ফুঁসছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার মানুষ ফুঁসছে। এই ফুঁসে ওঠার পেছনে কাজ করছে এক দুর্নিবার আকুতি। এই আকুতি প্রকৃত পরিবর্তনের জন্য। গণতন্ত্রের খোলা হাওয়ায় বুকভরে শ্বাস টানার জন্য। সোভিয়েত-উত্তর রাশিয়ায় রাজনৈতিক সংস্কারের ধীরগতিতে রুশরা অধৈর্য হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে রুশ দেশের সর্বময় কর্তৃত্বের প্রতীক হয়ে ওঠা ভ্লাদিমির পুতিনের ক্ষমতা না ছাড়ার প্রবণতা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে।রাশিয়ার সাধারণ মানুষ মনে করছে, প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের শাসনামলে তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। অন্যভাবে বলা যায়, পুতিন ও মেদভেদেভের পালা করে ক্ষমতা কুক্ষিগত রাখার বিষয়টি তারা আর চায় না। পুতিনের ক্ষমতায় থাকার এর মধ্যে এক যুগ পার হয়েছে। আগামী নির্বাচনে তিনি যে আরেক দফা প্রেসিডেন্ট হচ্ছেন, এটি প্রায় নিশ্চিত। এ ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাঁকে যথাসম্ভব সহযোগিতা করছেন ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ। কিন্তু পুতিনকে নতুন করে প্রেসিডেন্ট হিসেবে ফিরে পেতে ইচ্ছুক নয় রাশিয়ার বেশির ভাগ মানুষ।গত ১০ ও ২৪ ডিসেম্বর রাজধানী মস্কোসহ রাশিয়ার বড় বড় শহরে পুতিনের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ হয়। এ ঘটনা প্রমাণ করে, একসময় রুশদের হূত মর্যাদা পুনরুদ্ধারের কৃতিত্ব পাওয়া পুতিন সেই মর্যাদার আসনে আর মোটেই নেই। রাশিয়ার হাল আমলের এই জারের জনপ্রিয়তার ধস নেমেছে অবশ্য বেশ আগেই। কিন্তু আরেক দফা প্রেসিডেন্ট হওয়ার নিশ্চিত সম্ভাবনা জনগণের বিরাগকে পরিণত করেছে বিস্ফোরণে। সরকারের পূর্বানুমতি নিয়ে আয়োজিত ১০ ও ২৪ ডিসেম্বরের বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পুতিনবিরোধীরা সর্বশেষ বড় ধরনের বিক্ষোভের আয়োজন করে ৩১ ডিসেম্বর। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেদিন মস্কো ও সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভের প্রস্তুতি নেয় তারা। তবে তা বেশি দূর এগোতে পারেনি। মস্কোয় ২৪ ডিসেম্বর যে পুতিনবিরোধী বিক্ষোভ হয়, তাতে এক শাখারভ স্কয়ারেই ৬০ হাজারের বেশি লোকের সমাগম ঘটে। বলা হয়েছে, রাশিয়ার ইতিহাসে এত বড় বিক্ষোভ আর কখনো হয়নি। সরকারের কাছে বিক্ষোভকারীরা দাবি করে ‘গণতন্ত্র, নমনীয়তা ও শ্রদ্ধা’। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, ছোট-বড় ব্যবসায়ী, শিক্ষাবিদ, কবি, চলচ্চিত্র নির্মাতাসহ সব স্তর ও পেশার মানুষ। সবার মুখে কথা একটাই—পরিবর্তন চাই, পরিবর্তন।বিশ্লেষকদের মতে, সাত বছর আগেই পুতিন জনগণকে এই দাবি তোলার পথ করে দেন। ২০০৪ সালে দ্বিতীয় মেয়াদের জন্য দেশের প্রেসিডেন্ট হন পুতিন। ওই সময় তিনি এমন কিছু উদ্যোগ নেন, যা ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টারই নামান্তর। সে বছর পুতিনের সরকার প্রদেশভিত্তিক নির্বাচন বাতিল করে ক্রেমলিনকে আঞ্চলিক নেতা নির্বাচনের সুযোগ করে দেয়। একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী আইনে পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। সে সময় পুতিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন কোটিপতি মিখাইল খদোরকোভস্কি। কিন্তু তিনি টিকতে পারেননি। তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা হয়। গত বছর তহবিল তছরুপ ও অর্থ পাচারের দায়ে খদোরকোভস্কির ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। এখন তাঁর ঠিকানা কারাগার।এবার পুতিনের সরকারের বিরুদ্ধেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। গণতন্ত্র ও মানবাধিকারের টুঁটি টিপে ধরার অভিযোগ তো ছিলই। সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা টিকিয়ে রাখতে পুতিন ভোট জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।