ফিরে এল মসলিন!

ঢাকায় চলছে মাসব্যাপী মসলিন উৎসব। দৃক, আড়ং ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ উৎসব। উৎসবের অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি দেশি-বিদেশি শিল্পী ও গবেষকদের একটি দল ঘুরে এল ঢাকার মসলিন কারিগরদের এলাকা। সঙ্গে ছিলেন প্রণব ভৌমিক
চীনা পরিব্রাজক হিউয়েন সাং মসলিনকে তুলনা করেছিলেন ভোরের হালকা কুয়াশার সঙ্গে। এ কাপড় নাকি এতটাই সূক্ষ্ম ছিল যে আংটির ভেতর দিয়ে চলে যেতে পারত। অনায়াসে এঁটে যেতে পারত দেশলাই বাক্সের ভেতর। ঢাকাই মসলিন নিয়ে এমন কত কথাই না শোনা যায়। দীর্ঘশ্বাসও ছিল এই ভেবে যে ঐতিহ্যের সেই মসলিন তো আর কখনো ফিরে পাওয়া যাবে না। প্রায় ২০০ বছর আগে হারিয়ে যাওয়া মসলিন আদৌ ফিরিয়ে আনা সম্ভব?
সন্দিহান ছিলেন দৃেকর প্রধান নির্বাহী ও মসলিন গবেষক সাইফুল ইসলামও। কিন্তু হাল ছাড়েননি তিনি। মসলিন নিয়ে তাঁর নিরলস চেষ্টা, পরিশ্রম ও দীর্ঘ গবেষণার ফল—জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে মাসব্যাপী ‘মসলিনের পুনরুজ্জীবন’ শীর্ষক প্রদর্শনী। এটি চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।
এরই মধ্যে ৮ ফেব্রুয়ারি মসলিন কারিগরদের দেখার দারুণ সুযোগ মিেলছিল। দেশি-বিদেশি শিল্পী ও গবেষকদের নিয়ে একটি দল রওনা হয় নারায়ণগঞ্জে।
ঢাকার আশপাশে ধামরাই, নারায়ণগঞ্জের সোনারগাঁও, গাজীপুরের কাপাসিয়ার তিতবাদি, কিশোরগঞ্জের মঙ্গলবাড়ি, বাজিতপুরে মসলিনের তুলার চাষ, সুতা তৈরি, কাপড় বোনা হতো। এই দলে আরও ছিলেন লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের সিনিয়র কিউরেটর রোজমেরি ক্রিল, মসলিন ট্রাস্টের গবেষক সোনিয়া অ্যাশমোর, বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ ডিজাইনার সাইফ ওসমানি ও মারিয়া কুবে।
মসলিনের সুলুক সন্ধানে
শীতলক্ষ্যার এক পাড়ে এসে মাইক্রোবাস থামে। তারপর নৌকা করে সবাই গেলাম চর চনপাড়ায়। নেমেই লালশাক, পালংশাক, লাউসহ নানা সবজির খেত। খেতের পরে বসতি। অনেকগুলো ঘুপচি গলি পার হয়ে অবশেষে আমরা পোঁছাই গোলাপ হোসেন ব্যাপারীর উঠানে।
গোলাপ হাতের তাঁতের জন্য শানা বাঁধার কাজ করেন। গোলাপের স্ত্রী আম্বাতান কিছুক্ষণ একটি শানা বেঁধে দেখান। প্রায় দুদিন সময় লাগে পুরোটা বাঁধতে। সংসার চলে এই দিয়ে? গোলাপ ব্যাপারীর উত্তর, ‘না, বাজান। পোলারা অইন্য লাইনে চইলা গ্যাসে। তাগো রোজগার দিয়াই সংসার চলে। কইতে পারেন, এখান থিকা আমগো পানসুপারির টেকা আসে।’
