
উৎসব মানেই বেশি বেশি খাওয়া। কোনো নিয়ম মানতে ইচ্ছা করে না তখন। ব্যায়ামও করা হয়ে ওঠে না। ফলে তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী দুই ধরনের সমস্যাই দেখা দেয়।
তাৎক্ষণিক সমস্যার ভেতর রয়েছে পেটের পীড়া, হজমে সমস্যা, অ্যাসিডিটি। কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যার ভেতর রয়েছে আরও অনেক কিছু, এসব ভারী খাবার খাওয়ার ফলে যাঁদের হৃদ্রোগজনিত সমস্যা রয়েছে, তাঁদের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব খাবার খাওয়ার ফলে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়। ক্যালরির কারণে ওজন বেড়ে যায়। যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের জন্যও ভারী খাবার বেশ ক্ষতিকর।
ঈদের পর নতুন করে ডায়েট কীভাবে করা যায়? এ ব্যাপারে বারডেম হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রিন্সিপাল অফিসার শামসুন্নাহার নাহিদ বলেন, ঈদে ভারী খাবার খাওয়ার কিছুদিন পর ‘রেড মিট’ খাওয়া একেবারেই বাদ দিয়ে দিতে হবে। প্রতিদিন দুই বেলা মাছ ও সবজি খেতে হবে। মাছে ফ্যাট থাকলেও সেটা রক্তে জমে না। মাছে থাকে ডিএইচ, যা চর্বি কমাতে সাহায্য করে। হৃদ্রোগেরও ঝুঁকি থাকে না। যেহেতু শাকসবজি খাওয়া হয় না, তাই নিয়মিত শাকসবজি খেতে দিতে হবে।
সকালে খাবারের তালিকায় রুটি, সবজি দিয়ে তৈরি কিছু খাওয়া যেতে পারে। দুপুরে ভাত-মাছ ও রাতে কেউ চাইলে অল্প পরিমাণ ভাত অথবা রুটির সঙ্গে যেকোনো দু-একটা তরকারি খেতে পারেন। অনেকে ঈদের পরে বিকেলের নাশতায় মাংস দিয়ে তৈরি বিভিন্ন কাবাব খান। সেগুলো এড়িয়ে চলাই উচিত। বরং বিকেলে সালাদ খাওয়া যেতে পারে। সালাদে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি, যা শরীরের জন্য উপকারী এবং শরীরে ক্যালরির পরিমাণ কমায়। এসব খাবারের মাঝে পুনরায় অল্প অল্প করে মাংস খাওয়া যেতে পারে, তবে তা পরিমাণমতো।
যেকোনো খাবারই হোক, সেগুলো ঠিকমতো হজমের জন্য এবং পাশাপাশি শরীর ঠিক রাখতেও প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট অবশ্যই হাঁটতে হবে। বিশেষ করে যাঁদের ওজন বেশি তাঁদের খাবারে নিয়ন্ত্রণের পাশাপাশি হাঁটার কোনো বিকল্প নেই।
গ্রন্থনা: অধুনা প্রতিবেদক