ফিস্টুলার জন্য আর্থসামাজিক অবস্থা দায়ী
প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফেরদৌসী ইসলামের সঙ্গে

প্রথম আলো: দেশে প্রতি তিন হাজার বিবাহিত নারীর মধ্যে পাঁচজন প্রসবজনিত ফিস্টুলায় ভুগছেন। এটি থেকে মুক্তির উপায় কী?
ফেরদৌসী ইসলাম: প্রসবজনিত ফিস্টুলার কারণ মূলত বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৪-এর জরিপে দেখা যায়, ৫৮ শতাংশ নারীর প্রসব বাড়িতেই হচ্ছে। এই ধরনের প্রসব বেশির ভাগই হচ্ছে অদক্ষ ধাত্রীর দ্বারা। ফলে অদক্ষ ধাত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন না। এ জন্য দক্ষ ধাত্রী দ্বারা প্রসব করাতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীরা প্রসব করানোর সময় পার্টোগ্রাফের মাধ্যমে বাধাগ্রস্ত প্রসব শনাক্ত করতে পারে। ফলে জরুরি প্রসূতি সেবাকেন্দ্রে প্রসূতি মাকে পাঠিয়ে দেবে। এর ফলে নতুন ফিস্টুলা আক্রান্ত নারীর সংখ্যা বহুলাংশে কমে যাবে।
প্রথম আলো: ফিস্টুলার জন্য আর্থসামাজিক অবস্থা কতটা দায়ী?
ফেরদৌসী ইসলাম: অনেকখানি দায়ী। প্রসবজনিত ফিস্টুলা রোগীরা বেশির ভাগই দরিদ্র। নারীরা স্বাবলম্বী নন। আর্থিক ও সামাজিক অক্ষমতার কারণে অদক্ষ ধাত্রী দ্বারা বেশির ভাগ প্রসব বাড়িতে হয়। তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে যান না। অথবা দেরিতে যান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অজ্ঞতার কারণেও এই ধরনের সংকট দেখা দেয়।
প্রথম আলো: প্রসবজনিত ফিস্টুলা একজন নারীর জীবনে কী ধরনের বিপর্যয় ডেকে আনে?
ফেরদৌসী ইসলাম: আক্রান্ত নারীর অনবরত প্রস্রাব-পায়খানা ঝরতে থাকায় দুর্গন্ধের জন্য সামাজিক ও মানসিকভাবে হন নিগৃহীত। এসব অসহায় নারীকে সমাজ-সংসার এমনকি স্বামীও ত্যাগ করেন। নিজ ঘরে তাঁর জায়গা হয় না। অনেক ক্ষেত্রে গোয়াল ঘরে সেই নারীকে থাকতে দেওয়া হয়। এমনই মানবেতর জীবন যাপন করেন একজন প্রসবজনিত ফিস্টুলা রোগী।
প্রথম আলো: ফিস্টুলা নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে?
ফেরদৌসী ইসলাম: স্বাস্থ্য বিভাগের এসআরএইচআই অ্যান্ড এস প্রোগ্রামের আওতায় এবং ইউএনএফপিএর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ন্যাশনাল ফিস্টুলা সেন্টারসহ ১০টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনা খরচে ফিস্টুলা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। ইউএসএইড-এর সহায়তায় চারটি বেসরকারি হাসপাতালে, নতুন দুটি সরকারি হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফিস্টুলার চিকিৎসা শুরু করা হয়েছে। এ ছাড়া নিবেদিতপ্রাণ কিছু চিকিৎসক নিজ উদ্যোগে ফিস্টুলা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। যেহেতু প্রসবজনিত ফিস্টুলা অপারেশন একটি বিশেষায়িত শল্য চিকিৎসা, এ কারণে এ বিষয়ে দেশি ও বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইউএনএফপিএর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজসহ ১০টি সরকারি হাসপাতালে ২০০৩ থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৬৫৮ জন প্রসবজনিত ফিস্টুলা রোগীর অপারেশন হয়েছে। সেই সঙ্গে ২৫৯ জন চিকিৎসক ও ২৭৭ জন নার্সকে ফিস্টুলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব ফিস্টুলা রোগীর অপারেশন সফল হয়েছে, তাঁদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (পড়ালেখা, সেলাই, কৃষি ও গবাদি) ও পুনর্বাসনের মাধ্যমে স্বেচ্ছাসেবক হিসেবে কমিউনিটি ফিস্টুলা অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়ানোর জন্য তাঁরা এলাকায় ঘুরে ঘুরে এ সম্পর্কে জনগণকে সচেতন করেন। ইউএনএফপিএর অর্থায়নে বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশনের সার্বিক ব্যবস্থাপনায় কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। এ ছাড়া সরকার দক্ষ ধাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।