ফিনলে স্কয়ারে কেনাকাটা জমজমাট

বিপণিকেন্দ্রে ফিনলে স্কয়ার। নিচ থেকে চারতলা পর্যন্তই ক্রেতার ভিড়। কেউ পোশাকের দোকানে, কেউ গয়না দেখায় ব্যস্ত। অনেকে দলবেঁধে খেতে ছুটছেন ফুডজোনে। এই চিত্র মঙ্গলবার রাতের। ঈদ ঘনিয়ে আসতেই এই বিপণিকেন্দ্র জমে উঠেছে কেনাকাটা।
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় ২ জুন উদ্বোধন হয় বিপণিকেন্দ্র ফিনলে স্কয়ার। অল্পদিনের মধ্যে জমজমাট হয়ে উঠেছে। এই বিপণিবিতানের এক ছাদের নিচেই পাওয়া যাচ্ছে পোশাক, জুয়েলারি সামগ্রী, ইলেকট্রনিকস পণ্য। রয়েছে খাবারের দোকান।
নগরের আগ্রাবাদ থেকে স্ত্রী ও সন্তানদের কেনাকাটা করতে আসেন বেসরকারি চাকরিজীবী আবদুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে এক ছাদের নিচে সব বয়সী মানুষের পোশাক, সাজসজ্জার সামগ্রীসহ সব পাওয়া যায়। এ কারণে পরিবার নিয়ে এসেছি।’
নিচতলার একটি দোকান থেকে পাঞ্জাবি কিনেছেন রাঙ্গুনিয়া উপজেলা থেকে আসা তরুণ মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘অনেকের কাছে নতুন মার্কেটটির নাম শুনেছি। দোকানগুলোতে পোশাকের বৈচিত্র্যও রয়েছে।’
প্রথম তলায় রয়েছে ছেলেদের পোশাকের দোকান, দোতলায় শাড়ি, থান কাপড় ও লেডিস টেইলার্স, তৃতীয় তলায় মেয়েদের তৈরি পোশাক, জুয়েলারি, ঘড়ির ও জুতার দোকান, চারতলায় পুরুষ ও শিশুদের তৈরি পোশাক, চামড়াজাত ও শিশুর খেলনাসামগ্রীর দোকান। পঞ্চম তলায় ইলেকট্রনিকস ও মুঠোফোনের দোকান এবং ষষ্ঠ তলায় রয়েছে ফুডজোন।
চারতলার বেবি বাজার থেকে পাঁচ বছর বয়সী ছেলের জন্য পোশাক কিনছিলেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘ঈদে গরম থাকবে, তাই বাচ্চার জন্য আরামদায়ক কাপড়ের পোশাক খুঁজছি।’
চারতলায় অবস্থিত রিয়েল মার্ক নামের একটি দোকানের মালিক রফিকুল কাদের বলেন, নতুন মার্কেট হিসেবে ক্রেতাদের ভালোই সাড়া পাওয়া গেছে। প্রথম দিকে ভিড় একটু কম থাকলেও এখন প্রতিদিনই ভিড় বাড়ছে।