ফিলিস্তিনিদের হাতে নতুন ক্ষমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা ‘ভূখণ্ড’ থেকে ‘অসদস্য রাষ্ট্রে’ উন্নীত হওয়ায় আনন্দের জোয়ার বইছে; তা হওয়ারই কথা। এ পর্যন্ত আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি ফিলিস্তিনি নেতাদের। বলা হচ্ছে, সাধারণ পরিষদের এই অনুমোদন সার্বভৌম রাষ্ট্রের পথে অনেকখানি এগিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের।এমনিতে এক সপ্তাহ আগের চেয়ে ফিলিস্তিনশাসিত ভূখণ্ডে কোনো পরিবর্তন চোখে পড়বে না। ফিলিস্তিনি সমাজ রাজনৈতিক ও ভৌগোলিকভাবে এখনো বিভক্ত। গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) শাসন করছে পশ্চিম তীর। ফিলিস্তিনিদের অর্থনৈতিক সমস্যা অচিরেই দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই; বরং ক্ষুব্ধ ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের রোষে সরকারি কোষাগারের টানাটানি বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই ইসরায়েল ফিলিস্তিনের প্রাপ্য কর ও শুল্কের টাকা আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে। সময় সময় চলাফেলার ওপর নিয়ন্ত্রণসহ ইসরায়েলি দখলদারির সমস্যাগুলোও রাতারাতি উবে যাবে না। ইসরায়েলের সঙ্গে শান্তিপ্রক্রিয়ায় অচলাবস্থা তো আছেই।এভাবে দেখলে কারও মনে হতেই পারে, জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা বাড়লেও তার বাস্তব মূল্য নেই। এ নেহাতই প্রতীকী। কিন্তু খুবই বাস্তব একটি কথা হচ্ছে, মধ্যপ্রাচ্য এমন একটি স্থান, যেখানে প্রতীকী তাৎপর্য একটি বড় বিষয়।ভোটের আগে জাতিসংঘের কর্মপ্রক্রিয়া-সংক্রান্ত একটি ‘টেকনিক্যাল’ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সবাই ব্যাপক আগ্রহী হয়ে উঠেছিলেন। প্রশ্ন উঠেছিল, এর ফলে কি ফিলিস্তিনিরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিগম্যতা পাবে? এর জবাব যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে অন্তত তত্ত্বগতভাবে ফিলিস্তিনিরা পশ্চিম তীরে বসতি নির্মাণনীতির জন্য ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে পারবে। ইসরায়েলের ওই কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে ব্যাপকভাবে মনে করা হয়; যদিও দেশটি তা মানে না। তবে আদালতে যেতে সত্যিই খুব আগ্রহী নয় তারা। ফিলিস্তিনিরা যদি খুব শিগগির এই উদ্যোগ নাও নেয়, পছন্দমতো সময়ে নিতে পারে—সেই হুমকিই তাদের হাতে একটি শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার।ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিনিদের এসব কার্যকলাপ ইতিমধ্যেই শান্তি আলোচনার পথকে আটকে দিতে শুরু করেছে। অন্যদিকে, অনেক ফিলিস্তিনির যুক্তি হচ্ছে, শান্তিপ্রক্রিয়ার হাল এতই খারাপ হয়ে পড়েছে যে একটা বিকল্প পথ খোঁজা সাধারণ বুদ্ধির কথা। নিউইয়র্কে ভোটের আগে ফিলিস্তিনি কৌশল নস্যাৎ করার চেষ্টা কম করেনি ইসরায়েল; অন্তত প্রভাবশালী মিত্রদের সমর্থন যাতে পাওয়া যায়, সে চেষ্টা করেছে। তবে তাতে খুব একটা কাজ হয়নি। ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য ও জার্মানি পক্ষে না দিলেও ভোটদানে বিরত থেকে ইসরায়েলের পক্ষে যায়নি। যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই ইসরায়েলের পক্ষে ছিল। কিন্তু তার পাশে মূলত ছিল পালাও এবং মাইক্রোনেশিয়ার মতো নগণ্য কূটনৈতিক শক্তি।