ফিলিস্তিন: স্বাধীনতা নিয়ে টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ নিয়ে ‘শোডাউনটা’ তেমনই হলো, যেমন ধারণা করেছিলেন সবাই। ২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবেদন পেশের সময় সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত নেতারা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন সংগ্রামী জাতিটির স্বতন্ত্র রাষ্ট্রের প্রচেষ্টাকে। কিছু সময় পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী এর সমালোচনা করে নিজেদের যুক্তি তুলে ধরেন। কিছুদিন ধরেই দিয়ে আসা ভেটোর হুমকি ইতিমধ্যেই জাতিসংঘে তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে পারমাণবিক নিরাপত্তা, আঞ্চলিক সংঘাত বা পরিবেশের মতো জরুরি বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকলেও সবকিছুর ওপর ছায়া মেলে ছিল ফিলিস্তিনি ইস্যু। সে হিসেবে, শিগগিরই মার্কিন এক ভেটোতেই প্রস্তাব নস্যাৎ হয়ে গেলেও ইতিমধ্যেই ফিলিস্তিনিদের এক বড় ‘জনসংযোগ বিজয়’ হয়ে গেছে।এ মুহূর্তে রাষ্ট্র প্রস্তাবের বিরোধী যুক্তরাষ্ট্রের বক্তব্য, জাতিসংঘ ভোট দিয়ে নয়, পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র হতে হবে ফিলিস্তিন-ইসরায়েল আলোচনার ভিত্তিতে। কারণ, ইসরায়েলের সম্মতি ছাড়া তা সম্ভব নয়। এ বিষয়ে ফিলিস্তিনিরা এখন বলছে, আলোচনা তো অনেক হলো, কাজের কাজ তত হয়নি। তাদের কথা, এত দিন ধরে চলা ‘শান্তিপ্রক্রিয়ায়’ শান্তি আসেনি, কেবল ‘প্রক্রিয়াতেই’ আটকে আছে। ফিলিস্তিনি দাবির প্রবল বিরোধিতা করতে কসুর করেনি ইসরায়েল। তাদের কথা, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে হোক। এর আগে নিশ্চয়তা দিতে হবে যে স্বাধীন হওয়ার পর তারা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। ফিলিস্তিন ইস্যু নিয়ে একটা বিচিত্র পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন নীতির ধারাবাহিকতা বজায় রেখে ‘এক তরফা’ স্বাধীনতা ঘোষণার ফিলিস্তিনি প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ভেটো ক্ষমতা প্রয়োগের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে বড় বড় ইহুদি সংগঠনে তাঁর নামে ধন্য ধন্য পড়ে যায়। কিন্তু প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকান দলের অনেক নেতা এতেও খুশি নন। ২০১২ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার ভাবমূর্তিকে নিশানা করে তাঁরা বলছেন, মুখে ওবামা যা-ই বলুন না কেন, তলে তলে ফিলিস্তিনের ঘোর সমর্থক। মাহমুদ আব্বাস সেদিন জাতিসংঘে তাঁর ভাষণে বলেন, দিনের পর দিন চলতে থাকা শান্তিপ্রক্রিয়া নিয়ে হতাশ হয়ে তাঁরা জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের কঠোর অবস্থানের কারণে বারবার গুঁড়িয়ে গেছে শান্তি আলোচনার চেষ্টা। এখন এতে আর আস্থা নেই তাঁদের। আব্বাস ‘ফিলিস্তিন স্বাধীনতা সংস্থার’ (প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন— পিএলও) ১৯৮৮ সালের সিদ্ধান্তমতো ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রের আয়তন নির্ধারণের দাবি তোলেন। ’৬৭ সালে ছয় দিনের ‘আরব-ইসরায়েল যুদ্ধে’ ইসরায়েল অন্যান্য এলাকার সঙ্গে ফিলিস্তিনিদের আবাস জর্ডান নদীর পশ্চিম তীর ও গাজার অনেকখানি জায়গা দখল করে নেয়। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওই যুদ্ধে লড়েছিল মিসর, সিরিয়া ও জর্ডানের সেনারা। দখল করা ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের ইসরায়েলি সিদ্ধান্তকে ঔপনিবেশিক কৌশলের সঙ্গে তুলনা করেন আব্বাস। তিনি বলেন, এই বসতি নির্মাণ ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বের জন্য রীতিমতো হুমকি। শান্তিচুক্তির বিভিন্ন পর্যায়ে ইসরায়েল কিছু কিছু ফিলিস্তিনি এলাকা থেকে ইহুদি বসতি ভেঙে দিতে বাধ্য হয়েছে। কিন্তু নতুন বসতি নির্মাণ সম্পূর্ণ বন্ধ হয়নি। এ নিয়ে এখনো চলে তিক্ত দর-কষাকষি।