ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত অবসান ঘটাবে নতুন প্রজন্ম
সবার অলক্ষ্যে কাছাকাছি চলে আসছে নতুন প্রজন্মের আরব ফিলিস্তিনি ও ইহুদি শিশুরা। বড়দের হিংসা-বিদ্বেষ আর বৈরিতার আড়ালে পড়ে থাকায় তা অবশ্য চোখে পড়ছে না তেমন। তবে বলাবলি হচ্ছে, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যদি শান্তি আসে, তাহলে এদের হাত ধরেই আসবে। বিবিসির সাংবাদিক হিউ সাইকস ইসরায়েলের একটি স্কুল ঘুরে এসে তুলে ধরেছেন সেই অনাগত দিনের একটি উজ্জ্বল ছবি। অনেক শান্তিপ্রিয় ইহুদিই ইসরায়েলের ভূমি জবরদখলকে ভালো চোখে দেখে না। তারাও ফিলিস্তিনিদের সমব্যথী। ইসরায়েলের মাটিতে আরব ও ইহুদি শিশুদের মধ্যে সখ্য যেভাবে বাড়ছে, তা চোখে পড়ার মতোই। এ ব্যাপারে ওয়াহদাত আল সালাম স্কুলের ফিলিস্তিনি শিক্ষক রাইদা বলেন, আরব ও ইহুদিদের মধ্যে এখন ভাবের আদান-প্রদান আগের চেয়ে অনেক বেশি। ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করা, তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের বিষয়টা ইহুদিরাও এখন ভালো চোখে দেখে না। এটা হয়েছে নতুন প্রজন্মের জন্য। ইংরেজি ও ইতিহাসের শিক্ষক রাইদা ১১ বছর বয়সী শিশুদের ক্লাস নিচ্ছিলেন। তিনি বিবিসির সাংবাদিক সাইকসকে দেখান, আরব ও ইহুদি শিশুরা একই টেবিলে বসে লেখাপড়া করছে।ওয়াহদাত আল সালাম নামের ওই স্কুলটি এমন একটি গ্রামে যেখানে ১৯৭০ সাল থেকে আরব ও ইহুদিরা একসঙ্গে বসবাস করে আসছে। আরব ও ইহুদি শিশুরা স্বতঃস্ফূর্তভাবে মেশে কি না এ প্রশ্নের জবাবে রাইদা বলেন, ‘অবশ্যই। তারা নিজের ইচ্ছায় একসঙ্গে খেলাধুলা করে। একসঙ্গে ঘুরতে যায়। ওরা একে অপরের বন্ধু।’সাংবাদিক সাইকস যেদিন ওই এলাকায় যান, সেদিন আরব ও ইহুদি শিশুরা একসঙ্গে ঘুড়ি তৈরি করছিল। তারা এটি করছিল ব্রিটিশ শিশুতোষ লেখক মাইকেল মরপুরগোর সম্মানে। সেদিন তাঁর ওই স্কুলে যাওয়ার কথা ছিল। মরপুরগোর বিশ্বাস, মধ্যপ্রাচ্যে যদি শান্তি আসে, তাহলে তা তরুণ আরব ও ইহুদিদের মাধ্যমেই হবে।আরব ও ইহুদি শিশুরা বছরের পর বছর ধরে চলা ওই তিক্ত সম্পর্কের বিষয়ে জানে। সবকিছু জেনেশুনেই তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠছে। এ গ্রামের আরব ও ইসরায়েলি শিশুরা একে অন্যকে ভাই বলেই সম্বোধন করে থাকে। রামি ও মাজেনের সম্পর্কটা সে রকমই। রামি ইহুদি। মাজেন ফিলিস্তিনি আরব। তারা ঘনিষ্ঠ বন্ধু। একে অন্যকে ডাকে ভাই বলে। মাজেনের ৬২ বছর বয়স্ক বাবা মারা গেছেন ইসরায়েলি সেনাদের গুলিতে। আর রামির ১৪ বছর বয়সী এক বোন মারা গেছে ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলায়। এর পরও তারা ঘনিষ্ঠ বন্ধু।শান্তি-প্রক্রিয়ার সাফল্যের জন্য শিশুদের এই সম্প্রীতিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন সিরীয় আইনজীবী হিন্দ কাবাওয়াত। বিরোধ মীমাংসার বিষয়ে একজন বিশেষজ্ঞ তিনি। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের একসূত্রে গাঁথা সম্ভব কি না এ প্রশ্নের জবাবে কাবাওয়াত বলেন, ‘অবশ্যই সম্ভব। তবে এ ক্ষেত্রে আলাপ-আলোচনার কোনো বিকল্প নেই।’