ফিডারের যত্নে
শিশুদের ফিডারে করে খাওয়ানোর ব্যাপারে সতর্ক করেন অনেক বিশেষজ্ঞ। তবে কোনো শিশু বুকের দুধ না পেলে বা খেতে না পারলে সে ক্ষেত্রে ফিডার দেওয়া যেতে পারে। তবে ফিডারটি অবশ্যই সঠিকভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নিতে হবে। জেনে নিন এর পদ্ধতি। জন্মের পরপরই শিশুদের ডায়রিয়া ও বমির জন্য যে ভাইরাসটি দায়ী, তার নাম হলো রোটা ভাইরাস। অপরিষ্কার ফিডার ও নিপলের মাধ্যমে এটি ছড়াতে পারে। শিশু বুকের দুধ খেতে না পারলে দুধ বাটি, চামচ দিয়ে খাওয়াতে পারেন। এ ক্ষেত্রে বাটি, চামচ রাখতে হবে জীবাণুমুক্ত। আর ফিডারের যত্নে কিছু সতর্কতা মেনে চলতে পারেন। ফিডারের দুধ খাওয়া শেষ হয়ে গেলে যত দ্রুত সম্ভব ফিডার ধুয়ে ফেলতে হবে। ফিডারে দুধ পরিমাণে বেশি থেকে গেলে ফেলে না দিয়ে তা ফুটিয়ে রাখুন। ফুটিয়ে পরিষ্কার পাত্রে বা ফ্লাস্কে বা হট পটে রাখতে পারেন (তবে এই শর্ত মায়ের দুধের জন্য প্রযোজ্য নয়)। কৌটার গুঁড়া দুধ ও গরুর দুধ ফুটিয়ে রাখা যায়। ফিডারের অবশিষ্ট দুধটাকে ওভেন বা চুলাতে একটা বলক দিয়ে রাখতে হবে। এভাবে বলক দেওয়া দুধ দু-এক ঘণ্টা ভালো থাকে। এই দুধ পরে বাচ্চাকে খাওয়ানো যাবে। আপনার কাছে গন্ধ মনে হলে সেটা আর বাচ্চাকে খাওয়াবেন না। ফিডার ও নিপল দুটোই পরিষ্কার করার জন্য আলাদা ব্রাশ পাওয়া যায়। ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে, নিপলের ওপরে ঢাকনা দিয়ে রাখুন। নিপল কখনোই খোলা রাখবেন না। ফিডার প্রতিদিন দুইবার গরম পানিতে ফুটাবেন। এতে রোগ-জীবাণু সব মারা যাবে। জীবাণুমুক্ত করার জন্য ফিডার প্রথমে তরল সাবান, গুঁড়া পাউডার বা ফিডার পরিষ্কারক তরল দিয়ে ব্রাশের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করুন। এর পরে ফিল্টারের পানি বা ফুটানো ঠান্ডা পানিতে শেষবার ধুয়ে ঢাকনা লাগিয়ে রাখুন। এই ফিডারে আপনার সন্তানকে খাওয়ানো যাবে। আর ফিডার ফুটানোর আগে অবশ্যই পরিষ্কারক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দুধ লেগে থাকা ফিডার পানিতে ফুটাবেন না। নলকূপের, ফিল্টারের বা ফুটানো ঠান্ডা করা পানিতে ফিডার ফুটাতে হবে। কলের পানিতে ফুটানো অনুচিত। কারণ, কল থেকে সরাসরি যে পানি আসে, তাতে রোগ-জীবাণু থাকার আশঙ্কা থাকে। তাই যে বাসায় ছোট শিশুরা ফিডার খায়, সে বাসায় পানি ফুটিয়ে খাওয়া ভীষণ জরুরি। এক ফিডারেই বারবার দুধ খাওয়ালে তা পরিষ্কার রাখা মুশকিল। তাই এক বেলা একটি ফিডারে দুধ খাওয়ালে পরের বেলা জীবাণুমুক্ত পরিষ্কার অন্য একটি ফিডারে দুধ খাওয়ান। প্রতিটি ফিডারের নিপল তিন থেকে চার মাস পরেই বদলে ফেলুন। আর ফিডার ব্যবহার করুন সর্বোচ্চ এক বছর পর্যন্ত। খেয়াল রাখুন, ফিডারের গায়ে ছেপে দেওয়া দুধ পরিমাপের দাগগুলো মুছে না যায়। কারণ, দুধের কৌটাতে যে চামচ থাকে, তার সঙ্গে ফিডারের পরিমাপক দাগগুলোর যথেষ্ট যোগাযোগ রয়েছে।