ফিলিস্তিনিদের সমস্যা ভূগোলেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি ভূখণ্ডের দুই অংশ গাজা উপত্যকা ও পশ্চিমতীর এখন নিয়ন্ত্রণ করে যথাক্রমে কট্টরপন্থী দল হামাস ও অপেক্ষাকৃত উদারপন্থী ফাত্তাহ। দীর্ঘ দ্বন্দ্ব-সংঘাতের পর গত বছরের মে মাসে দল দুটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ঐক্যের সব বিষয় এখনো চূড়ান্ত করতে পারেনি তারা। তবে শুধু রাজনৈতিক মতাদর্শের বিভক্তিই নয়, গাজা ও পশ্চিমতীরের ভৌগোলিক অবস্থানও ফিলিস্তিনের ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।১৩ বছর বয়সী উদয় আল হাদ্দার বলে, ‘আমি শুধু বাবাকে দেখতে চাই। তাঁর চেহারাও আমার ভালো করে মনে নেই।’ উদয়ের মা আলিয়া বলেন, ‘আমার স্বামী মারা গেলে বুঝতাম তাঁকে আর কখনোই দেখতে পাব না। কিন্তু এমন এক অন্ধকারে আছি যে তাঁকে দেখতে পাব কি পাব না, তা জানি না।’আলিয়া তাঁর তিন সন্তানকে নিয়ে গাজায় বাস করেন। তাঁর স্বামী ইসার জন্ম পশ্চিমতীরে। বিয়ের পর স্ত্রী ও সন্তানকে নিয়ে গাজায় ছিলেন ইসা। পরে তিনি একা পশ্চিমতীরে ফিরে যান। বেশ কয়েক বছর ধরে ইসার সঙ্গে পরিবারের দেখা হয় না। ইসা ফাত্তাহ নিরাপত্তা বাহিনীর সদস্য। গাজায় বসবাস করার সময় হামাস কর্তৃপক্ষ বেশ কয়েকবার তাঁকে গ্রেপ্তার করে। আলিয়ার আশঙ্কা, গাজায় এলে তাঁকে আবার গ্রেপ্তার করা হবে। আলিয়া জানান, তিনি স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পশ্চিমতীরে প্রবেশের অনুমতি চেয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যাত হয়। পশ্চিম তীরের অধিকাংশ এলাকাই ইসরায়েলের দখলে।ভৌগোলিক অবস্থান যে ফিলিস্তিনিদের ঐক্যের ক্ষেত্রে কত বড় বাধা, তা ইসা-আলিয়া পরিবারের ঘটনা থেকেই স্পষ্ট। এ সমস্যাটি কাটিয়ে ওঠা বেশ কঠিনই মনে হচ্ছে।ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিমতীরের মধ্যে চলাচলের জন্য ইসরায়েলের অনুমতি নিতে হয়। ২০০০ সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ‘ইন্তিফাদা’ বা গণবিক্ষোভ শুরু হলে ইসরায়েল ফিলিস্তিনিদের চলাফেরায় এ কড়াকড়ি আরোপ করে। ইসরায়েলের মানবাধিকার সংগঠন গিসার কর্মকর্তা সারি বাসি বলেন, ‘গাজা ও পশ্চিমতীরকে আলাদা করে রাখার কৌশল ইসরায়েলি নীতির অংশ। এর ফলে পরিবার, সমাজ বিভক্ত হয়েছে। অর্থনীতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’ ইসরায়েল বলছে, ২০১১ সালে তারা ৩৮ হাজার ফিলিস্তিনিকে ভ্রমণের জন্য বাইরে যাওয়ার সুযোগ দেয়। ইসরায়েলের আশঙ্কা, গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিরা তাদের ওপর হামলা চালাতে পারে। এর আগেও এটা হয়েছে বলে দাবি তাদের। ফিলিস্তিনিদের চলাচলের সুবিধার জন্য কয়েক মাস আগে তার রাফা সীমান্ত খুলে দিয়েছে মিসর। ওই সীমান্ত পার হয়ে দিনে পাঁচ থেকে সাত শ লোক মিসরসহ বিভিন্ন গন্তব্যে যায়। কিন্তু গাজার লোকজন মিসরে যাওয়ার চেয়ে পশ্চিমতীরে যেতেই বেশি আগ্রহী। এর কারণ পশ্চিমতীরে তাদের আত্মীয়-পরিজন ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে। এ ছাড়া মিসর হয়ে পশ্চিমতীরে যেতে অনেক পথ পাড়ি দিতে হয়।ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মাসে ঘোষণা দেন তিনি চলতি বছরের শেষদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় ঐকমত্যের সরকারের দিকে এগোচ্ছেন বলে জানান আব্বাস। কিন্তু ফিলিস্তিনিরা খুব আশ্বস্ত হতে পারছে না। কারণ বেশকিছু বিষয় তাদের মনে সন্দেহ ও হতাশার সৃষ্টি করেছে। তবে গাজার সব মানুষ যেমন হামাসকে সমর্থন করে না, তেমনি পশ্চিমতীরের সবাই ফাত্তাহর সমর্থক নয়। ফিলিস্তিনিরা মনে করে, ইসরায়েল গাজা ও পশ্চিমতীরকে পৃথক করে রেখেছে। এটা হামাস ও ফাতাহর মধ্যে আলোচনার মাধ্যমে কিছু অর্জন করতে বাধার সৃষ্টি করছে।ইসরায়েল হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে। তাই ফাত্তাহর সঙ্গে হামাসের সমঝোতা চুক্তিকে মেনে নিতে পারেনি।গাজার বাসিন্দা ৪৫ বছর বয়সী আন্দালিব আদওয়ান বলেন, ‘হামাস ও ফাত্তাহর মধ্যে দ্বন্দ্ব আছে। তবে এতে ইসরায়েলেরও হাত আছে।’বিবিসি অবলম্বনেমাহফুজার রহমান