
আমি তখন ক্লাস নাইনের ছাত্র। প্রায়ই দেখতাম আমাদের সেন্ট যোসেফ স্কুলে একটা মেয়ে তার ভাইকে নিয়ে আসত। ভাইটা পড়ত ক্লাস সিক্সে। আর মেয়েটা গার্লস স্কুলে ক্লাস নাইনে পড়ত। আমাদের ক্লাস শুরু হতো সকাল ১০টায়। তাই আমরা আগেভাগে স্কুলে এসে ক্রিকেট খেলতাম। মেয়েটা প্রতিদিন আমাদের খেলা দেখত। আমাদের ক্রিকেট খেলাটা ছিল একটু অন্য রকমের। কোনো দল ভাগ করে খেলা হতো না। শুধু একজন একজন করে যত জোরে পারি বল করার চেষ্টা করতাম। আর ব্যাটসম্যানরা সেই বলগুলোকে সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করত। মেয়েটা যখন আমাদের খেলা দেখত, তখন আমাদের খেলার গতি আরও বেড়ে যেত। তো একদিন আমাদের খেলা চলছে। মেয়েটা তার ভাইকে নিয়ে স্কুলে ঢুকল। কিছুক্ষণ আমাদের খেলা দেখল সে। আমি ইমরানের হাত থেকে বল কেড়ে নিয়ে বললাম, ‘এখন আমি বল করব।’ ইমরানসহ অন্যদেরও ওই সময়ে বল করার ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল ১৬০ কিমি বেগে একটা বল করে সবাইকে তাক লাগিয়ে দেব। আসলে মেয়েটাকে মুগ্ধ করাই ছিল মূল উদ্দেশ্য। দৌড় শুরু করলাম। শরীরের সর্বশক্তি দিয়ে বল করলাম। বলটা ভালোই ছুটল। কিন্তু আমিও তাল সামলাতে না পেরে একেবারে চিতপটাং। হাতে-পায়ে প্রচণ্ড ব্যথা পেলাম। মাটিতে আছড়ে পড়ে শার্টের কয়েকটা বোতামও ছিঁড়ে গেল। কিছুক্ষণ মাঠে পড়ে থাকার পর বন্ধুদের সাহায্যে মাঠের বাইরে এলাম। মেয়েটার দিকে তাকিয়ে দেখি, সে ফিক ফিক করে হাসছে। অপমানে আমার মুখ লাল হয়ে গেল। স্কুলে আমার ক্রিকেট খেলার ওখানেই ইতি।