জনাব জিয়ান্নি ইনফান্তিনো,
এই দুনিয়া আসলেই আজব জায়গা। তার চেয়েও আজব জিনিস হইল আপনে আর আপনের ফিফা। কথা নাই, বার্তা নাই, গালির অভিযোগে একজন ফুটবলাররে চার ম্যাচ নিষিদ্ধ কইরা দিলেন! তাও আবার মেসির মতো মাসুম একটা ফুটবলাররে! এই ব্রেন নিয়া আপনে কেমনে ফিফার প্রেসিডেন্ট হইলেন, সেইটাই আমার ব্রেনে ঢোকে না।
শোনেন মিস্টার জিয়ান্নি, কপাল ভালো যে আপনের দেশের বাড়ি নারায়ণগঞ্জের বদলে ইতালিতে গিয়া পড়ছে। তা না হইলে এতক্ষণ আপনারে শীতলক্ষ্যা নদীর নিচে যে অপার সৌন্দর্য লুকায়া আছে, সেগুলা দেখায়া আনতাম। আপনে হয়তো জানেন না, বাংলাদেশে এখন সাবমেরিন আছে। তাও আবার একটা না, দুই-দুইটা। এইখানে আসলে আপনারে সাবমেরিনে চড়াইয়া ঘোরানোর ইচ্ছা ছিল। আর আমার গালির ফুল কোর্সও শুনায়া দিতাম। তখন বুঝতে পারতেন, হোয়াট ইজ গালি, গালি কত প্রকার অ্যান্ড কী কী।
যা-ই হোক, একটা কথা ভালোমতো শুইনা রাইখেন, মেসি আমার ফেবারিট ফুটবলার। সে গালি দেওয়া শিখে নাই। আর গালি দিলেই বা কী হইছে! গালি তো লাইফেরই পার্ট। সঠিক এবং স্বাস্থ্যসম্মতভাবে গালি দেওয়াও একটা শিল্প। সবাই এই শিল্পের ডেডিকেটেড শিল্পী হইতে পারে না। আপনের উচিত ছিল, মেসিকে পুরস্কার দেওয়া। তার বদলে আপনি করলেন নিষিদ্ধ! এদিকে মেসি দাবি করছে, সে গালি দেয় নাই। তারপরও আপনি ঘাড় ত্যাড়ামি করলেন। আপনারে আমি টুট টুট টুট…
সরি, মাথা গরম কইরা চিঠির ভিতরেই কয়েকটা গালি দিয়া ফেললাম। এইটা আমার বহুদিনের অভ্যাস। আশা করি, নিজ দায়িত্বে আমারে এবং মেসিরে ক্ষমা করবেন। এই চিঠির সঙ্গে আমার ফেবারিট কিছু গালি রেকর্ড কইরা অরিজিনাল সিডিতে পাঠাইলাম। অবসর সময়ে শুনবেন। ভালো লাগব আশা করি। এই গালিগুলা শোনার পর আপনে বুঝতে পারবেন, মেসি পোলাটা কতটা নিষ্পাপ, সে এখনো গালিই দেওয়া শিখতে পারে নাই। প্লাস আপনে এটাও বুঝবেন, একটা গালির অভিযোগে মেসিরে চাইর ম্যাচ ব্যান করা আপনের লাইফে সবচেয়ে বিগ মিসটেক।
ইতি
জনৈক মেসিভক্ত (সবাই আমারে চিনে)
নারায়ণগঞ্জ, বাংলাদেশ
বি. দ্র.: গালিগুলা খাঁটি বাংলা ভাষায় দেওয়া। কারণ নিজের ভাষায় গালি না দিলে তৃপ্তি পাই না। আপনে গুগল ট্রান্সলেটরে ফালাইয়া গালিগুলার আসল অর্থ বুইঝা নিয়েন।