ফিলিং ভার্চুয়াল
বাইরে প্রচণ্ড গোলাগুলি। জানালায় দাঁড়িয়ে দেখব, ভয়ে সেই সাহসটাও হচ্ছে না। শুরুতে খেয়াল করিনি। মাত্র ঘুম থেকে উঠে নোটিফিকেশনগুলো চেক করছিলাম। হোমপেজে অনেকগুলো স্ট্যাটাস দেখে জানলাম, রামপুরায় গোলাগুলি হচ্ছে। এরপর ভালো করে কান পাততেই শুনি ককটেল ফোটার শব্দ। খেয়ালই করিনি এতক্ষণ। এখন কী স্ট্যাটাস দেব বুঝে উঠতে পারছি না! শব্দ শুনে যেটুকু বুঝতে পারছি, আমাদের গলিতেই ঝামেলাটা হচ্ছে, কিন্তু কোনো একজনের স্ট্যাটাসে দেখলাম এলোপাতাড়ি গুলি চালাচ্ছে কারা যেন। তাই জানালায় কিংবা বারান্দায়ও যেতে পারছি না, যদি গুলি এসে লাগে! তখন?খুব অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। গলির মোড়ে এমন একটা ঝামেলা হচ্ছে আর আমি হাত-পা গুটিয়ে বসে আছি। এদিকে ল্যাপটপ খোলা। ফেসবুক চালু। ইনবক্সে একের পর এক মেসেজ আসছে। সবার একটাই জিজ্ঞাসা, ‘তোদের ওখানে নাকি গন্ডগোল? জানিস কিছু?’ উফফ! ঘটনাটা পাশের গলিতে হলে দারুণ হতো। মিতুর অনেক সাহস! গত সপ্তাহে ও নিজে বারান্দায় দাঁড়িয়ে এক হাইজ্যাকারকে মার খেতে দেখে দারুণ গুছিয়ে একটা পোস্ট দিয়েছিল। পড়েই মনে হবে টিভিতে লাইভ গণধোলাই দেখা যাচ্ছে। দারুণ লেখে মেয়েটা। খুব খারাপ লেগেছে শেষটায়। যাকে মেরেছে সে আসল হাইজ্যাকার না, ভার্সিটিপড়ুয়া ছাত্র। রামপুরায় এসেছিল বড় খালার সঙ্গে দেখা করতে।গোলাগুলি মনে হয় বেড়েছে একটু। এই এই এই! আচমকা একটা বুলেট এসে লাগল। ঠিক ফেসবুকের বাঁ পাশে। ল্যাপটপের স্ক্রিন শেষ। ধোঁয়া বেরোচ্ছে। ল্যাপটপ পোড়া গন্ধ! বুঝলাম বাইরে ভালোই গন্ডগোল হচ্ছে।