
একটি মেয়ে। মিষ্টি করে হাসত। ছড়া বলত। খুব ছোটবেলা থেকেই ছড়া বা কবিতার বই নিয়ে এ-ঘর ও-ঘর ঘুরত। মায়ের কাছে ছড়া শুনত, গল্প শুনত। তারপর ভাত খেত। কত না নাম না জানা গল্প। রাজকন্যার গল্প, যুদ্ধের গল্প, ডাইনি বুড়ির গল্প।
একদিন গল্প শোনা, কবিতা পড়া সেই মেয়েটি পুরো বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি কবিতা আবৃত্তি করে স্বর্ণপদক পেল। একবার বাংলা কবিতায় রৌপ্যপদক পেল।
কিন্তু না, মেয়েটি কোথায় কোন সুদূরে হারিয়ে গেল। সমুদ্রের সাগরে হাহাকার উঠল—কৃষ্ণচূড়া কন্যা কোথায় তুমি? একবার হেসে ওঠো। মুক্তার মতো দাঁতগুলো মুক্তা ছড়িয়ে যাক। তুষারকন্যা কোথায় তুমি?
সেই মেয়েটির নাম রোজিনা মুস্তারীন টুশি। প্রথম আলোর জন্মলগ্ন থেকে সে এর সঙ্গে জড়িত ছিল। ‘নকশা’র পাতায় সুন্দর সুন্দর ফিচার লিখত, ‘আনন্দ’ পাতায় দুহাত ভরে লিখত। কত কত নামে। ভালোবাসত এই পত্রিকাকে।
হলিক্রস ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। আইআরের শেষ বর্ষের ছাত্রী সে। ভালোবাসত বন্ধুদের। ভালোবাসত বাংলাদেশের মানুষকে। তার আদরের আন্টিমনিকে বলত, ‘তুমি কেন ছবি আঁকো না? রান্না তো সবাই করে। ছবি তো সবাই আঁকতে পারে না।’
বড় বোন শামা চুপচাপ। কবিতা আবৃত্তি করে। আর সারা দিন বই পড়ে। ছোট্ট ভাই মিশুকের সঙ্গেই খুনসুটি। দুই ভাইবোন একজন অন্যজনকে ছাড়া থাকতে পারে না।
বড় বোনের বিয়ে হয়ে গেল। টুশিরও বিয়ের জন্য আয়োজন শুরু হয়ে গেল। রাজপুত্র জুনায়েদ এল ওকে জয় করে জয়ের মালা পরাতে। ওমা জুনায়েদেরও বন্ধু হলো মিশুক। তারপর? আমার কথা ফুরোলো নটে গাছটি মুড়েলো। না...সেসব কিছুই না। রাজকন্যা হারিয়ে গেল চিরদিনের জন্য। যেখান থেকে কেউ আর কখনো ফিরে আসে না। তার পরদিন আমার বাবা আবহাওয়াবিদ মো. আবদুর রউফ মারা যান।
দিন কেটে যায়
রাত কেটে যায়।
দুঃখের নৌকো বেয়ে আমরা চলতে থাকি।
৮ এপ্রিল টুশির জন্মদিন। আর ২৭ এপ্রিল তার মৃত্যুদিন। ২৮ এপ্রিল আমার আব্বুর মৃত্যুদিন।
আমার মা আমার কাছে অনেক দিন ছিলেন। টুশির মৃত্যুর পর মা যেন আমার আরেকটি সন্তান হয়ে যান। তারপর এক দিন, দুদিন—কালের চাকা ঘুরতে থাকে। অবশেষে ২০১৫ সালের ২৪ এপ্রিল আমার রূপবতী গুণবতী মা হারুন্নেসা রউফ মারা যান।
হায় অদৃষ্ট। ঘুরে ঘুরে সবাই কেন এপ্রিল মাসে এসেই মৃত্যুবরণ করলেন। জানি না। পয়লা বৈশাখ মানে ১৪ এপ্রিল আমার বিবাহবার্ষিকী। পয়লা বৈশাখে আমরা পুরো পরিবার অনেক আনন্দে কাটাতাম।
আজ কেমন যেন। ক্ষুধা লাগে, খাই। সকাল-সন্ধ্যা কাজ আর কাজ। সুখ পাখিটা কোথায় যেন, কোন সুদূরে হারিয়ে গেল। বুকের নিভৃতে ঝিনুকের মুক্ত যেমন, অশ্রুগুলো তেমনি। যখন একাকী অন্যতম ঝিনুক খুলে দেখি—একাকী কাঁদি। আবার কাছে এসে দ্বারে দাঁড়ায়। বাস্তবতা কথা বলে। আমি ঝিনুকের ডালা বন্ধ করি। আবার হারিয়ে যাই কাজের ভিড়ে। কী নির্মম বাস্তবতা!
রিফাত আরা শাহানা
(টুশির মা)