ফুটপাতে দোকান পথচারী সড়কে
চা, হালকা নাশতা, শিশুদের পোশাক, মানিব্যাগ, জুতা, ফলমূল এমনকি বই সবই পাওয়া যায়। ছোট চৌকির ওপর পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দেখে মনে হবে কোনো বাজার। কিন্তু এটি নগরের জিইসি মোড়ের জিইসি ভবন-সংলগ্ন ফুটপাতের চিত্র। প্রায় বছর খানেক ধরে ফুটপাতের সিংহভাগ দখল করে গড়ে উঠেছে এ রকম ৪০টি দোকান। এ কারণে ওই ফুটপাত ব্যবহার করতে পারেন না পথচারীরা। হাঁটতে হয় সড়কের ওপর দিয়ে। সড়কটিতে যানবাহনের চাপ বেশি থাকায় পথচারীরা হাঁটেন যানবাহনের ফাঁকে ফাঁকে। দখল করা এই ফুটপাত ঘিরে চলছে চাঁদাবাজিও। গত রোববার কথা হয় জুতা বিক্রেতা মো. ফারুকের সঙ্গে। তিনি জানান, প্রত্যেক দোকান থেকে দিনে ৪০ টাকা করে তোলা হয়। সেই হিসাবে ৪০ দোকান থেকে দৈনিক এক হাজার ৬০০ টাকা চাঁদা আদায় হয়। মাসে চাঁদার পরিমাণ ৪৮ হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের একাধিক বিক্রেতা প্রথম আলোকে জানান, এই চাঁদার একাংশ নেন স্থানীয় একটি কলেজের ছাত্রলীগের নেতারা। চাঁদার ভাগ দিতে হয় পুলিশকেও। নগরের গুরুত্বপূর্ণ জিইসি মোড় ও জাকির হোসেন সড়কের সংযোগস্থল হওয়ায় এই সড়কে দিনের বেশির ভাগ সময় যানবাহনের চাপ থাকে। যানজট এখানকার নিয়মিত চিত্র। ফুটপাতটি দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। নগরের ওআরনিজাম সড়কের বাসিন্দা আবদুল হান্নান বলেন, ‘এভাবে সবার চোখের সামনে একটি ফুটপাত দখল হয়ে গেল। দেখার কেউ নেই। পথচারীদের হাঁটতে হয় গাড়ির ফাঁকে ফাঁকে। সবচেয়ে বেশি অসুবিধা হয় স্কুলগামী শিশুদের। ফুটপাত দখলদারদের ওপর রাগ হয়। আবার মনে হয়, এ দেশে তো কত বড় কিছুই দখল হয়ে যায়। আর এ তো সামান্য ফুটপাত।’ চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক হাবিবুর রহমান তারেক বলেন, ‘ছাত্রলীগ নামধারী কিছু বহিরাগত চাঁদা আদায় করেন। তাঁদের সঙ্গে কলেজ ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ফুটপাতের দখলদারদের কাছ থেকে সুবিধা নেন বলে শুনেছি।’ এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ফুটপাতের দোকানদারদের কাছ থেকে পুলিশের চাঁদা নেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। ওই দোকানদারেরা বা স্থানীয় কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’