ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার নগরের বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণ মহড়া এবং জেলা ও উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিনির্বাপণ সরঞ্জামের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফায়ার সার্ভিস সপ্তাহে আমরা বিভিন্ন এলাকায় অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, মহড়া, প্রশিক্ষণ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রদর্শনের আয়োজন করেছি।’ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সকালে নগরের আগ্রাবাদ সিজিও ভবন, জহুর হকার্স মার্কেট, বাকলিয়া সৈয়দ নিটওয়্যার লিমিটেড, বহদ্দারহাট হক সুপার মার্কেট, চকবাজার গুলজার টাওয়ার, সরাইপাড়া অ্যারো জিন্স প্রাইভেট লিমিটেড এবং ভাটিয়ারী আবুল খায়ের স্টিল মিলস লিমিটেড ও আনোয়ারা লিগ্যাসি ফ্যাশন লিমিটিড ভবনের সামনে অগ্নিনির্বাপণ মহড়া হয়।