পরের গন্তব্য রূপগঞ্জের নোয়াপাড়া জামদানি নগরী। সেখানে থাকেন জামদানিশিল্পী আল আমিন। তাঁরই নেতৃত্বে বোনা হয়েছে তিনটি মসলিন শাড়ি। আল আমিনের হাতের কাজ মন দিয়ে নিবিড়ভাবে দেখছিলেন সোনিয়া অ্যাশমোর। ‘এত শক্ত হাতে এমন সূক্ষ্ম কাজ করলেন কী করে!’ সোনিয়ার কণ্ঠে বিস্ময়।
জাদুঘরের প্রদর্শনীতে আছে তাঁদের শাড়িগুলো। মসলিন তৈরির বিভিন্ন কাজে আরও ছিলেন দিল মোহাম্মদ, আকলিমা বেগম, জোবেদা ও গিলাতন।
৩০০ কাউন্টের (সুতার পুরুত্ব) সূক্ষ্ম সুতা দেখে প্রথমে আল আমিন ভেবেই বসেছিলেন, এই কাজ তাঁকে দিয়ে হওয়ার নয়। তাঁর ভাষায়, ‘এত চিকন সুতা! বারবার ছিঁড়া যায়, ফাইটা যায়। পুরাই মাথা নষ্ট। বাসা থিকা বলছিল, ছাইড়া দাও।’ কিন্তু ছয় মাসের কঠোর পরিশ্রমে প্রথম শাড়িটি তিনি বুনেই ফেলেন। ছোট ভাই আবুল হোসেনের সঙ্গে মিলে বোনেন আরও দুটি শাড়ি। তাঁর বিশ্বাস, আরও সূক্ষ্ম সুতা দিলেও এখন তিনি পারবেন।
সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরে বেশ খানিকটা সময় কাটিয়ে পরের গন্তব্যস্থল পানামনগর। এখানেই ছিল ইংরেজদের মসলিন কুঠি। ব্রিটিশ লাইব্রেরিতে আছে ১৮৭২ সালে তোলা তিনতলা কুঠিটির ছবি। সাইফুল ইসলাম ভিনদেশি অতিথিদের বলেন, ‘আমরা সেই কুঠি খুঁজে পাইনি। দেখ, তোমরা পাও কি না।’
কেউ কেউ চেষ্টা করেন। এখানকার দুটি দালান বাদে সবই দোতলা। দুটির কোনোটিই হয়তো!
এরকম বিবিধ সব অভিজ্ঞতা সঞ্চয় করে সন্ধ্যায় পুরো দল রওনা দেয় ঢাকার উদ্দেশে।
অমলিন মসলিন

ধারণা করা হয়, ইরাকের ব্যবসাকেন্দ্র মসুল থেকে ‘মসলিন’ শব্দটি এসেছে। মসুলের সূক্ষ্ম কাপড়কে ইউরোপীয় বণিকেরা বলতেন ‘মসুলি’। সেখান থেকে ‘মসুলিন’, ‘মসলিন’। পরে ঢাকার আরও সূক্ষ্ম কাপড়ও হয়ে যায় মসলিন। বাংলার সবচেয়ে সূক্ষ্ম কাপড়কে ‘মলবুল খাস’ বা ‘মলমল খাস’ বলা হতো। ধারণা করা হয়, এটিই মসলিন।
কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং নবম শতকে সোলায়মানের সিলসিলাত-উত-তাওয়ারিখ-এ মসলিনের উল্লেখ আছে। চৌদ্দ শতকে ইবনে বতুতা, পনেরো শতকে চীনা লেখকেরাও লিখে গেছেন এর কথা। মধ্যপ্রাচ্যের অটোমান সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য আর ভারতীয় রাজপরিবারে এর কদর ছিল ভীষণ। ফরাসি সম্রাজ্ঞী জোসেফিনের কাছেই ছিল প্রায় শ খানেক মসলিন।
উনিশ শতকের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায় মসলিন তৈরি। কারণ, পলাশীর যুদ্ধে পরাজয়, ইউরোপের শিল্প বিপ্লব। ম্যানচেস্টারের সস্তা কাপড় এসে হারিয়ে দেয় দামি মসলিনকে।
তথ্যসূত্র: আবদুল করিমের ‘ঢাকাই মসলিন’।
আরও পড়ুন: