ফুটপাত ছাড়িয়ে সড়কও দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সিইপিজেডের মোড় থেকে শুরু করে বন্দরটিলা মূল বাজার পর্যন্ত প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত রাস্তার উভয়পাশে ফুটপাত বলতে যে কিছু একটা আছে, তা বোঝার উপায় নেই। শুধু ফুটপাত নয়, বর্তমানে মূল সড়কের চার ফুট জায়গাও ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে অনেকটা বাধ্য হয়ে প্রতিদিন হাজার হাজার পোশাকশ্রমিক এবং কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে মূল সড়কের ওপর দিয়ে যাওয়া-আসা করতে হয়। অপরদিকে, সংঘবদ্ধ একটি চক্র ফুটপাতের জায়গা বহিরাগতদের ভাড়া দিয়ে আদায় করছে লাখ লাখ টাকা। সরেজমিনে দেখা গেছে, সিইপিজেডের মোড় ধরে নৌবাহিনী স্কুল এবং কলেজের দেয়াল ঘেঁষে বন্দরটিলা বাজার পর্যন্ত ফুটপাত ও প্রধান সড়কের ওপর ছোটবড় প্রায় ৪০০টি দোকান রয়েছে। দোকানগুলো এমনভাবে সাজানো হয়েছে, সেখানে ফুটপাতের চিহ্ন দেখা যাচ্ছে না। পোশাকশ্রমিক লায়লা বেগম বলেন, ‘প্রতিদিন প্রাণ হাতে নিয়ে আমরা কর্মক্ষেত্রে যাতায়াত করি, জানি না কোন গাড়ির চাকার নিচে আমাদের মৃত্যু লেখা আছে।’ এদিকে, মূল সড়কের প্রায় চার ফুট জায়গা অবৈধ দোকানদারদের দখলে চলে যাওয়ায় প্রতিদিন বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত ওই এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। ফুলের বাগানে অবৈধ বাজার: সিইপিজেডের মোড় থেকে বন্দর টিলা পর্যন্ত সৌন্দর্য বর্ধনের জন্য সিটি করপোরেশন ১০-১২টি ছোট ছোট বাগান গড়ে তুলেছে। এসব বাগানের গাছ কেটে সেখানে সবজি বিক্রেতারা বসিয়েছেন বড় বড় চৌকি। রাসেল নামের এক সবজি বিক্রেতা বলেন, ‘বাগানের ছোট-বড় গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে তা আমরা জানি না, তবে আমরা যখন চৌকি বসিয়েছি তখন এখানে কোনো গাছ ছিল না।’মসজিদ ও কবরস্থানের জায়গা দখল: টিসিবি ভবন থেকে কয়েক গজ দূরে রয়েছে ছৈয়দিয়া তৈয়বিয়া এবতেদায়ী মাদ্রাসা এবং হুন্দুলপাড়া কবরস্থান। ফুটপাতের দোকানগুলোর জন্য মাদ্রাসা মসজিদ দেখা যায় না। মাদ্রাসা ও ফোরকানিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আবু তাহের বলেন, ফুটপাতের জায়গা অবৈধভাবে দখলে নেওয়া এসব দোকানের কারণে এখানে যে একটি মাদ্রাসা ও মসজিদ রয়েছে, তা কেউ বাইরে থেকে বুঝতে পারে না। প্রতিদিন মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে আসা-যাওয়া করতে হয়। কবরস্থানের পাশে দাঁড়িয়ে জিয়ারত করার জায়গাটুকু পর্যন্ত নেই। লাখ টাকার রমরমা ব্যবসা: প্রশাসনের নাকের ডগায় দীর্ঘ ছয় বছর ধরে লাখ লাখ টাকার দোকান-বাণিজ্য চলছে ফুটপাতের এই বিরাট অংশকে ঘিরে। খোঁজ নিয়ে জানা যায়, এখানকার প্রতিটি দোকান ৩০ থেকে ৫০ হাজার টাকা দামে বেচাকেনা হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক হকার জানান, তাঁরা কাগজে-কলমে চুক্তির মাধ্যমে দোকানগুলোর দখলস্বত্ব কিনে নেন। প্রতিটি দোকান থেকে দৈনিক লাইট ও জেনারেটর বিল বাবদ ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করা হয়। দোকানের স্বত্ব কাদের কাছ থেকে নেওয়া হয়, তা জানতে চাইলে কয়েকজন হকার বলেন, এখানে হকার্স লীগ নামে একটি সমিতি রয়েছে, দোকানগুলো তারাই ভাড়া দেয় এবং তাদের লোকজন এসে নিয়মিত টাকা আদায় করেন।বাজারেও টানানো হয়েছে হকার্স লীগ সমিতি (রেজি. ২৫৫১) নামের একটি ব্যানার। স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম না বলার শর্তে বলেন, এলাকার ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগ নামধারী প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রচ্ছায়ায় চলছে এই সমিতি। তবে সমিতির ব্যাপারে জানতে ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদেরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।বাড়ছে দুর্ঘটনার হার: ফুটপাত দখল হওয়ায় নিরুপায় হয়ে হাজারো পথচারীকে মূল সড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়, এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার হার বাড়ছে। বন্দর থানা সূত্রে জানা যায়, বিগত তিন মাসের মধ্যে সিইপিজেড এলাকায় দুজন পোশাকশ্রমিক নিহত ও দুজন গুরুতর আহত হন।