পোশাকটা নিজের পছন্দেই পরেন। নিজের কেশসজ্জা নিয়েও বেশ খুশি। এই হলেন এনামুল হক বিজয়, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। আজ থাকছে তাঁর




স্টাইল বেলা সাড়ে ১১টা।বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ক্রিকেটার এনামুল হক বিজয় হাজির। হঠাৎই কুয়াশার চাদর কেটে বেরিয়ে এল চনমনে রোদ। এনামুলের হাসির সঙ্গে রোদের তেজও বাড়তে থাকল ক্রমেই। আলোকচিত্রীর সামনে ছবির পোজ দিতে দিতে উৎকণ্ঠিত চোখে প্রশ্ন করেন, ঠিকঠাক ছবি উঠছে তো?ছবি তোলার সময় মুখে লেগে থাকা হাসিটা মিলিয়ে যেতে দেন না। হাসতে হাসতেই আলোকচিত্রীকে বলেন, ‘ছবি তো ভালোই হচ্ছে মনে
হয়, চেহারা তো খারাপ না, তাই না!’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এ খেলোয়াড়ের পছন্দের শেষ নেই। তিনি বলেন, ‘পোশাকটা নিজের পছন্দেই পরি। অনুষ্ঠান এবং পরিবেশের সঙ্গে মানানসই হওয়া চাই। যেমন বাসায় থাকলে থ্রি-কোয়ার্টার প্যান্ট আর টি-শার্ট, বাইরে বের হলে জিনস, টি-শার্ট বা শার্ট বেছে নিই। জিনসের পাশাপাশি গ্যাবার্ডিনের প্যান্টও পরি মাঝেমধ্যে। নীল রঙের জিনস পরা হয় বেশি।’ এনামুলের পছন্দের রং সাদা-কালো হলেও অন্যান্য রঙের পোশাকও পরেন।
পছন্দের পোশাকের তালিকায় পাঞ্জাবিও রয়েছে। পাঞ্জাবির ব্র্যান্ডের কথা জানতে চাইলে হাসেন। ‘আমি পাঞ্জাবি কিনি চট্টগ্রাম থেকে। ওখানে আমার এক বন্ধু আছ ওর সঙ্গে গিয়ে কিনে আনি। বিশেষ পছন্দের কোনো ব্র্যান্ড নেই।’ পোশাকের সঙ্গে মানানসই জুতা পরেন তিনি। বেশির ভাগ সময় কেডসই পরা হয় তাঁর। মাঠে অনুশীলনের সময় তো পরেনই, মাঝেমধ্যে বাইরে যেতেও পরেন। কনভার্স ও স্যান্ডেলও পোশাকের সঙ্গে বেছে নেন। বিশেষ অনুষ্ঠানে স্যুট-ব্লেজারের সঙ্গে মানিয়ে যায় এমন জুতা পরেন। এ তো গেল পোশাক ও জুতার কথা। এবার শোনা যাক তাঁর শখের কথা। এনামুল হক ঘড়ি সংগ্রহ করেন। একেক পোশাকের সঙ্গে একেক রকম ঘড়ি পরেন। গাড়ি নিয়ে বের হলে রোদচশমা পরতেও ভুল হয় না তাঁর। কেনাকাটা করতে পছন্দ করেন এনামুল। নিজের তো বটেই, পরিবারের কেনাকাটাও তিনি করেন। মাথার চুল নিয়ে বিজয়ের উচ্ছ্বাসটাও দেখার মতো! ‘আমার চুলের স্টাইল নিজের খুব প্রিয়। নিয়মিত চুলের যত্ন করি।’ বিজয়ের হাসিতে সেই উচ্ছ্বাসটা আমরাও টের পেলাম।