ফিরতে কি পারব আবার দেশমাতৃকায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডীয় রাজহংস বা ক্যানেইডিয়ান গিস
কানাডীয় রাজহংস বা ক্যানেইডিয়ান গিস

প্রবাসী হওয়ার প্রথম চেষ্টা করেছিলাম ডিভি লটারিতে অংশ নিয়ে। সেটা না হলে পরে একবার লিবিয়ার বেনগাজিতে যাওয়ার সুযোগ মিলেছিল। দুর্ভাগ্যক্রমে সেখানেও যাওয়া হলো না। অবশেষে সিদ্ধান্ত নিলাম, ঘরের ছেলে ঘরেই থাকব। দুধ-ভাত খেয়ে প্রিয় জন্মভূমিতেই কিছু করব।

অনেক পরীক্ষা আর ইন্টারভিউ দেওয়ার পর সোনালী ব্যাংকে জ্যেষ্ঠ অফিসার পদে নিয়োগ পেলাম। নব্বইয়ের দশকে ৬২ দিলকুশায় কর্মরত অবস্থায় ভবনটির অষ্টম তলা পর্যন্ত দেশি-বিদেশি লোকজনের পদচারণা আর প্রধান ফটকসংলগ্ন রাস্তার ওপর ডলার-পাউন্ড কেনা-বেচার ঝনঝনানিতে মনটা আবারও উড়ু উড়ু হলো দেশান্তরি হওয়ার।

এবার একটু নড়েচড়ে বসে সক্রিয় চেষ্টার ফসল হিসেবে অভিবাসন মিলল কানাডায়। সেই সুবাদে সাত সমুদ্র আর তেরো নদী পাড়ি দিয়ে উত্তর আমেরিকার বিশাল ভূখণ্ডের দেশ কানাডায় স্থায়ীভাবে অভিবাসী হওয়ার লক্ষ্যে ল্যান্ড করলাম টরন্টো নগরে।

আসলে অভিবাসী হয়ে ট্রান্স-আটলান্টিক পাড়ি দেওয়া অত সহজ কথা নয়। তা-ও আবার পরিবার-পরিজন নিয়ে। এখানে এসে ফের শুরু করতে হলো সেই গোড়া থেকে। এখানকার শিক্ষা ও কর্ম-অভিজ্ঞতা না থাকায় কাজ জোটানো যাচ্ছিল না। কী আর করা, নতুন করে স্কুলে যেতে হলো। সেই সঙ্গে নতুন করে ঘর-সংসার পাততে হলো হাঁড়ি-পাতিল ও বেড-ম্যাটট্রেস কিনে। ধীরে ধীরে মাল্টি-কালচারাল সমাজের মেইন স্ট্রিমে জায়গা করে নিতে প্রায় বছর চারেক লেগে গেল।

চার বছরের মধ্যে একখানা সরকারি চাকরিও মিলল। হয়ে গেল গাড়ি-বাড়ি সবই। কিন্তু নাড়ির টান রয়ে গেল মন মানসিকতার শিরা-উপশিরায়। তাই রূপের সুধায় ভরা প্রিয় মাতৃভূমির কথা মনে উদয় হতে থাকে অনুক্ষণ। শৈশবের কথা, স্কুলের সহপাঠীদের কথা, ন্যাংটা বয়সে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে লাফানো-ঝাঁপানোর কথা, অলস মুহূর্তে মনকে আকুল করে তোলে।

কিন্তু চিত্ত ব্যাকুল হলেও দুরন্ত ডানপিটে শৈশবের হাতছানি মনটাকে খুব একটা উতলা করে না। কারণ, এখানকার আরাম-আয়েশ ও ব্যস্ত জীবন। বরং মনে করিয়ে দেয়, হূদয়ে সব সোনালি অতীত আর স্মৃতিমাখা সব ভালোবাসা ও ভালো লাগা। তা ঠেলে এনে দিয়েছে এই বর্তমানে, এই বাস্তবতায়, এই কানাডায়।

তবে এটা ঠিক যে, মিস করি সবকিছুকেই এবং সর্বক্ষণই কী যেন হারানোর বেদনা তাড়া করে ফেরে। মনটা যদিও অত খারাপ বা গভীরতায় আচ্ছন্ন হয় না, কিন্তু মনে হয়, কে যেন ইশারায় ডাকছে, ‘আয় আয় বলে।’ ঠিক হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানের মতো, ‘মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে।’

এই যে নাড়ির টান আর পিছু ডাক, তা সত্ত্বেও প্রবাস যেন আপন দেশ ও আপন আবাস। সবকিছুই যেন আপন আপন মনে হয়। এখানকার বাড়ি ঘর কেন যেন এক আপন মহিমায় মহিমান্বিত। এই আকাশ এই বাতাসও যেন বড়ই কাছের ও চির চেনা। মনে হয় এখানেই তো খেয়ে-পরে বেঁচে আছি।

ছেলেমেয়েরা এই পরিবেশে বড় হচ্ছে আর এই দেশের কৃষ্টি-সংস্কৃতিতে মানুষ হচ্ছে। এখানেই লেখাপড়া শেষ করে ওরা চাকরিবাকরি করবে। ওরা কি আর বাংলাদেশে ফিরে যেতে চাইবে? আমিও কি আর ইচ্ছা করলেই ফিরে যেতে পারব আমার সেই দেশমাতৃকায়? হয়তো পারব, হয়তো পারব না। পারলেও হয়তো মানুষ হিসেবে নয়। জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন,

‘আবার আসিব ফিরে—ধানসিড়িটির তীরে—এই বাংলায়

হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।’

তবে কবির মতো আমার অবশ্য শঙ্খচিল বা শালিকের বেশ ধরে দেশে ফেরার ইচ্ছা নাই। আমি যেতে চাই একান্তই নিভৃতে এবং দল বেঁধে কানাডীয় রাজহংস (ক্যানেইডিয়ান গিস) হয়ে। যেতে চাই আমি ক্ষণিকের তরে, এক অতিথি পাখি হয়ে। আর ভেসে ভেসে বেড়াতে চাই বাংলার হাওর-বাঁওড়ে।

রানা টাইগেরিনা

টরন্টো, কানাডা