বলা হয় লাল মাটির দেশ চুরুলিয়া। বর্ধমান জেলার জামুরিয়া থানার প্রত্যন্ত গ্রাম চুরুলিয়া। আমরা চলেছি ট্যাক্সিতে গ্রামের কালো পিচঢালা পথ ধরে। উঁচুনিচু রাস্তা। চারদিকে বিস্তীর্ণ খোলা মাঠ। কোনো ফসলের চিহ্ন নেই। শুধু লাল মাটি আর মাঝে মাঝে ঘাসের আচ্ছাদনে ঢাকা এই বিস্তীর্ণ মাঠ। চার বছর পর যাচ্ছি। ভাবছি, কত না পরিবর্তন হয়েছে চুরুলিয়ার? এখন নাম হয়েছে কবিতীর্থ চুরুলিয়া। এই কবিতীর্থ চুরুলিয়ার কাজীপাড়ার এক কাজীবাড়িতে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মে ছিলেন ১৮৯৯ সালে। আর চির বিদায় নিয়েছিলেন ঢাকায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট।হঠাৎ দূরে চাখে পড়ল দিগন্তঘেঁষা পাশাপাশি বেশ কয়েকটি পাহাড়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ট্যাক্সি ড্রাইভারকে বললাম, ওটা কোন পাহাড়? ড্রাইভার হেসে বলল, ওটা পাহাড় নয়। মাটি ও পাথর কাটার পর ওটা স্তূপকৃত হয়ে আপনা থেকেই পাহাড়ের রূপ নিয়েছে। ওর নিচেই কয়লাখনি। এই কয়লা খুঁড়তে গিয়ে যে মাটি ও পাথর তোলা হয়েছে তা থেকেই কালক্রমে তৈরি হয়ে গেছে এই কৃত্রিম পাহাড়। সেই পাহাড়ের পাদদেশেই চুরুলিয়া গ্রাম। এই গ্রামে এখন ১৪ হাজার মানুষের বাস। গ্রামের পাশ দিয়ে বইছে অজয় নদী। নদীর অপর পাড়ে বাঁকুরা জেলা আর ঝাড়খন্ড রাজ্য। তখন দুপুর প্রায় ১২টা। আমরা এসে দাঁড়ালাম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটাতে। এখন আর নেই সেই কবির আঁতুর ঘর। সেখানে তৈরি হয়েছে নজরুল একাডেমি। আমরা গেট থেকে সোজা ঢুকে পড়লাম একাডেমি ভবনে। দেখা হলো নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কবি নজরুলের ভ্রাতুষ্পুত্র কাজী মোজাহার হোসেনের সঙ্গে। সম্পাদকের সঙ্গে আলাপ সেরে আমরা চললাম কবির স্মৃতিঘেরা কাজীবাড়ির অন্যান্য ঐতিহাসিক স্মৃতিচিহ্ন দেখার জন্য। দেখলাম সব কিছুই যেন বদলে গেছে। এবার প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হলো সেই নজরুল পরিবারের সমাধিক্ষেত্রে। চারদিকে দেয়াল। সমাধিক্ষেত্রের মাঝে সুন্দর ফুলবাগান। দেয়ালের গায়ে কবির শৈশব থেকে মৃত্যু অবধি নানা ছবি আঁকা হয়েছে দেয়ালজুড়ে। তৈরিও হয়ে গেছে নজরুল স্মৃতিসৌধ। কাল আর সাদা পাথর দিয়ে। স্মৃতিসৌধের ওপর লাগানো হয়েছে প্রতীকী অগ্নিবীণা। স্মৃতিসৌধের পাশেই নজরুলের সহধর্মিণী প্রমীলা নজরুলের সমাধি। সাদা পাথর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। তাঁর পাশেই কবির প্রতীকী সমাধি। