ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ফিলিস্তিনিদের প্রচেষ্টা নিয়ে বিশ্বের অনেক কূটনীতিক আগামী দুই মাস বেশ ব্যস্ত থাকবেন। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ফিলিস্তিনিদের চেষ্টা প্রায় নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষ গত ২৭ জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা জাতিসংঘের কাছে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করতে ইচ্ছুক। ফিলিস্তিনিদের যুক্তি, তারা ইসরায়েলের দখল করা ফিলিস্তিন ভূখণ্ডের স্বাধীনতার জন্য অচল হয়ে পড়া শান্তি-প্রক্রিয়ার মুখ চেয়ে আর অপেক্ষা করতে পারে না।স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেতে ফিলিস্তিনিদের জাতিসংঘের শক্তিশালী নিরাপত্তা পরিষদের অনুমোদন এবং সাধারণ পরিষদের ১৯২টি সদস্য দেশের মধ্যে দুই-তৃতীয়াংশ বা ১২৮টি দেশের ভোট পেতে হবে। সাধারণ পরিষদে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি সমর্থন পাওয়া যাবে, কিন্তু নিরাপত্তা পরিষদের বাধা পার হওয়া দৃশ্যত অসম্ভব। কারণ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রস্তাবে ভেটো দেওয়ারই কথা। এ ব্যাপারে ফিলিস্তিনের কৌশল হলো, সম্ভাব্য বৃহত্তম মাত্রায় সমর্থন জোগাড় করা, যাতে ওয়াশিংটন ভেটো দিতে নিরুৎসাহিত হয়। ইতিমধ্যে ১১২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর জানিয়েছেন, এ সংখ্যা ১২০-এর দিকে এগিয়ে যাচ্ছে।ফিলিস্তিনিরা আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোর কাছ থেকে জোরদার—সম্ভবত সর্বসম্মত—সমর্থন পাওয়ার আশা করতে পারে। আরব দেশগুলোর কাছ থেকে তো সমর্থন পাবেই।আগে হলে মিসরের মতো মার্কিন মিত্ররা ফিলিস্তিনিদের এ কথা বলে সতর্ক করে দিত যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে যাওয়ার দরকার নেই। কিন্তু আরব বিশ্বে চলমান গণতন্ত্রকামী আন্দোলনের প্রেক্ষাপটে এ ধরনের সতর্কতা আর থাকছে না।মধ্যপ্রাচ্যে এবং এর বাইরেও এখন সাধারণভাবে মনে করা হয়, শান্তি-প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পেছনে ইসরায়েলের একগুঁয়েমি দায়ী। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নমনীয় করতে ব্যর্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যাপারেও অনেকে হতাশ।এ ব্যাপারে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত তুর্কি আল-ফয়সাল। এ ব্যাপারে তিনি সতর্ক করে দিয়ে ওয়াশিংটন পোস্ট-এ লিখেছেন, ওয়াশিংটন তার ভেটো-ক্ষমতা প্রয়োগ করলে তা সৌদি-মার্কিন সম্পর্কে ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনবে।জাতিসংঘের সদস্য দেশগুলোর সমর্থনের পাশাপাশি ফিলিস্তিন কর্তৃপক্ষ জনগণকে দাবি আদায়ের জন্য রাস্তায় বড় ধরনের জমায়েতেরও প্রতিশ্রুতি দিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, ‘আমাদের কৌশল হলো, সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশের বেশি ভোট পাওয়া এবং তারপর নিরাপত্তা পরিষদের ফটকে জোরদার কড়া নাড়া এটা দেখতে যে কেউ এর বিপক্ষে কি না।’রিয়াদ মনসুর বলেন, ‘সেপ্টেম্বরের দিনটির আগের সপ্তাহগুলোয় যদি লাখো ফিলিস্তিনি রাস্তায় থাকে আর আরব দেশগুলোর রাজধানীতে লাখ লাখ আরব সমর্থন দেয়...তখন আমাদের আবেদন অগ্রাহ্যের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার যুক্তি কী হবে?’ইসরায়েলও তাদের সমীহ করার মতো ‘লবিং মেশিন’ চালু করে ফেলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ রাষ্ট্রদূতদের কাছে পাঠানো একটি গোপন বার্তায় তাঁদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত দেশের জ্যেষ্ঠ রাজনীতিকদের দ্বারস্থ হওয়া এবং স্থানীয় ইহুদিসম্প্রদায় ও প্রচারমাধ্যমকে দলে টানার চেষ্টা করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা কী করছেন, সেটা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সেপ্টেম্বর ফোরামকে’ জানাতেও বলা হয়েছে।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে, জাতিসংঘের সদস্যপদের ব্যাপারে ফিলিস্তিনের উদ্যোগ ইসরায়েল রাষ্ট্রের বৈধতাকে ক্ষতিগ্রস্ত করবে। ফিলিস্তিনিদের এই চেষ্টা চালানোর অর্থ হলো, তারা আলোচনা বাদ দিয়ে একতরফাভাবে লক্ষ্য অর্জন করতে চাইছে।ইসরায়েল জানে, ফিলিস্তিনিরা সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোট পেতে পারে। কিন্তু তারা মনে করে, ফিলিস্তিনিরা গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশের ভোট না পেলে ওই সমর্থনের তেমন ওজন থাকবে না।