্বামীর জন্য পাঞ্জাবি কিনেছেন এবার মেয়ের জন্য কিছু কিনবেন। তিনি বলেন, ‘ফাল্গুনে তেমন কোথাও যাওয়া হয় না। তারপরও ঘরের সবাই রঙিন সাজে সেজে বসন্তকে বরণ করার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে।’