ফিরে দেখা সোনালি শৈশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশায় ঢাকা ছিল সূর্যটা সারা দিন। কিন্তু সময়ের আড়ালে ঢাকা পড়েনি স্মৃতি। কনকনে হাওয়ার তীব্রতাও হার মেনেছে এই স্মৃতির উষ্ণতার কাছে।পৌনে ২০০ বছর পূর্তি উৎসবের প্রথম দিনে আসা প্রতিটি কলেজিয়েটসের মুখে তাই দেখতে পেয়েছি শৈশবের সোনালি রোদ্দুর, যেন তাঁরা সবাই সময়ের রথ পেছনে টেনে নিয়ে ফিরে গেছেন বালকবেলায়। আর এই সব দেখে নীরবেই হেসে উঠেছে সময়ের বহু বাঁকের, বিস্তর ঘটনার, নানা ঘাত-প্রতিঘাতের সাক্ষী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।শুক্রবার শুরুর দিন শোভাযাত্রা ছাড়া প্রাক্তন ছাত্রদের তেমন কোনো কর্মসূচি ছিল না। তার পরও তাঁরা এসেছেন। স্কুলভবনে ঘুরে ঘুরে নিজেদের স্মৃতিচিহ্ন খুঁজে বেরিয়েছেন। মাঠে গিয়ে ঘুরেছেন। আড্ডা দিয়েছেন। কেউ বলছেন, ‘ওখানে একটা পুকুর ছিল। ওই তো ওখানে আমাদের কারিগরি ক্লাস হতো। ওই যে ওখানেও একটা পুকুর ছিল। হ্যাঁ, ওর পাশেই হেড স্যারের বাসা ছিল।’ প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর আরেক শতাব্দী পেরিয়ে যাওয়া কত মানুষের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে গৌরবের প্রতিষ্ঠানটি!এই বিদ্যালয়ে পড়ুয়াদের স্মৃতি নিয়ে যদি একটি মালা গাঁথা হয়, তবে তা থেকেই উঠে আসতে পারে একটি জাতির পুরো ইতিহাস। এই যেমন প্রফেসর ড. মুস্তাফা নুরুল ইসলামের মুখে উঠে এসেছে ব্রিটিশ আমলের কথকতা—‘ক্লাস শুরুর আগে ময়দানে আমরা লাইন করে দাঁড়াতাম—সমবেত কণ্ঠে ইংরেজি গানের চরণ ‘মে গড সেভ দ্য কিং’ এবং সামনেই উঁচু স্ট্যান্ডে পত পত করে ওড়া ইউনিয়ন জ্যাক লাইন বাঁধা সেই ফ্ল্যাগের উদ্দেশ্যে আমাদের সবার মাথা ঝুঁকিয়ে স্যালুট।’ ঔপনিবেশিক আমলের এই স্থিরচিত্রটি আমাদের সামনেই যিনি তুলে এনেছেন তিনি একজন কলেজিয়েটস। আর বিদ্যালয়ের স্মৃতিচারণা করতে করতেই তিনি বলে গেছেন, জালালাবাদ পাহাড়ের লড়াইয়ের কথা, ইংরেজ সরকারের বিরুদ্ধে দুঃসাহসী বাঙালির সশস্ত্র লড়াইয়ের কথা। ডা. এ কে এম সামসুদ্দিন চৌধুরীর লেখায় আমরা পাই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিনগুলোর কথা। ২১ ফেব্রুয়ারিতে ছাত্রদের মিছিলে গুলি চালানোর প্রতিবাদে কলেজিয়েট স্কুলের ছাত্ররা কীভাবে প্রতিবাদ করেছিলেন তার বিবরণ পাই। জানতে পারি একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কবি মাহবুব আলম চৌধুরী প্রথম পড়েছিলেন ২২ ফেব্রুয়ারি কলেজিয়েট স্কুলের ছাত্রদের কমনরুমে। কারও কারও স্কুলজীবনের স্মৃতির সঙ্গে একাত্তরের মহান মুক্তিযুদ্ধও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এমনিভাবে একটি প্রতিষ্ঠানের ১৭৫ বছরের স্মৃতির সঙ্গে সঙ্গে একটি জাতির ইতিহাসও যেন পঠিত হয়ে যায়। তেমনি জানা হয়ে যায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাত বহু মনীষীর বালকবেলার কথা। ১৭৫ বছর পূর্তি উৎসবকে উপলক্ষ করে প্রকাশিত প্রায় ৬০০ পৃষ্ঠার স্মারকগ্রন্থে নিজেদের স্মৃতির কথা লিখেছেন স্বকীর্তিতে উজ্জ্বল অনেক প্রখ্যাত মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে এসব মানুষ একদিন চলে যাবেন। কিন্তু কলেজিয়েট স্কুল কীর্তিমান মানুষের জন্ম দিয়েই যাবে অনাদিকাল।