ফুটপাতে গাড়ি, সড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের উপজেলা পরিষদের সামনে থেকে বাস টার্মিনাল পর্যন্ত যানজট নিত্যদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ফুটপাত দখল করে যানবাহন রাখার কারণে পথচারীরা স্বাচ্ছন্দ্যে হাঁটতেও পারেন না।
এই দুই সমস্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন পটিয়ার বাসিন্দারা। চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক যানজটের কারণে পটিয়ার এই স্থানে দীর্ঘ সময় আটকে থাকে। ফলে পটিয়ার পাশাপাশি কক্সবাজার, বান্দরবান, সাতকানিয়া, লোহাগাড়া, বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলার বাসিন্দারা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেন না।
পটিয়া পৌর সদরের মহাসড়ক ঘেঁষে রয়েছে পটিয়া সরকারি কলেজ, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে যাতায়াত করে।
যাত্রী ও পথচারীদের অভিযোগ, সড়কের ওপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানো, যত্রতত্র পার্কিং, সড়ক ও ফুটপাত দখল করে দোকান স্থাপন, সড়কে ও ফুটপাতে মালামাল রাখা যানজট সৃষ্টির মূল কারণ। এ ছাড়া উপজেলার কয়েকটি স্থানে কোথাও কোথাও সড়ক সরু হওয়ার কারণে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।
সরেজমিনে দেখা গেছে, পটিয়ার গিরিশ চৌধুরী বাজার এলাকায় নতুন বাস টার্মিনাল নির্মাণ করা হলেও সেখানে বাস না রেখে এখনো পুরোনো বাস টার্মিনালের মহাসড়কের ওপর বাস রাখা হচ্ছে। সন্ধ্যা হলে পটিয়া সরকারি কলেজের পূর্ব গেট থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কের ওপর বাস পার্কিং করে রাখা হয়। বাস টার্মিনাল, কলেজ পূর্ব গেট, ডাকবাংলোর মোড়, থানার মোড়, পোস্ট অফিস মোড় ও উপজেলা পরিষদের সামনে সিএনজিচালিত অটোরিকশা ফুটপাতের ওপর পার্কিং করে রাখা হয়। এ ছাড়া সড়কের পাশে দোকানিরা গাড়ি দাঁড় করে পণ্য খালাস করেন। অনেক প্রতিষ্ঠান সড়ক ও ফুটপাতে ইট-বালুও রেখেছে। এই কারণে সড়ক দিয়েই চলছে পথচারীরা, আর সড়কের মাঝের সরু অংশ দিয়ে চলছে যানবাহন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহসভাপতি মোহাম্মদ মিয়া জানায়, যত্রতত্র সড়কের ওপর গাড়ি রেখে যাত্রী ওঠানো-নামানো, সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশাসহ নানা যানবাহন পার্কিং করা ও যানবাহনের তুলনায় সড়ক সরু হওয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। পথচারীদেরও চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে পটিয়া থানা কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।
পটিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এম নাজমুল হক চৌধুরী বলে, ‘পৌর সদর এলাকায় যানজট লেগেই থাকে। ফুটপাতের ওপর যানবাহন রাখার কারণে হাঁটাচলাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে মুন্সেফবাজার বাসা থেকে হেঁটে আধা কিলোমিটারের বেশি পথ ঘুরে আমি কলেজে যাতায়াত করি।’
পটিয়া অটো টেম্পো, ট্যাক্সি, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, ‘আমাদের গাড়ি রাখার জন্য কোথাও পার্কিংয়ের জায়গা নেই। তাই মোড়ে মোড়ে গাড়ি রাখা হচ্ছে। আমার পৌরসভাকে প্রতিটি গাড়ি থেকে কর দিচ্ছি, সে হিসেবে গাড়ি রাখার জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থা করা উচিত ছিল। পার্কিংয়ের ব্যবস্থা থাকলে আমাদের এভাবে গাড়ি রাখতে হতো না।’
পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, পটিয়া শহর এলাকায় ড্রেনেজ সংস্কার ও ফুটপাত বড় করার কাজ চলছে। পাশাপাশি পটিয়ার ইন্দ্রপুল থেকে চক্রশালার গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত বাইপাস সড়কের নির্মাণকাজ চলছে। এই সড়কের নির্মাণকাজ শেষ হলে যানজট অনেক কমে যাবে।