আব্বাসের বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণাধীন গাজায় ইসলামি জঙ্গিরা দিন দিন কীভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তা উল্লেখ করেন তিনি। দখল করা এলাকা থেকে ইসরায়েলিদের সরিয়ে নিলে শান্তি ফিরে আসবে—এমন সম্ভাবনা নাকচ করে দেন নেতানিয়াহু। বরং এর বিপরীত ঘটনাই ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ইসরায়েলের ওপর হামাসের রকেট হামলার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘মধ্যপন্থীরা কখনো চরমপন্থীদের হারাতে পারেনি। মধ্যপন্থীদের বরং পেয়ে বসেছে চরমপন্থীরা। চরমপন্থীদের জন্য আমরা শান্তি পাইনি, পেয়েছি যুদ্ধ।’ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম তীরে একই ঘটনা আর ঘটবে না—এ ব্যাপারে তাঁর নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ পশ্চিম তীরের কাছেই রয়েছে কয়েকটি বড় ইসরায়েলি শহর। নেতানিয়াহু বলেন, আব্বাস শান্তিপ্রতিষ্ঠার অনেক সুযোগ হাতছাড়া করেছেন। এখন তিনি স্বীকৃতির দাবি নিয়ে জাতিসংঘে হাজির হয়েছেন। কিন্তু ফিলিস্তিনের সঙ্গে বিরোধের মূল বিষয় বসতি স্থাপন নয়। ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের এখনো মেনে না নিতে চাওয়াটাই বিরোধের মূল উৎস।ইসরায়েল বলছে, সাধারণ পরিষদে ভোটাভুটিতে ফিলিস্তিনিরা হয়তো জয়লাভ করবে। কিন্তু এতে তাদের লক্ষ্য পূরণ হবে না। যুক্তরাষ্ট্রের এক ভেটোতেই তাদের আশা ধূলিসাৎ হয়ে যাবে। কাজেই শান্তিপ্রতিষ্ঠার জন্য আলোচনাই একমাত্র পথ। নতুন করে আলোচনার জন্য এর মধ্যে উদ্যোগ নিয়েছে চার মধ্যস্থতাকারী জাতিসংঘ, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তৈরি করেছে প্রস্তাবিত কর্মকাঠামো। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২১ সেপ্টেম্বর ওবামার দেওয়া ভাষণ যুক্তরাষ্ট্রের প্রায় সব কটি বড় ইসরায়েলি সংগঠনের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু ওবামার বিপক্ষ শিবির রিপাবলিকান দলের নেতারা বলছেন অন্য কথা। বিশেষ করে যাঁরা পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। তাঁরা বলছেন জাতিসংঘের সদস্যপদ আদায়ে সরব হতে ফিলিস্তিনিদের উৎসাহ জোগাচ্ছেন তিনি।টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর রিক পেরি বলেন, ‘ওবামার মধ্যপ্রাচ্য-বিষয়ক নীতি যদি এমন সাদামাটা, উদ্ধত ও ভুল না হতো, তাহলে আমরা এই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তাম না।’আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করছেন ওবামার মধ্যপ্রাচ্য নীতি ভুল। এতে ইহুদিদের সমর্থক মার্কিন নাগরিকদের অনুভূতিতে নাড়া দেওয়া যাবে বলে তাদের আশা। অতি সম্প্রতি ওবামার মধ্যপ্রাচ্য-বিষয়ক নীতির সমালোচনা করে দাঁও মেরেছেন রিপাবলিকান নেতা বব টার্নার। চলতি মাসেই নিউইয়র্কের একটি কংগ্রেস আসনের বিশেষ নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ডেভিড ওয়েপ্রিনকে পরাজিত করেন। আসনটি ১৯২৩ সাল থেকে ডেমোক্র্যাটদের দখলে ছিল। নিউইয়র্ক যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতি এক বড় সমর্থনের ঘাঁটি। এ ব্যাপারে নিউইয়র্কের সাবেক মেয়র ডেমোক্র্যাট নেতা এড কোচ বলেন, বব টার্নারের এই বিজয় ওবামার জন্য এক বিশাল বার্তা যে ইসরায়েল নিয়ে তিনি যা করছেন, এতে আমরা মোটেও খুশি নই।পুনর্নির্বাচনের পরীক্ষা সামনে আর সাম্প্রতিক জনমত জরিপে নাগরিকদের কাছে গ্রহণযোগ্যতা মাত্র ৩৯ শতাংশ এমন সময়ে বারাক ওবামার বোধ হয় এড কোচদের কথায়ই কান দিতে হবে। ফিলিস্তিনিরা এবং তাদের ধৈর্যের বাঁধ একেবারেই ভেঙে যাওয়া ঠেকাতে ‘কুয়ার্টেট’ নামে পরিচিত চার আলোচক নেতা কী করেন, তা-ই এখন দেখার।