ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মানুষের ইতিবাচক উদ্যোগ, সমাজ, সংস্কৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও পর্যটন নিয়ে সাড়া জাগানো সব খবর এক জায়গায়। তাই দর্শনার্থীদের আগ্রহও ছিল বেশি। কক্সবাজারে গত ২৮ ফেব্রুয়ারি শেষ হলো ‘ফিরে দেখা বাংলাদেশ’ শীর্ষক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পেপার ক্লিপিং প্রদর্শনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ‘নিযুত শিশুর বৃক্ষ অভিযান’ এই প্রদর্শনীর আয়োজন করে। পাবলিক হল মাঠে এ প্রদর্শনী শুরু হয় ২১ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম। প্রদর্শিত সংবাদগুলো সংগ্রহ করেছেন শিশু উন্নয়ন গবেষক মোহাম্মদ নজরুল ইসলাম। তাঁর সহযোগী ছিলেন নাজনীন সুলতানা ও নাফিসা ইসলাম। নজরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো পড়ে আসছি। গত ১৩ বছরের প্রথম আলো পত্রিকা থেকে বাছাই করা ছবিসহ প্রতিবেদনগুলো সংগ্রহ করে এই প্রদর্শনীর আয়োজন করেছি। এতে বেশ সাড়াও পাচ্ছি। কক্সবাজারে এ ধরনের আয়োজন এটিই প্রথম।’নাজনীন সুলতানা জানান, শিশুদের বাংলাদেশকে দেখানো ও চেনানোর জন্য এ প্রদর্শনী। পরবর্তী সময়ে এই প্রদর্শনী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে করা হবে।প্রদর্শনীতে স্থান পায় ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্মরণীয় ও বরেণ্য ব্যক্তি, সফল উদ্যোক্তা, মানুষের ইতিবাচক উদ্যোগ, উল্লেখযোগ্য স্থান, ঘটনা, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, ফুল, ফল, ফসল, ঋতুবৈচিত্র্য, পাখি, সাগর, নদ-নদী-হাওর, সুন্দরবন, কক্সবাজার, ঐতিহ্য, উৎসব, মেলা, মানুষ ও জীবনযাত্রা, বিপন্ন প্রাণী, ভেজাল খাবার, শিশুবিকাশ, প্রতিবন্ধী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের প্রায় এক হাজার ছবি ও প্রতিবেদনে স্থান পায়। ‘নিযুত শিশুর বৃক্ষ অভিযান’ এর পরিচালক কাজী জিয়া শামস বলেন, ‘প্রদর্শনীর ৯০ শতাংশ ছবি ও প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে প্রথম আলো থেকে। বাকি ১০ শতাংশ ডেইলি স্টার, সমকাল, যায়যায়দিন, ডেসটিনিসহ বিভিন্ন দৈনিক থেকে।