ফিলিপাইনি গণতন্ত্রের ২৫ বছর
মধ্যপ্রাচ্যের দেশে দেশে চলতি বিক্ষোভ ফিলিপাইনিদের মনে করিয়ে দিচ্ছে ২৫ বছর আগের কথা। সেদিন গণতন্ত্রের দাবিতে এমনই উত্তাল হয়ে উঠেছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। ১৯৮৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ ফিলিপাইনের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ২০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা মার্কোসের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমে আসে।উত্তাল গণবিক্ষোভের মাত্র চার দিনের মাথায় দোর্দণ্ড প্রতাপশালী মার্কোস ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। শুরু হয় দেশটির গণতন্ত্রমুখী যাত্রা।মার্কোস তাঁর শাসনামলের বেশির ভাগ সময়ই পার করেছেন দেশে সামরিক শাসন জারি করে। যে গুটিকয় নির্ভীক মানুষ তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন, তাঁদের অন্যতম নিনয় অ্যাকুইনো। তাঁকে সরকার-বিরোধিতার দায়ে সাত বছরের কারাদণ্ড দেন মার্কোস। পরে অ্যাকুইনো যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে যান। ১৯৮৩ সালে তিনি দেশে ফেরার উদ্যোগ নেন। কিন্তু ম্যানিলা বিমানবন্দরে অবতরণের পর বিমানের সিঁড়ি দিয়ে নামার সময়ই (তখন সেখানে আজকের মতো ‘বোর্ডিং ব্রিজ’ ছিল না) আততায়ীর গুলিতে প্রাণ হারান।নিনয় অ্যাকুইনোর বিধবা স্ত্রী কোরাজন অ্যাকুইনোকে ঘিরে আন্দোলন দানা বাঁধতে থাকে। মার্কোস একটি লোক দেখানো নির্বাচন দেন। এই নির্বাচনে যথারীতি তিনি জেতেন। কিন্তু কেউই বিশ্বাস করেনি নির্বাচনের ফল।ম্যানিলার ইডিএসএ চত্বরে প্রভাবশালী ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল জেইমি সিনের নেতৃত্বে গণবিক্ষোভের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। বিক্ষোভের দ্বিতীয় দিনে আন্দোলনকারীদের হটাতে মার্কোস ট্যাংক পাঠালেও সেনারা গুলিবর্ষণ করতে অস্বীকার করে বসে।এ রকম পরিস্থিতিতে মার্কোসের সবচেয়ে বড় সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রও তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এত দিনের বন্ধু মার্কোসকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলেন। স্বৈরশাসক হিসেবে জানলেও মার্কোসকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র হিসেবে দেখত যুক্তরাষ্ট্র। সময় শেষ বুঝে নিয়ে ২৫ ফেব্রুয়ারি দেশ ত্যাগ করেন মার্কোস। খবরটি রটে গেলে ইডিএসএ চত্বরে আনন্দের বান বয়ে যায়।এরপর পেরিয়ে গেছে আড়াই যুগ। মাঝে দেশটিতে গণতন্ত্র ফিরে এসেছে। মার্কোসের মতো অত স্বৈরতান্ত্রিক হননি আর কোনো শাসকই। যদিও ১৯৮৬-এর পর দেশটিতে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচনেই ভোট কারচুপি হয়েছে।এশিয়া ফাউন্ডেশন ম্যানিলার প্রধান স্টিভেন রুডের ভাষ্যমতে, কোরাজন অ্যাকুইনো ক্ষমতায় আসার পর পরই বেশ কয়েকটি বাস্তব ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রায় তৎক্ষণাৎ ফিরিয়ে দেওয়া হয়। নতুন সংবিধান প্রবর্তিত হয়। অ্যাকুইনোর বিরুদ্ধে বেশ কয়েকবার অভ্যুত্থানের প্রচেষ্টা হলেও এক দশকের মধ্যে সেনাবাহিনীর ওপর আবার বেসামরিক সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।কিন্তু বিপ্লব শুধু অবিমিশ্র ভালোই বয়ে আনেনি। ১৫ বছর পরই আরেক দফা পিপল পাওয়ার বিদ্রোহ দেখেছে ফিলিপাইন। প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হন সে আন্দোলনে। বিস্ময়কর হলেও ফিলিপাইনের রাজনীতিতে ফিরে এসেছে মার্কোস পরিবার। মার্কোসের স্ত্রী ইমেলদা দেশে ফিরেছেন। কংগ্রেস সদস্যও হয়েছেন তিনি। মার্কোসের সন্তানদের কয়েকজন সরকারের বড় পদে অধিষ্ঠিত। ছেলে বংবং একজন প্রভাবশালী সিনেটর। তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়াতে পারেন। ইসরাত জাহান, বিভিন্ন বার্তা সংস্থা অবলম্বনে