গোপন এক বার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রাফায়েল বারাক বলেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশগুলোকে নিয়ে একটি ব্লক তৈরি করা, যারা সেপ্টেম্বরে স্বীকৃতির জন্য একতরফা ফিলিস্তিন উদ্যোগের বিপক্ষে কাজ করবে।’তবে এ পর্যন্ত ইউরোপীয়রা এই ইস্যুতে বিভক্ত। ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয়দের অবস্থান এক নয়। জার্মানি, ইতালি ও নেদারল্যান্ড এ-সংক্রান্ত কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে পারে বা ভোটদানে বিরত থাকতে পারে। কিন্তু অন্যরা যেমন—যুক্তরাজ্য ও ফ্রান্স ইঙ্গিত দিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে শান্তি-প্রক্রিয়া কোনো অর্থপূর্ণ পর্যায়ে না পৌঁছলে তারা ফিলিস্তিনের প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে পারে।মার্কিনদের সঙ্গে ইউরোপের তফাত হলো, ইউরোপীয়রা মনে করে, মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার জন্য বৈধ ফোরাম হচ্ছে জাতিসংঘ। কিন্তু ওয়াশিংটন ইসরায়েলের এই অবস্থানকে সমর্থন করে যে দ্বিপাক্ষিক আলোচনাই সবচেয়ে ভালো পন্থা। যুক্তরাষ্ট্র মিত্র ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা বিষয়টি নিরাপত্তা পরিষদের বাইরে রাখবে। ইউরোপীয় রাষ্ট্রগুলোও মনে করে, এই বিরোধ মীমাংসার একমাত্র উপায় আলোচনা। কিন্তু ফিলিস্তিনিদের মতো তারাও মনে করে, এটি শূন্যতার মধ্য দিয়ে চলতে পারে না। তাই বিশেষ করে, যুক্তরাজ্য ও ফ্রান্স সংলাপের একটি সুস্পষ্ট কাঠামো তৈরির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। জার্মানিকে সঙ্গে নিয়ে তারা চারটি প্রস্তাব দিয়েছে। প্রথমত, ১৯৬৭ সালে ইসরায়েলের দখল করা ভূখণ্ডের ভিত্তিতে সীমান্ত হতে পারে, যাতে পারস্পরিক সমঝোতাভিত্তিক সমন্বয় থাকবে। দ্বিতীয়ত, উভয় পক্ষ দখলদারি ও সন্ত্রাসবাদ পরিত্যাগ করবে এ মর্মে নিরাপত্তাগত ব্যবস্থা। তৃতীয়ত, জেরুজালেমকে যৌথভাবে রাজধানী করা এবং চতুর্থত, উদ্বাস্তু সমস্যার ন্যায্য সমাধান করা।প্রেসিডেন্ট বারাক ওবামা এ পর্যন্ত এর অর্ধেকের মতো বিষয়ে একমত হয়েছেন। সম্প্রতি একটি নীতিনির্ধারণী ভাষণে তিনি ঘোষণা করেছেন, ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র অবশ্যই ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী হতে হবে। পাশাপাশি তিনি ইসরায়েলের নিরাপত্তার প্রয়োজনকেও সমর্থন দিচ্ছেন।ফিলিস্তিনিরা আলোচনায় ফেরার স্বার্থে ওবামার এই শর্ত মেনে নিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা সরকারিভাবে বলেন, আলোচনা আবার শুরু করতে তাঁদের কোনো শর্ত নেই। কিন্তু ১৯৬৭ সালের অবস্থানে ফিরে যাওয়ার ধারণা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন তাঁরা।কূটনীতিকেরা বলছেন, উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরতে রাজি করানোর জন্য জোরদার প্রচেষ্টার পাশাপাশি ইউরোপীয়রা ওপরের চারটি শর্তের ব্যাপারে আন্তর্জাতিক সমর্থনের উপায় খুঁজছে। এ জন্য একটি সম্ভাব্য ফোরাম হচ্ছে নিরাপত্তা পরিষদ। ইউরোপীয় দেশগুলোর আশা, এটি করা গেলে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একতরফাভাবে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে রাজি করা যাবে।ফিলিস্তিনের স্বীকৃতি পাওয়ার আবেদনে যদি নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বা কেউ ভেটো দেয়, তবে পরে ফিলিস্তিনিরা সাধারণ পরিষদে আবেদন করতে আর পারবে কি না, সেটি স্পষ্ট নয়। একটা বিষয় নিশ্চিত যে নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া সাধারণ পরিষদজাতিসংঘের সদস্যপদের অনুমোদন দিতে পারে না। মার্কিনদের মতো ইউরোপও চায় না বিষয়টি তত দূর গড়াক। তাদের ভয়, ফিলিস্তিনিদের আবেদনে ভেটো দিলে ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো তার ইউরোপীয় মিত্রদের রাজনৈতিক ভাবমূর্তিতে বিশাল ধাক্কা লাগবে।তাদের মধ্যে সহিংসতারও ভয় আছে। অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্র যদি কোনো বিকল্প প্রস্তাব না দিয়ে ফিলিস্তিনের সদস্যপদের আবেদনে ভেটো দেয়, তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষ সম্ভাব্য বিশাল বিক্ষোভ আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। কেউ কেউ বলছেন, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া ‘আরব বসন্তের’ সঙ্গে এক হয়ে এই বিক্ষোভ তৃতীয় ইন্তিফাদাও (ফিলিস্তিনি গণবিক্ষোভ) ডেকে আনতে পারে।সূত্র: বিবিসি