এ ধরনের যুগান্তকারী মুহূর্তে স্বাভাবিকভাবেই সম্ভাব্য ভবিষ্যতের দিকে দৃষ্টি নিবদ্ধ হয়। জাতিসংঘের ভোটাভুটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান তথা সার্বিক ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে তর্কবিতর্ক চলছে এবং চলবে। তবে এই ভোটাভুটি থেকে দীর্ঘদিনের জটিল বিষয়টি নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের মত কোন পর্যায়ে আছে, তার একটা ধারণা পাওয়া গেল, যেটা কম গুরুত্বপূর্ণ নয়।মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে কোনো কিছুই সরল নয়। ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রক হামাসের মধ্যকার সাম্প্রতিক সংঘাত আরববিশ্বে কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠনটির মানমর্যাদা বাড়ানোরই কথা। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। পশ্চিম তীর শাসনকারী মধ্যপন্থী ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনোযোগ দিয়েছে কূটনৈতিক উপায়ের দিকে। শেষ পর্যন্ত বিশ্ব সমর্থন তাদের পক্ষেই গেছে। এ কারণে মনে করা হচ্ছে, যারা ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়েছে বা ভোট দেওয়া থেকে বিরত ছিল, তাদের কেউ কেউ হয়তো আসলে পিএর অধিকতর মধ্যপন্থী ধর্মনিরপেক্ষদেরই এগিয়ে নিতে চেয়েছে; এটি ঢালাওভাবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া নয়।ইসরায়েল যে এই বড় কূটনৈতিক পরাজয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে চাইবে, তা খুব স্বাভাবিক। ইতিমধ্যে কিছু ঘটনাও ঘটেছে। ভোটের পরদিনই অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বসতিগুলোয় তিন হাজার বাড়ি নির্মাণ অনুমোদনের ঘোষণা দিয়েছে দেশটি। এ ছাড়া আন্তর্জাতিক নিন্দার ঝড় ওঠার পর ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, কারও চাপে তারা পিছিয়ে যাবে না। ফিলিস্তিনিদের প্রাপ্য করের টাকা পরিশোধও আটকে দিচ্ছে ইসরায়েল। ‘যুদ্ধাপরাধের’ বিচার চাইতে আইসিসির দ্বারস্থ হলে ইসরায়েল কীভাবে জবাব দিতে পারে, এ থেকে কিছুটা হলেও ধারণা করা যায়।এমন কিছু একটা যে হতে পারে, ফিলিস্তিনিরা নিশ্চয়ই সে কথা আগে থেকেই জানত। কিন্তু ইহুদি বসতি নিয়ে দুই পক্ষের মধ্যে যে যোজন যোজন ব্যবধান রয়ে গেছে আর এর সমাধানও দূর অস্ত, এ ঘটনা তা-ই আরেকবার মনে করিয়ে দিয়েছে। জাতিসংঘে মর্যাদা বৃদ্ধিতে ফিলিস্তিনি এলাকার একটি সড়কও মেরামত হয়ে যাবে না বা একটি অভুক্ত শিশুর মুখেও দুমুঠো খাবার উঠবে না। কিন্তু আবারও বলতে হয়, এই প্রতীকী অর্জনের গুরুত্বকে খাটো করে দেখার উপায় নেই। এ স্বীকৃতি বিশেষ করে একটি ব্যাপার সামনে তুলে আনবে, তা হচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নাম-পরিচয়ের বিষয়। মধ্যপ্রাচ্যের এ সংকটকে বিশ্ব বলে আসছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ হিসেবে। লক্ষণীয়, ইসরায়েল একটি জাতিরাষ্ট্রের নাম, অন্যদিকে ‘ফিলিস্তিনি’ কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক অস্তিত্ব নয়, বরং একটি জনগোষ্ঠীর নামমাত্র। এ প্রশ্ন উঠতে বাধ্য যে জাতিসংঘে মর্যাদা বৃদ্ধিতে এখন থেকে কি ওই জনগোষ্ঠীর ভূখণ্ডকে বোঝাতে কূটনীতি আর সাংবাদিকতার জগৎ ‘প্যালেস্টাইন’ শব্দটির ব্যবহার শুরু করবে? আর না যদি করে, তবে সেই দিন আর কত দূরে? বিশ্বজুড়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সম্পাদকদের সভাকক্ষে হয়তো এ নিয়ে চায়ের কাপে ঝড় উঠবে এখন। সূত্র: বিবিসি