ফিদা হুসেনের একটি স্কেচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে সে বিকেলে আচমকা ঝেঁপে বৃষ্টি নেমেছিল। ফেব্রুয়ারি মাসে এ রকম অমৌসুমি বৃষ্টি একেবারেই অপ্রত্যাশিত। নিউ মেরিন লাইনসের সুপ্রাচীন লিবার্টি থিয়েটার হলটির সামনের পার্কিং লটে নির্বিবাদে ভিজছে দু-একটা গাড়ি। লিবার্টি হলে সিনেমার নিয়মিত প্রদর্শনী ছাড়াও মাঝেমধ্যে প্রিমিয়ার শো হয়, তবে সেদিন কোনো প্রিমিয়ার শো ছিল বলে মনে হয় না। থাকলে আরও বহু গাড়ি আর ভিআইপির সমাগম হতো সেখানে। আমাদের অফিসটি লিবার্টি ভবনের নিচতলায়। অফিসের একজন এসে খবর দেয় যে ওপর তলায় ওঠার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছেন মকবুল ফিদা হুসেন, বৃষ্টিতে আটকে গেছেন মনে হয়। পাশের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির নিচেই পাওয়া গেল তাঁকে—নগ্ন পা, ফুট দুয়েক লম্বা তুলি-ব্রাশ হাতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে উদাস নয়নে বৃষ্টি দেখছেন। অসময়ের বৃষ্টি ক্যানভাসের গায়ে ফুটিয়ে তোলার জন্য কী কী উপাদান লাগে, সে সবই দেখছিলেন বোধ করি। কাছে গিয়ে সালাম দিতে যেন ঘোর ভাঙে তাঁর। বলি, ‘এখানে দাঁড়িয়ে থাকবেন কেন, আমার অফিসে এসে বসতে পারেন।’ এটা যে ব্যাংক, তা নিশ্চয়ই বিশাল সাইনবোর্ড দেখে জানা ছিল তাঁর, তা না হলে মজা করে কেন বলবেন, ‘লোন-উন কুছ মিলেগা?’ ব্যাংকাররা কখনো না বলতে শেখেনি, আর ফিদা হুসেনকে না বলার তো প্রশ্নই ওঠে না। বলি, ‘কেন পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে।’অবিন্যস্ত চুলের, কোঁচকানো শার্ট গায়ে বিশাল এই শিল্পী আমাকে অবাক করে বিনা বাক্য ব্যয়ে আমার সঙ্গে চলে এসেছিলেন মেজানিন ফ্লোরের ছোট্ট অফিসটিতে। এর আগেও হুসেনের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল কয়েকবার। প্রথমবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল সিসিআই (ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া) ক্লাবে। সাদা লুঙ্গি পরে ক্লাবের বারান্দায় বসেছিলেন একা, হাতে সেই লম্বা তুলি-ব্রাশ, পায়ে অনভ্যস্ত ক্যানভাসের জুতা। খালি পায়ে এসব জায়গায় ঢোকা যায় না বলে রিসেপশন থেকে নিশ্চয়ই জুতা পরিয়ে দেওয়া হয়েছে। ক্যালকাটা ক্লাবে নাকি নগ্ন পায়ে থাকায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি ভেতরে। তাঁর শ্মশ্রুমণ্ডিত চেহারার পেছনে সবুজ মাঠের ব্যাকগ্রাউন্ড, পেছনে গ্যালারির রৌদ্রছায়ার জ্যামিতিক নকশা—ফটোগ্রাফির চমৎকার সিল্যুয়েটের বিষয়। আজ অনুশোচনা হয় সঙ্গে ক্যামেরা ছিল না বলে। ছোট্ট ক্রিকেট স্টেডিয়ামের পাশে ক্লাবের খোলা বারান্দায় সাদা পোশাকে সন্তের মতো বসেছিলেন বহু ঘটনার নায়ক, মুম্বাইয়ের চালু ভাষায়, এম এফ হুসেন। শেষবার তাঁর সঙ্গে দেখা মীনাক্ষী ছবি দেখতে গিয়ে। বহুল