একেক বয়সের শিশুর জন্য একেক পরিমাপের দুধ বানাতে হয়। দুধ বানানো জানার জন্য দুধের কৌটার গায়ে নির্দেশাবলি ভালোভাবে পড়ুন। নির্দিষ্ট বয়সের শিশুর জন্য নির্দিষ্ট পরিমাণে গুঁড়া দুধ ও পানি ব্যবহার করতে হয়। তা না হলে পানিশূন্যতা বা পেট খারাপ হতে পারে। বাজার থেকে কিনে এনেই ফিডার ব্যবহার করবেন না। ফিডার, নিপল, ঢাকনা—সবকিছু গরম পানিতে ফুটিয়ে ঠান্ডা করে তা দিয়ে শিশুকে খাওয়ান। ফুটানো ফিডার সঠিকভাবে ঠান্ডা করুন। তা না হলে গরম ফিডারে শিশুর ঠোঁট পুড়ে যেতে পারে।ফিডার ও নিপল কেনার সময় ভালো কোম্পানি, পণ্যের মেয়াদ দেখে কিনুন। আজকাল বিভিন্ন রকম কার্টুনের ছবি দেওয়া ফিডার কিনতে পাওয়া যায়। এ ধরনের ফিডার কিনতে পারেন। এতে শিশুর খাবারের প্রতি আকর্ষণ বাড়বে। তবে কখনোই জোর করে খাওয়াবেন না। ফিডার পরিষ্কারকের গায়ে মেয়াদ লেখা থাকে। অবশ্যই মেয়াদ দেখে কিনুন। ব্রাশগুলোও প্রায়ই পরিষ্কারক দিয়ে ধুয়ে পানি শুকিয়ে নিন। দুধের গন্ধ লেগে থাকলে এতে ক্ষুদ্র পোকামাকড় বা তেলাপোকাও লাগতে পারে। ফিডার ও নিপলের ব্রাশ পরিষ্কার করার পরে শুকিয়ে ঢাকনাওয়ালা বক্সে ভরে রাখুন। এতে পোকামাকড়ের ভয় থাকবে না। বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন মাপের ও আকারের ফিডার থাকে। তাই বয়স বুঝে ফিডার কিনুন। ফিডারের দুধ গরম রাখার জন্য হট পট কিনতে পারেন। দুধসহ ফিডার রাখতে পারেন এই হট পটে। তবে প্রতিবার বাচ্চাকে খাওয়ানোর আগে খেয়াল রাখুন, যেন দুধ গরম থাকে এবং গন্ধ না হয়। ফিডার ও নিপল পরিষ্কার করার জন্য ব্রাশগুলোও দীর্ঘদিন ব্যবহার করবেন না। ১০-১২ মাসের বেশি হয়ে গেলে ব্রাশগুলো বাতিল করুন। এই বাতিল ব্রাশগুলো বাসার কোনো কাজে লাগাতে পারেন। যেমন: চিরুনি, বেসিন পরিষ্কার বা মেঝের কোনাতে বড় ব্রাশ যেখানে ঢোকানো সম্ভব হয় না, সেখানে ফিডারের ছোট ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। ফিডারে দুধ খাওয়ানোর জন্য ফ্লাস্কে রাখবেন ভালোভাবে ফুটানো গরম পানি। ফ্লাস্কের ভেতরে তরল পরিষ্কারক দিয়ে ধুয়ে তারপরে গরম পানি রাখুন। ফ্লাস্কের ঢাকনা, ফ্লাস্ক রাখার স্থান বা টেবিলটাও রাখুন পরিষ্কার-পরিচ্ছন্ন। যেসব শিশু মায়ের দুধের পরিবর্তে ফিডার খায়, তাদের পেট খারাপ হওয়ার আশঙ্কা থাকে বেশি। তাই অবলম্বন করতে হবে যথেষ্ট সতর্কতা। কারণ, অনেক সময় বাচ্চাদের ডায়রিয়া হয়, যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ফিডার, নিপল, ফ্লাস্কের মুখে মাছি বা তেলাপোকা বসলেও বাচ্চাদের ডায়রিয়া বা বমি হতে পারে। কারণ, মাছি তার পাখায় কয়েক হাজার জীবাণু বহন করে বেড়ায়, তেলাপোকা বাথরুমের কমোডেও যায়, তাই বিশেষ সতর্ক থাকুন।পরিবারের সামান্য কিছু সতর্কতা শিশুকে দেবে রোগমুক্ত জীবন।লেখক: চিকিৎসক