একটি বিষয় লক্ষণীয়, ২০১১ সালজুড়ে চলা ‘আরব বসন্ত’ নামের স্বৈরশাসনবিরোধী গণজাগরণের মতো নয় রাশিয়ার এই সরকারবিরোধী বিক্ষোভ। ইউরোপের অন্য সব দেশের আর্থিক সংকট বা পুঁজিবাদবিরোধী বিক্ষোভের সঙ্গেও এর মিল নেই। এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব ও দুর্নীতির অবসান ঘটানো।২৪ ডিসেম্বরের বিক্ষোভে যোগ দেওয়া একটি বিপণন প্রতিষ্ঠানের পরিচালক ম্যাক্সিম ইয়েরমোলিন বলেন, ‘অর্থনীতি নিয়ে এই বিক্ষোভ নয়। এখানে যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা ভালোই খাওয়া-দাওয়া করেন। তাঁদের আর্থিক অবস্থাও নিরাপদ। অনেকেরই বিশ্ব ঘুরে দেখার সুযোগ হয়েছে। তাঁরা দেখেছেন, ইউরোপের কোনো দেশে ঈশ্বরের মতো একচ্ছত্র ক্ষমতার অধিকারী কেউ নেই। আমরা চাই এ দেশেও তাই হোক।’রুশরা যদি আরব বিক্ষোভকারীদের মতো অধ্যবসায় দেখাতে পারে, তাহলে হয়তো পুতিনকে বাধ্য হয়ে একসময় ক্রেমলিন ছাড়তে হবে। জনগণ প্রত্যাশা করলেও সহজভাবে এই ক্ষমতা হস্তান্তর সম্ভব হবে বলে মনে করছেন না পর্যবেক্ষকেরা।অনেকের অভিযোগ, পুতিন তাঁর ইউনাইটেড রাশিয়া পার্টির মাধ্যমে দেশে কার্যত একদলীয় শাসন কায়েম করেছেন। দেশের পুরো আমলাতন্ত্র এখন ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। প্রায় সব নির্বাচিত কমিটি বা দলও তাদের্রপ্রভাববলয়ের আওতায়। পুতিন এখনো সশস্ত্র বাহিনী ও পুলিশকে নিয়ন্ত্রণ করছেন। তাই চাইলেই যে তাঁকে টলানো বা নড়ানো যাবে, তা ভাবা ঠিক নয়। উদারপন্থী ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগরি ইয়াভলিনস্কি বলেন, ‘ক্ষমতা থেকে কাউকে হটানো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে চলমান শাসনব্যবস্থার পরিবর্তন।’তবে সরকারবিরোধী চলমান বিক্ষোভে যে একেবারেই কাজ হয়নি তা নয়। একসঙ্গে হাজার হাজার মানুষ হুট করে রাজপথে নেমে আসায় কিছুটা হলেও টনক নড়েছে পুতিন ও তাঁর সহযোগী মেদভেদেভের। আগামী মার্চে প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করার আগেই সরকারের হূত ভাবমূর্তি পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছেন মেদভেদেভ। কিছু সংস্কার উদ্যোগে গতি সঞ্চার করতে চাইছে ক্রেমলিন। এর মধ্যে মেদভেদেভ এমন কিছু আইনের প্রস্তাব করেছেন, যা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করবে। তবে বিশ্লেষকেরা বলছেন, কেবল নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্ন করলেই হবে না, এসব দলকে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ব্যাপক সুযোগ দিতে হবে।পুতিনের প্রতিদ্বন্দ্বী নাভালনি?গত ২১ ডিসেম্বরের ঘটনা। মস্কোর দক্ষিণে একটি কারাগারের সামনে জড়ো হয়েছে একদল মানুষ। চলমান পুতিনবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্লগার আলেক্সি নাভালনির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। ওই দিন কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।নাভালনিকে স্বাগত জানাতে সেদিন বিভিন্ন মত ও পথের মানুষ জড়ো হয়েছিল। ছিল উদারপন্থী থেকে জাতীয়তাবাদী পর্যন্ত সব ধরনের মানুষই। মতাদর্শ ভিন্ন হলেও একটি ক্ষেত্রে তারা অভিন্ন। তা হচ্ছে নাভালনির প্রতি ভালোবাসা। গত ৫ ডিসেম্বর পার্লামেন্ট নির্বাচন নিয়ে প্রায় সাত হাজার লোকের বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা হয় নাভালনিকে। এ সময় তিনি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টিকে ‘দুর্বৃত্ত ও চোরের দল’ বলে গালমন্দ করছিলেন। পেশায় আইনজীবী ৩৫ বছর বয়সী নাভালনি একজন ব্লগার। তাঁর লেখা ব্লগ পুতিনবিরোধী জনমত গড়ে তোলায় বিশাল ভূমিকা রেখেছে। তিনি সরকারের ৪০০ কোটি ডলারের সমান অর্থ তছরুপের ঘটনা তথ্যপ্রমাণসহ ব্লগের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেন। এতে কেবল রাশিয়ার মানুষই নয়, ঘটনাটি জানতে পারে পুরো বিশ্ব। রাশিয়ার ক্ষমতাসীন সরকারের দুর্নীতির শীর্ষ প্রতিবাদী হিসেবে ভাবমূর্তি গড়ে ওঠে নাভালনির। রাশিয়ার সরকারি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে যারা একজন নেতা খুঁজছিল, তাদের জন্য এক বিরাট অবলম্বন হয়ে যান তিনি।শরিফুল ইসলাম ভূঁইয়া