ফিজিকস অলিম্পিয়াডের চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত
পঞ্চম ডিবিবিএল বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় পর্ব ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান আরশাদ মোমেন এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রায় এক হাজার শিক্ষার্থী তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।
‘এ গ্রুপে’ নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আহমেদ নাফিস, ‘বি গ্রুপে’ চট্টগ্রাম সরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র অদ্রি দাশ এবং ‘সি গ্রুপে’ চিটাগাং গ্রামার স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র দিব্য তনয় ভট্টাচার্য প্রথম হয়। এ তিনজন ছাড়াও প্রতি গ্রুপ থেকে ২০ জনকে পুরস্কৃত করা হয়। আয়োজনের প্রথম পর্বে সকাল নয়টায় প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে। পরীক্ষা শেষে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে।
বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী নুরুল কবির বলেন, সারা দেশের ৭২০ জন প্রতিযোগী নিয়ে ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিকস অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ফিজিকস অলিম্পিয়াড চট্টগ্রাম বিভাগীয় আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষÿ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম। অতিথিদের ছিলেন মশিউর রহমান, এ কে এম মুমিনুল হক মিয়াজি, মো. নাসিম হাসান, অঞ্জন কুমার চৌধুরী, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব প্রমুখ। বিজ্ঞপ্তি।