আমাদের ভ্যানগাড়িটা দ্রুতগতিতে ছুটে চলছে। উদ্দেশ্য, ঢাকাগামী বাস ধরা। আবির হেডফোন কানে লাগিয়ে গান শুনছে। সুমনটা আবার ফোনালাপে ব্যস্ত। চুপচাপ বসে আছি। মেজাজটা মায়ের ওপর খিঁচড়ে আছে। প্রতিবারের মতো এবারও একই ঘটনা ঘটিয়েছেন তিনি। ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় ব্যাগ নিয়ে যাব একটি আর ঢাকা ফেরার সময় মায়ের কল্যাণে ব্যাগ হবে দু-তিনটি। কী যন্ত্রণা! বারবার নিষেধ করার পরও তিনি ওই সব ব্যাগে গোপনে নারকেলের নাড়ু, বাতাসাসহ রাজ্যের সব হাবিজাবি ভরে দেবেন। গরমের বন্ধে বাড়ি এসেছিলাম, প্রায় ১০-১২ দিন বাড়িতে কাটিয়ে এখন আবার ঢাকায় যাচ্ছি। এই কয়েকটা দিন দারুণ মজা করেছি। দল বেঁধে নদীতে সাঁতার কাটা থেকে শুরু করে ভিমরুলের চাক ভাঙা—সবই ছিল তালিকায়। মায়ের ফোনে বাস্তবে ফিরে এলাম, ‘বাসে উঠে গেছিস?’ একরাশ বিরক্তি নিয়ে বললাম, না। ‘তাহলে ভ্যানটাকে একটু দাঁড় করা বাবা, তোর মাথায় তো ফুঁ দেওয়া হয়নি।’ মায়ের এই এক অভ্যাস, বাড়ি থেকে ঢাকায় আসার পথে প্রতিবার তিনি স্রষ্টার নাম নিয়ে আমার কপালে তিনবার ফুঁ দেবেন। তাঁর বিশ্বাস, তাঁর এই ফুঁ আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কী আর করা! মায়ের আবদার মেটাতে গিয়ে ঢাকাগামী প্রথম বাসটা মিস করলাম, দ্বিতীয়টায় উঠলাম। একটু পর বাস ছাড়ল, যেন উসাইন বোল্ট গতিতে। ঘণ্টা খানেকের ভেতর বাসের সব যাত্রীর চোখমুখ ঢুলু ঢুলু। আমার চোখও কেবল লেগে এসেছে। হঠাৎ চালক কড়া ব্রেক কষে বাস থামালেন। প্রচণ্ড ঝাঁকিতে ঘুম ভেঙে যাওয়ায় চালকের চৌদ্দগুষ্টি উদ্ধারের জন্য চোখ খুললাম। চোখ খুলে যা দেখলাম, তাতে আমার শিড়দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমাদের বাসের হাত চারেক দূরে একটি বাস খাদে পড়ে গেছে। বাসের যাত্রীরা কাতরাচ্ছে। ভাগ্যিস, মা আমাকে ফুঁ দেওয়ার জন্য ভ্যানগাড়িটি থামিয়েছিলেন। ফলে ঢাকাগামী ওই বাসটি মিস করেছিলাম! নতুবা ওই বাসেই তো ঢাকা যাওয়ার কথা ছিল!আর কিছু ভাবতে পারলাম না। দুই চোখ ঝাপসা হয়ে এল।দিবাকর বিশ্বাসঢাকা।