ফিতাওয়ালা ফতুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিন্স বা গ্যাবারডিনের প্যান্টের সঙ্গে ফতুয়া এখন তরুণীদের পছন্দের ফ্যাশন। ইদানীং কামিজ ধাঁচের লম্বা ফতুয়ার পাশাপাশি দেখা যাচ্ছে নানা রকম ফিতা দিয়ে ডিজাইন করা ফতুয়াগুলো। এগুলো আবার অনেকটা ফ্রকের মতো দেখায় বলে একে কুর্তিও বলা হয়। ফ্যাশন হাউস আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই বলেন, ‘কিছুদিন আগেও আমাদের দেশে অপেক্ষাকৃত লম্বা ফতুয়ার চল ছিল। সম্প্রতি পশ্চিমা ফ্যাশনের বদৌলতে অপেক্ষাকৃত ছোট ফতুয়ার দিকে ঝুঁকেছিল ফ্যাশন-সচেতন মেয়েরা, যাকে আমরা টপ বলি। আর এই টপস ঘরনার ফতুয়ার সঙ্গে ফিতা জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে আলাদা এই ডিজাইন। এতে পশ্চিমা ফ্যাশনটি দেশীয় আমেজে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। বিশেষ করে পশ্চিমা স্টাইলের সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে দেশীয় রং, মোটিফ আর কাপড়।’ দুই ধারার ডিজাইনের এই মেলবন্ধন ফ্যাশনজগতে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমি ফিতার ব্যবহার করেছি নতুন ডিজাইনের ফতুয়া তৈরির ইচ্ছা থেকে। এতে মেয়েরা ফতুয়ার পাশাপাশি অপেক্ষাকৃত লম্বা ঝুলের কামিজ হিসেবে ব্যবহার করতে পারবে এটিকে।’ যেখানে যেমনফ্যাশন হাউস চিলেকোঠার ডিজাইনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানালেন, এ ধরনের ফতুয়ায় ফিতার ব্যবহার করা হয়েছে কয়েক জায়গায়। কোমরের পেছন থেকে ফিতা ঝুলে থাকে। আবার কিছু ফতুয়ার পেটের অংশটির ভেতরে ফিতা থাকে। ফতুয়ার এই ফিতাগুলো প্রয়োজনমতো ছোট-বড় করে ফতুয়ার প্রস্থ বাড়ানো বা কমানো যায়। আর এই ব্যাপারটিই এ ফতুয়ার জনপ্রিয়তার অন্যতম কারণ বলে তিনি মনে করেন। কোনো কোনো ফতুয়ায় সৌন্দর্য বাড়ানোর জন্য এক পাশে ফিতা ঝুলিয়ে ডিজাইন করা হয়। আবার কোনো কোনো ফতুয়ার হাতে এবং গলার কাছে ফিতা ঝোলানো থাকে। এ ছাড়া কখনো কখনো ফিতা দিয়ে তৈরি করা ফুলের ব্যবহার দেখা যায় এই ফতুয়াগুলোতে। এসব ফতুয়ায় পাশ্চাত্য এবং দেশি দুই স্টাইলের ফিউশন করা হয়েছে।যাদের জন্য এই ফতুয়াফতুয়ার কদর মূলত কলেজ এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েদের মধ্যেই বেশি। তবে কর্মজীরী নারী, যাঁরা নিয়মিত অফিস করেন, তাঁরাও এসব পরতে পারেন। আড়ং এনেছে ‘এক্সিকিউটিভ ফতুয়া’। এতে ফিতা ব্যবহার করে টাইয়ের মতো আকার দেওয়া হয়েছে ফতুয়ার সামনের অংশে। কোথায় মিলবেআড়ং, কে ক্রাফট, নন্দন কুটির, চিলেকোঠা, দেশাল, কল্পতরু, মেঠোপথ ছাড়াও রাজধানীর বিভিন্ন বুটিক হাউসে পাবেন এসব ফতুয়া। দরদাম বুটিক হাউস ভেদে ফতুয়ার দামেও রয়েছে পার্থক্য। আড়ংয়ের ফিতাওয়ালা সুতি ফতুয়ার দাম পড়বে ৫৫০-৭৭৫ টাকা। আর সিল্কের ফতুয়ার দাম ১০০০-১২০০ টাকার মধ্যে। এ ছাড়া সুতি কাপড়ের কুর্তির দাম পড়বে ৭৫০-১০০০ ও এক্সিকিউটিভ ফতুয়ার দাম ৬০০-৭৭৫ টাকা। কে ক্রাফটের ফিতাওয়ালা ফতুয়াগুলো পাওয়া যাবে ৬৫০-৯০০ টাকার মধ্যে। ফ্যাশন হাউস চিলেকোঠায় এই ফতুয়ার দাম ৮০০-৯০০ টাকার মধ্যে। এ ছাড়া দেশাল, কল্পতরু, মেঠোপথের ফতুয়াগুলোর দামও ৩৫০-৫৫০ টাকার মধ্যে।