ফিটফাট শার্ট
ঢিলেঢালা আর কোমরের নিচে খানিকটা নামানো শার্টের চল এখন কম। এর বদলে স্লিমফিটেড ও কোমর সমান শার্টই বেশি দেখা যাচ্ছে। ক্যাজুয়াল তো বটেই, ফরমাল বা এক্সিকিউটিভ শার্টগুলোও এখন হচ্ছে স্লিমফিট। স্ট্রাইপ, জ্যামিতিক নকশা, একরঙা—সব ধরনেই তৈরি হচ্ছে এসব শার্ট।ফ্যাশন হাউস ওটুর নির্বাহী পরিচালক আসিফ ইবনে মান্নান জানালেন, এই শার্টগুলোকে টিউন ফিট শার্টও বলা যায়। যেহেতু আঁটসাঁট ফিটিং, তাই আরামের জন্য সুতি কাপড়ে তৈরি করা হয় এগুলো।এ ধরনের শার্টের সঙ্গে পরতে পারেন লো কাট বা ন্যারো শেপের প্যান্ট। সেটা জিনস বা গ্যাবার্ডিন কাপড়ের তৈরি হতে পারে। একটু উঁচু হিলের জুতা বা স্নিকারের সঙ্গে ভালো মানায়। স্যান্ডেলের সঙ্গে এই শার্ট তেমন মানায় না।স্লিমফিট শার্ট পরলে চুলের স্টাইলের দিকেও খেয়াল রাখুন। কারণ শার্ট আঁটসাঁট হওয়ায় মুখের দিকে নজরটা বেশি পড়ে। চুল হবে আঁচড়ানো পরিপাটি। জেল দিতে পারেন। স্লিম শার্ট একধরনের ফরমাল শার্টই। তবে পরার পর তাতে কোনো কুঁচি বা ভাঁজ দেখা যাবে না। এ কারণে ভারী স্বাস্থ্যের অধিকারীদের এই শার্টে মানায় না।রিচম্যানের পরিচালক ও ডিজাইনার নাইমুল হক খান জানালেন, কর্মক্ষেত্রে পোশাকে সহকর্মীদের থেকে অনেকেই একটু আলাদা থাকতে চান এবং চলতি ফ্যাশন অনুসরণ করে নিজেকে অন্যদের চেয়ে ভিন্নভাবে ফুটিয়ে তোলেন। এমন ক্রেতাদের কথা চিন্তা করে ফ্যাশন হাউস রিচম্যান এনেছে স্লিমফিট করপোরেট শার্ট। গরম আবহাওয়ায় করপোরেট শার্টকে আরামদায়ক করতে শতভাগ সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। একস্ট্যাসির প্রতিষ্ঠাতা ও ফ্যাশন ডিজাইনার তানজিম আশরাফুল হক বলেন, মূলত পাশ্চাত্যের সঙ্গে মিল রেখে দেশীয় ছাঁচে তৈরি হচ্ছে অধিকাংশ শার্ট। স্বচ্ছন্দেই স্লিমফিটেড শার্ট বেছে নিচ্ছে তরুণেরা।