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় কবির মৃত্যুর পর কবিপুত্র কাজী সব্যসাচী কবির কবরের কিছু মাটি এনে কবিপত্নী প্রমীলা নজরুলের সমাধির পাশে রাখেন। এখন সেখানেই তৈরি করা হয়েছে কবির প্রতীকী সমাধি। দুটি সমাধি রয়েছে পাশাপাশি। নতুন রূপে গড়া এই সমাধি দুটি এবং কবির স্মৃতিসৌধের উদ্বোধন করা হয় ২০০৩ সালের ১৪ ডিসেম্বর। স্মৃতিসৌধটি সাদা পাথরের বেদির ওপর কালো পাথর দিয়ে তৈরি। উচ্চতা ৩০ ফুট। এই স্মৃতিসৌধের গায়ে উৎকীর্ণ আছে কবির নানা কাব্যের নাম। পাশেই একটি পানির ফোয়ারা। আর নানান ফুলগাছের সুন্দর একটি বাগান।স্মৃতিসৌধের একটু দূরে রয়েছে কবির এক বিশাল ব্রোঞ্জের মূর্তি। এই মূর্তিটি তৈরি করেছেন, শিল্পী কাজী হুমায়ুন কবির। সমাধিক্ষেত্র দেখে আমরা চলে এলাম নজরুলের স্মৃতিবিজড়িত পীর পুকুরটির পাড়ে। এই পুকুরটিই এখন নজরুলের স্মৃতি বহন করে আছে। এই পুকুরের পাড়ের নানা গাছে কিশোর নজরুল চড়ে বেড়াতেন। সাঁতার কাটতেন পুকুরে। এমনকি এখানে দুটো গাছও লাগিয়ে ছিলেন নজরুল। গাছ দুটির নাম ছিল ‘হারুত’ আর ‘মারুত’। গাছ দুটি দীর্ঘদিন বেঁচে থাকলেও এখন নেই। ঝড়ে ভেঙে গেছে। এই পীর পুকুরের পাড়েই রয়েছে পীর হাজি পাহলোয়ানের মাজার। তবে তা পাকা নয়। পীরের পুকুরের পাড়ে নজরুল স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি নজরুলের আমলে তৈরি হয়েছিল পাথর মাটি আর খড় দিয়ে। ১৯৯৬ সালেও এই মসজিদের একটি অংশ ছিল মাটির। এখন আর তা নেই। পুরো মসজিদটিই পাকা। আমরা মসজিদ ছেড়ে সোজা চলে এলাম প্রমীলা নজরুল তোরণের কাছে। ২২ ফুট উঁচু এই তোরণটি তৈরি করা হয়েছে নজরুলের আদি বসতবাড়ির ধাঁচে। এর পাশেই প্রমীলা মঞ্চ। এই মঞ্চের সামনেই বসে প্রতিবছর নজরুল জন্মজয়ন্তীতে নজরুল মেলা। মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চের পাশেই নজরুল বিদ্যাপীঠ। প্রাথমিক বিদ্যালয়। নজরুল-যুগে এটি ছিল মক্তব। এই মক্তবে নজরুল প্রথম শিক্ষাজীবন শুরু করেছিলেন। এমনকি শিক্ষকতাও করেছিলেন। এখন সেখানে নেই সেই আদিকালের মাটির পাঠশালা বা মক্তব। এই মক্তব থেকে এটি হয় মুসলিম অবৈতনিক বিদ্যালয়। তারপর নজরুল বিদ্যাপীঠ। এখন এটি পাকা দোতালা ভবন। এর পাশেই ১৯৭৫ সালে তৈরি করা হয় ‘কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ’। মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় এখানে। অনতি দূরে তৈরি করা হয়েছে অতিথিশালা ও যুব আবাস। এখানে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। এরপর আমরা চলে এলাম নজরুল স্মৃতিবিজড়িত একাডেমি ভবনে। এখানেই একসময় ছিল কবির বসতবাড়ি, আঁতুড় ঘর। মাটির তৈরি খড়ের ছাউনির ঘর। এখন নেই। এখানেই এখন তৈরি হয়েছে নজরুল একাডেমি ভবন। ১৯৫৬ সালে ‘নজরুল সাংস্কৃতিক সমিতি’ নজরুলের আদি বসতবাড়ি ভেঙে এখানে প্রথমে গড়ে তোলেন একতলা ভবন। ১৯৫৮ সালে নজরুল সাংস্কৃতিক সমিতি ভেঙে গঠন করা হয় নজরুল একাডেমি। আর নজরুলের