ফিরে এল হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাডুডু, দাঁড়িয়াবান্ধা, তৈলাক্ত বাঁশে ওঠা, মোরগ লড়াই, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, এক্কাদোক্কা, বিস্কুট দৌড়, দড়ি লাফ এসব খেলাধুলা গ্রাম এলাকা থেকে একরকম হারিয়ে যাচ্ছে।প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এসব গ্রামীণ খেলাধুলা যেন নতুন করে ফিরে এল মিরসরাইয়ে। গত ২৮ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে মিরসরাই স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। স্থানীয় লোকজন উৎসাহ নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।প্রতিযোগিতায় হাডুডু খেলায় মিঠাছড়া উচ্চবিদ্যালয়, দাঁড়িয়াবান্ধা খেলায় মঘাদিয়া নুরুল আফসার চৌধুরী অরফানেজ উচ্চবিদ্যালয়, তৈলাক্ত বাঁশে ওঠা ও মোরগ লড়াইয়ে (ছেলে) মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়, মোরগ লড়াইয়ে (মেয়ে) মিঠানালা রামদয়াল উচ্চবিদ্যালয়, গোল্লাছুটে বিশ্বদরবার উচ্চবিদ্যালয়, কানামাছি ভোঁ ভোঁ খেলা ও এক্কাদোক্কায় মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয় এবং বিস্কুট দৌড় ও দড়ি লাফে মাজেদা হক উচ্চবিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে।প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবারক উল্লাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ ও যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আবদুল আলীম। ইউএনও বলেন, গ্রামের হারিয়ে যাওয়া খেলাগুলোকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন। এখান থেকে বিজয়ীরা জেলা পর্যায়ে খেলতে যাবে।এদিকে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়নি। এ প্রসঙ্গে ইউএনও জানান, বরাদ্দ না থাকায় প্রতিযোগীদের পুরস্কৃত করা যায়নি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে তাদের পুরস্কৃত করা হবে।