আলোচিত ও সমালোচিত গজগামিনীর পর তিনি কেন মীনাক্ষী তৈরি করেছিলেন, জানি না। গজগামিনীর প্রেস শো দেখতে গিয়ে অনেক বিশিষ্ট লোক নাকি ছবিটি পুরো না দেখে বের হয়ে যেতে চেয়েও তাঁর সামনে দিয়ে যেতে হবে বলে বেরিয়ে যেতে পারেননি শুধু চক্ষুলজ্জায়। অফিসে এসে বসার পর অবধারিতভাবে প্রথমে আসে পানি, এটা মুম্বাইয়ের প্রথা। তারপর চা। মূল দরজার কাচের বাইরে তখনো বৃষ্টি ঝরে যাচ্ছিল নিঃশব্দে। আমার ঠিক সামনের চেয়ারে হুসেন, কী কথা বলব বুঝে উঠতে পারছি না। এটা ২০০০ সালের কথা, গজগামিনী হয়তো তখনো শিল্পীর মাথায় নেই, অথবা আছে, আমার মতো অর্বাচীনের জানার কথা নয়। মীনাক্ষী তো আরও অনেক পরের ছবি। আলাপ যেকোনো একটা জায়গা থেকে শুরু করতে হয়। আমি বলি, ‘আমি তো বাংলাদেশের মানুষ, আমাদের ওখানে আপনার সম্পর্কে শিল্পসচেতন মানুষের যথেষ্ট কৌতূহল আছে।’হুসেন চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করেন তাঁর বাল্যকাল ও শৈশব নিয়ে। জানতাম না, ছোটবেলায়ই হুসেনের মা মারা গিয়েছিলেন। তাঁর সঙ্গে যখন একান্তভাবে দেখা হয়, তখন তাঁর বয়স ৮৫ বছর। আচমকা আমার মতো লোকের সামনে তাঁর শৈশবের স্মৃতি তুলে ধরার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছিলাম না। অনেকের হয়তো জানা নেই, হুসেনের বাচনভঙ্গি অনেকটা বিড়বিড় করার মতো, চার ফুট দূরত্বে থেকেও কান খাড়া করে রাখতে হচ্ছিল। তাঁর সেই বিড়বিড় করা কথার ভেতর থেকে অনেক কথা আজ হারিয়ে গেছে, তবু তাঁর অল্প বয়সের কষ্টের স্মৃতি অযাচিতভাবে তিনি বলে ফেলেছিলেন সেই বৃষ্টিভেজা বিকেলে। যৎসামান্য টাকার বিনিময়ে সিনেমার বিলবোর্ড এঁকে যাঁর শিল্পীজীবনের শুরু, সেই হুসেন পৃথিবীর বেঁচে থাকা শিল্পীদের মধ্যে সবচেয়ে দামি শিল্পী হয়ে উঠছেন তখন। তত দিনে বহু বিতর্কের জনক তিনি, হাতে দীর্ঘ তুলি নিয়ে নগ্ন পায়ে চলাফেরা, যেকোনো সরকারি কাজ তাঁকে দিয়ে করানো—সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে একটা স্টান্টবাজির অভিযোগ সব সময় ভেসে বেড়াত মুম্বাইয়ের শিল্পীমহলে।দ্বিতীয় কাপ চা যখন আসে, তখনো সেই একই প্রসঙ্গ, সেই কষ্টের জীবনের কথা, সেই সংগ্রামের বর্ণনা। তাঁর প্রথম জীবনের সেসব কথা শিল্পরসিক মহলের অনেকেরই জানা। নতুন করে, তাঁর জবানিতে বলার কিছু নেই। বৃষ্টি থেমে গেছে বেশ কিছুক্ষণ হয়। তিনি উঠি উঠি করলে একটা খাতা খুলে বলি, ‘এখানে কিছু লিখে দিলে ভালো হয়।’ তিনি একটা সাইনপেন নিয়ে দ্রুত হাতে এঁকে ফেলেন ছোট একটা উড়ন্ত পাখি, তার ঠিক ওপরে ওড়ার ভঙ্গিতে এক নারীর ছবি, আঁচল উড়ছে ডানার মতো। তারপর নাম সই করলেন তিন ভাষায়—গুজরাটি, ইংরেজি ও বাংলায়। রুলটানা খাতার পাতার ছবিটা দেখি আর ভাবি, এটা তো তবুও খাতার পাতা, পিকাসোর একটা ছবি দেখেছিলাম প্রদর্শনীতে, কোনো একটা হোটেলের প্যাডে আঁকা।[email protected]