ফিউশনের নামে যা খুশি তা করার পক্ষপাতী নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় l প্রথম আলো
ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় l প্রথম আলো
সংগীতজীবনের শুরু থেকে আজ অবধি পঞ্চকবির গান নিয়ে আছেন ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এ পর্যন্ত ১২টি অ্যালবাম বেরিয়েছে। কণ্ঠশৈলী ও গায়কিতে রয়েছে নিজস্বতা। সংগীতচর্চার পাশাপাশি একজন লেখক ও গবেষক হিসেবেও পরিচিত। সংগীত বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গির অনেকের চেয়ে ভিন্ন। ১৩ আগস্ট রক্তকরবীর আমন্ত্রণে চট্টগ্রামে গাইলেন পঞ্চকবির গান। এক ফাঁকে কথা হয় প্রথম আলোর সঙ্গে

চট্টগ্রামে প্রথমবার আসা?
হ্যাঁ, প্রথমবারেই মুগ্ধ হয়ে গেছি। পাহাড়, সমুদ্র আর এমন সবুজ গাছপালার শহর দেখে খুব ভালো লাগল। আফসোস হচ্ছে আগে কেন আসিনি। আর এখানকার মানুষের কোনো তুলনা হয় না। সবাই কী ভীষণ আন্তরিক, বলে বোঝাতে পারব না।
এখানকার গানের জগৎ কেমন?
আমি ১২ সেপ্টেম্বর এসেই রক্তকরবীর শিল্পীদের গান শুনেছি। অবাক হয়েছি কম বয়সী ছেলেমেয়েদের প্রতিভা দেখে। আমি কলকাতায় ‘ঋদ্ধি, আ স্টেপ ফর মিউজিক’ নামের একটি সংগঠন করেছি। গান নিয়ে গবেষণা ও নতুন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য পুরস্কৃত করি আমরা। এ বছর তিনজন তরুণকে পুরস্কার দিচ্ছি মৌলিক কণ্ঠ আর গায়কির জন্য। তো কাল এখানে গান শুনে রক্তকরবীর শিল্পী পূরবী বড়ুয়াকে আমি মঞ্জু গুপ্ত স্মৃতি পুরস্কারের জন্য মনোনীত করেছি। ওর মতো নবীন প্রতিভা কলকাতায় দেখিনি।
পঞ্চকবির গান নিয়ে ভাবনা
রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, ডি এল রায় বা রজনীকান্তের গান এ প্রজন্মের শ্রোতারাও যাতে শোনে, আমি সেটাই চাই। অনেকে ষাটের দশকের মতো চিপে চিপে গান করেন। তাঁরা একধরনের নির্দিষ্ট ম্যানারিজমের (ঢং) মধ্যে নিজেদের বন্দী করে রেখেছেন। এঁদের গান তরুণেরা কেন শুনবে? তার চেয়ে তো অনুপম রায় ঢের ভালো। অজয় চক্রবর্তী ও কৃষ্ণা চট্টোপাধ্যায়ের ছাত্রী আমি। কিন্তু তাঁদের মতো গান আমি গাইব কেন? তাঁদের নকলই যদি করি, তবে গান গাওয়ার অর্থ কী। তাই আমি অকৃত্রিমভাবে গাওয়ার পক্ষপাতী। আসল কথা, পঞ্চকবির গান বাঁচাতে হলে তরুণদের কাছে পৌঁছাতে হবে। তাই বলে ফিউশনের নামে যা খুশি তা করার পক্ষপাতী নই আমি।
এখন কী করছেন?
এখন পঞ্চকবির জীবনের নানা দিক নিয়ে শুনাও তোমার অমৃতবাণী নামের একটি বইয়ের কাজ করছি। এই ডিসেম্বরেই বইটি বের হবে। এখনকার তরুণেরা অনেক কিছু জানতে পারবে বইটি পড়ে। এ ছাড়া আমি কলকাতার পতিতাপল্লির শিশুদেরও গানের তালিম দিচ্ছি। তাদের নিয়ে ‘সংস্ট্রেস’ নামের একটা গীতি-আলেখ্য করেছি। সেটারও মঞ্চায়ন হচ্ছে। সুফি গানের আঙ্গিকের সঙ্গে মিশিয়ে পঞ্চকবির নাম নিয়ে নতুন কিছু করতে চাইছি। এ নিয়ে গোয়ার স্টিভ গঞ্জালেজের সুফি ব্যান্ডের সঙ্গে কাজ করছি। নিরীক্ষা ছাড়া সামনে এগোব কী করে? 
সাক্ষাৎকার : আহমেদ মুনির