
বোশেখের প্রথম দিনে তার কোনো কাজ ছিল না। বন্ধুহীন সে ঘণ্টার পর ঘণ্টা বসে ছিল পুরোনো বটগাছটির ছায়ায়। সে ভাবছিল, এমন বোশেখে তাদের দেখা হয়েছিল পদ্মাপারে। এক উৎসবে, মানুষে গিজগিজ করা মেলায়। হঠাৎ একজনকে দেখে ছেলেটি বলেছিল, তুমি হীরাবতী না? মেয়েটার মুখে ততক্ষণে একঝলক কাশফুল হাসি। বলেছিল, আর তুমি মেঘ, মেঘবালক! ছেলেটা বলেছিল, ফেসবুকের পাতা ছেড়ে খসে পড়া তোমাকে দেখব ভাবিনি।
অদ্ভুত! মেয়েটি মাথা নেড়েছিল। তারপর দুজনে গুটি গুটি পায়ে হেঁটে ঘুরে ফিরেছে মেলায়। কথার পিঠে কথায় দীর্ঘ হয়েছে খুনসুটি। ছেলেটা তারপর থেকে প্রায়ই বলত, তুমি হচ্ছ হলদে পাখি। মন তোমার ভাসে মেঘে মেঘে। মেয়েটি বলত, ধুর! তুমি বরং সুন্দর, জ্যোৎস্নার মতো, দিঘির শান্ত জলের মতো। অকারণেই তারা হাসত। তারা গাইত চিরচেনা কোনো গান, বেসুরো গলায়, ভিন্ন কোনো সুরে।
ছেলেটি কবি ছিল না। মেয়েটিও না। তবু তারা দুজনে যখন হাঁটত, ফুল ফোটাত কথার। তখন মনে হতো, এ তো কোনো কথা নয়। সবখানি তার কবিতা। ছেলেটি কথা দিয়েছিল তারা একসঙ্গে এক ছাদে বসে জ্যোৎস্না দেখবে। বৃষ্টির দিনে গুনবে বৃষ্টির ফোঁটা। মেয়েটি বলেছিল, সে তার ছেলের নাম রাখবে ‘হিম’। ছেলেটি বলেছিল, তার মেয়ের নাম হবে মায়ের মতো। হিরণবালা।
এভাবেই তখন উড়ে যায় কাঁঠালের দিন, হাসনাহেনার গন্ধ। ঝরে পড়ে কৃষ্ণচূড়ার ফুল। তারপর একদিন সময়ই পাল্টে দিল সবটুকু...
বোশেখের দিনে ছেলেটি আজ বসে আছে পুরোনো বটগাছের ছায়ায়। তার কোনো কাজ ছিল না। তার সঙ্গে হীরাবতী মেয়েটিও নেই। বোশেখের মেলার কোলাহলও এখানে নেই। গতবারের কিছুই আজ নেই। তবু ছেলেটির মনে হয় হীরাবতী আজ ফিরে আসবে। সে হাসবে। বলবে তাদের স্বপ্নের কথা। বলবে জ্যোৎস্না ও বৃষ্টির ফোঁটার কথা। তখন ছেলেটি মাথা নাড়বে। বলবে... ছেলেটি এসব যখন ভাবছিল তখন বোশেখের হাওয়া নাড়িয়ে দিয়ে গেল বটগাছের পাতাগুলো। গাছ থেকে খসে পড়ল শুকনো কিছু ডাল...।