ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত হয়নি

সোফার গদি, বিছানার জাজিম, ফোম, প্লাস্টিকের পানির পাইপ, মোটর—কী নেই ফুটপাতজুড়ে! বিচিত্র সব জিনিস ঠেলে কিছুটা জায়গা করে নিয়ে কয়েকজন চলাচল করলেও বেশির ভাগ পথচারী সড়ক দিয়েই হাঁটছিলেন ঝুঁকি নিয়ে। গত সোমবার নগরের জুবিলী রোডে এই দৃশ্য চোখে পড়ে।
রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রেখে নগরবাসীর পথচলা নির্বিঘ্ন করার দায়িত্ব সিটি করপোরেশনের। আ জ ম নাছির উদ্দীন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় বছর ঘুরতে চললেও এই কাজে সিটি করপোরেশনের কোনো সাফল্য এখনো চোখে পড়েনি। কেবল জুবিলী রোড নয়, নগরের বেশির ভাগ ফুটপাত হকার ও দোকানিদের দখলে রয়েছে এখনো। বিভিন্ন সড়কের পাশের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে ইট-বালুর জমজমাট ব্যবসাকেন্দ্র। এর ফলে হাঁটাচলায় প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি নোংরা হচ্ছে নগরের পরিবেশ।
স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী, রাস্তা বা ফুটপাত দখল করে কেউ কোনো জিনিস বা পণ্য রাখলে তা বাজেয়াপ্ত করা ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করার বিধান রাখা হয়েছে। মাঝে মাঝে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চললেও পুনরায় দখল হচ্ছে। স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না।
এ বিষয়ে বিশিষ্ট নাগরিকেরা সিটি করপোরেশনের উদাসীনতাকেই দায়ী করেছেন। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দার খান মনে করেন, ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত রাখা সিটি করপোরেশনের মূল কাজের মধ্যে পড়ে। কিন্তু সিটি করপোরেশনের নতুন প্রশাসন এদিকে মনোযোগ দেয়নি।
নগর ঘুরে দেখা গেছে, কাজীর দেউড়ি থেকে তিন পুলের মোড় পর্যন্ত জুবিলী রোডের দুই দিকে ছোট ও মাঝারি আকারের সারি সারি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানিরা পণ্যসামগ্রী ফুটপাতের ওপর সাজিয়ে রেখেছেন। এর মধ্যে রয়েছে টাইলস, ফোম, জাজিম, বাথরুম ফিটিংস এবং যন্ত্রপাতির পসরা। জুবিলী রোডের একটি যন্ত্রপাতির দোকানের কর্মচারী সাহাব উদ্দিন জানান, দোকানের সামনে ফুটপাত সব দোকানি ব্যবহার করে আসছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে ফুটপাতে দিনের বেলায় মালামালের পসরা সাজানো হয়। রাতে আবার দোকানে ঢোকানো হয়। এ জন্য কেউ কখনো কোনো বাধা দেয়নি।
নগরের স্টেশন রোড, নিউমার্কেট, আগ্রাবাদ শেখ মুজিব সড়ক, এক্সেস রোড, বহদ্দারহাট থেকে কালুরঘাট সড়কসহ সর্বত্র একই চিত্র বিরাজ করছে। নিউমার্কেট এলাকার ফুটপাতের অস্তিত্বই যেন নেই। এখানকার হকাররা ফুটপাত দখল করেই খান্ত হননি, রাস্তার কিছু অংশও তাঁদের দখলে গেছে। এখানে জামা, জুতাসহ নানা ধরনের পণ্য কেনাবেচা হয় ভোর থেকে রাত পর্যন্ত। হকার ও ক্রেতাদের কারণে নিউমার্কেট সড়কে যাজট লেগেই থাকে।
এ ছাড়া রাস্তার পাশে ইট বালুর জমজমাট ব্যবসা নগরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্যারেড কর্নারের ফুটপাতে চলছে ইট-বালুর ব্যবসা। বছর দেড়েক আগে নগর পুলিশ প্রশাসন প্যারেড কর্নারসহ বেশির এলাকার সড়কের পাশ থেকে ইট বালু, বাঁশ-গাছের অবৈধ ব্যবসাকেন্দ্র উচ্ছেদ করেছিল। তবে নতুন উদ্যমে এসব জায়গায় আবারও একই ব্যবসা শুরু হয়েছে। এর মধ্যে নগরের পল্টন সড়ক, সার্কিট হাউসের পেছনের ফুটপাতে, কালুরঘাট সড়কের বিস্তীর্ণ অংশে, মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত যাওয়ার পথে ইট-বালুর ব্যবসা চলছে।
নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাটের দিকে যাওয়ার পথে সড়কের দুদিকে অন্তত ১৫-২০টি জায়গায় বালুর স্তূপ দেখা গেছে। এ ছাড়া মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ে যাওয়ার পথে সড়কের দুদিকে ইট ও বাঁশ রাখতে দেখা গেছে। এসব ব্যবসা ঘিরে সংশ্লিষ্ট এলাকায় সারি সারি ট্রাক ছাড়াও ভ্যান ও ঠেলাগাড়ি রাস্তার পাশে রাখা হয়েছে।
চকবাজারের বাসিন্দা শফিকুল আলম জানান, পুলিশ প্রশাসন দেড় বছর আগে প্যারেড গ্রাউন্ড এলাকার চারদিকে অবৈধ উচ্ছেদ চালিয়ে জঞ্জালমুক্ত করেছিল। বছর পার না হতেই আবার ইট-বালু রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে। পাশে রয়েছে অসংখ্য ঠেলাগাড়ি। সিটি করপোরেশনের উচিত অবৈধ ব্যবসা উচ্ছেদ করে স্থানীয় বাসিন্দাদের স্বস্তি দেওয়া।
এ বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, রোজার ঈদের পরেই নগরের ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হবে।