জন্মভিটায় গড়ে ওঠা এই একতলা ভবন হয়ে যায় ‘নজরুল একাডেমি ভবন’। এখন অবশ্য এটি দ্বিতল ভবন। এই বিশাল ভবন চত্বরজুড়ে রয়েছে নজরুল জাদুঘর, কমরেড মোজাফ্ফর আহমেদ স্মৃতি ভবন, নজরুল গ্রন্থাগার, অনিরুদ্ধ সংগীত নিকেতন, বুলবুল কলাকেন্দ্র, সব্যসাচী আবৃত্তি সংসদ, প্রমীলা নজরুল-সহায়ক স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি। নজরুল একাডেমির পাশে রয়েছে নজরুল জাদুঘর। তার পাশেই রয়েছে নজরুল গ্রন্থাগার। জাদুঘরে রয়েছে নজরুল রচিত গ্রন্থের পাণ্ডুলিপি, চিঠিপত্র, নজরুলের ব্যবহূত ধুতি, পাঞ্জাবি, উত্তরীয়। রয়েছে ১৯৩১ সালে নজরুলের ব্যবহূত একটি গ্রামোফোনও। এটি নজরুলকে দিয়েছিল এইচএমভি গ্রামোফোন কোম্পানি। আরও রয়েছে নজরুল ব্যবহূত খাট, চেয়ার, বসার আসন, আলমারি, ১৯৬০ সালে কবির প্রাপ্ত রাষ্ট্রীয় পদক পদ্মভূষণ ও জগৎতারিণী পদকসহ নানা পুরস্কার, স্মারক ও উপঢৌকন। আরও রয়েছে কবিপত্নী প্রমীলা নজরুলের ব্যবহূত চৌকি, কবির পাণ্ডুলিপির খাতা, কবিপুত্র বুলবুল ও অনিরুদ্ধের ব্যবহূত জামা-কাপড় ইত্যাদি।কথা হলো নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কাজী মোজাহার হোসেনের সঙ্গে। তিনিও নজরুলের বংশধর। নজরুলের কনিষ্ঠ ভ্রাতা আলী হোসেনের ছেলে। বললেন, মানুষের ভালোবাসা, সাহায্য-সহযোগিতা নিয়ে এখনো টিকে আছে নজরুল একাডেমি। তবে সৌভাগ্যের ব্যাপার, গ্রামের মানুষ নজরুলকে প্রাণ দিয়ে ভালোবাসেন। তাই তাঁদের সাহায্য ও আর্থিক সহযোগিতা নিয়ে এখনো চলছে নজরুল একাডেমি। আমরা আর্থিক দৈন্যতার মাঝেই আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। তিনি আরও বললেন, আজও চুরুলিয়ায় কবির বংশধরেরা সযত্নে লালন করে আসছে চুরুলিয়াকে চুরুলিয়াবাসীর ভালোবাসা নিয়ে। নজরুলের ছোট ভাই কাজী আলী হোসেনের পরিবারই এখন মূলত স্থায়ীভাবে বাস করছেন চুরুলিয়ায়। কাজী মোজাহার হোসেন আরও বললেন, চুরুলিয়া আজ পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির এক আদর্শ পীঠস্থান। আজ চুরুলিয়া হয়েছে কবিতীর্থ চুরুলিয়া। এক নতুন তীর্থ ভূমি। বললেন, চুরুলিয়ার মানুষ এবার দাবি তুলেছেন, চুরুলিয়ায় গড়তে হবে নজরুল বিশ্ববিদ্যালয়। সায়ও দিয়েছে রাজ্য সরকার। তবে সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে চুরুলিয়ার অদূরে আসানসোল শহরে। যদিও চুরুলিয়ায় এই বিশ্ববিদ্যালয় গড়ার জন্য গ্রামের মানুষজন ইতিমধ্যে ৪০ একর জমি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। সবকিছু যেন পাল্টে গেছে। মুছে গেছে অতীতের প্রায় সব স্মৃতিচিহ্ন। নতুনভাবে সেজে উঠেছে বিদ্রোহী কবির সেই জন্মভিটা চুরুলিয়ার সেই কাজীপাড়ার কাজীবাড়ির আঙিনা। যেন কাজীবাড়ির পুনর্জন্ম হয়েছে নতুনভাবে।