ফুচকা, চটপটির জন্য ভরসা ‘ফেরদৌসী আপার রান্না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌসী বাতেন ও লোরা খান। ছবি: সংগৃহীত

ফেরদৌসী বাতেনের বয়স ৫৭ বছর। কম বয়সে বিয়ে হয়। সংসার সামলাতে গিয়ে চাকরি করা হয়নি। ঢাকার বাবার বাড়ি ছেড়ে স্বামীর সঙ্গে চট্টগ্রামে, আবার ছেলে-ছেলে বউয়ের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা। স্বামী বর্তমানে সিলেটে কর্মরত। করোনাভাইরাসের বিস্তারে থমকে যাওয়া পৃথিবীতেই জীবনের নতুন সম্ভাবনা খুঁজে পান ফেরদৌসী। ছেলের বউ লোরা খানের পরামর্শে ফেসবুকে খোলেন ফুচকার পেজ। অল্পদিনেই ‘ফেরদৌসী আপার রান্না’ ফেসবুকে জনপ্রিয় উদ্যোগে পরিণত হয়েছে।

ফেরদৌসী বাতেনের রান্নার নিয়মিত ক্রেতা ফেসবুকে সফল কেক বিক্রেতা আকলিমা আলম বলেন, ‘লকডাউনে ফুচকা–চটপটির মতো খাবারগুলো খুব মিস করছিলাম। ফেরদৌসী আপার রান্নায় স্বাদের পাশাপাশি ঘরের পরিচ্ছন্নতার নিশ্চয়তাও পাওয়া গেল।’

ফেরদৌসী কখনো ভাবেননি তিনি রান্নার উদ্যোক্তা হবেন, তাও এই বয়সে। বললেন, ‘বিয়ের পরপর রান্নাই করতে পারতাম না। মাঝেমধ্যেই রান্না নষ্ট হতো, ফেলে দিতাম। এরপর এটার সঙ্গে ওটা মিলিয়ে–মিশিয়ে রান্না শিখে ফেললাম। তারপর থেকে তো জীবনভর রান্নাই করে যাচ্ছি।’

তবে মায়ের রান্নার ভক্ত ফেরদৌসীর ছেলে ফেরদৌস আহমেদ বলেন, ‘আমার মায়ের রান্নার জন্য বন্ধুমহলে আমি খুব জনপ্রিয় ছিলাম। খাবারের স্বাদের কারণে বাসায় বন্ধুবান্ধবের ভিড় লেগেই থাকত। মাকে অনেকবার বলেছি খাবার সরবরাহের উদ্যোগ শুরু করতে। এত দিন তিনি রাজি হননি, এবার বউয়ের কথা ফেলতে পারেননি।’

ছেলের বউ লোরা খান বলেন, ‘মায়েরা অনেক ধরনের কাজ কোনো স্বীকৃতি ছাড়াই করেছেন। মা এবার একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবেন।’

চটপটি ছাড়াও ফেরদৌসীর জর্দা ও আচারি মাংস খুব জনপ্রিয়তা পেয়েছে। চট্টগ্রামের বিখ্যাত গরুর মাংসের কালাভুনাও করছেন তিনি। সপ্তাহে প্রতিদিন অর্ডার এলেও ডেলিভারি দেন শুধু বৃহস্পতি, শুক্র ও শনিবার। সপ্তাহের অন্য দিনগুলো ফেরদৌসী বাতেন মসলা রোদ দেওয়া, গুঁড়ো করার কাজ করেন। নিজের তৈরি মসলাই তাঁর রান্নার বিশেষত্ব। এখন তাঁর বাড়ির দৈনন্দিন রুটিনই বদলে গেছে। সকাল থেকেই শুরু হয় ফেরদৌসীর রান্নাঘরের কাজ।

লোরা খান হাসতে হাসতে বললেন, সকালে ফেসবুকে কে কী মেসেজ দিলেন, তা জানতে চাওয়ার মাধ্যমে মায়ের কাজ শুরু হয়।

ফেরদৌসী বাতেন বললেন, ‘৪০ বছর রান্না করেছি, কেউ ভালো–মন্দ বলেনি। এখন অনেকে আমার রান্না কিনে খাচ্ছেন, ধন্যবাদও দেন। ভালো লাগে। হঠাৎ করে শুরু করলেও ব্যবসাটা চালিয়ে যেতে চাই। প্রতিদিন ব্যবসার নতুন কিছু শিখছি, জীবনের এই নতুন দিক খুব উপভোগ করছি।’