ফুটপাতে নির্মাণসামগ্রীর ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সিরাজদ্দৌলা সড়কের প্যারেড ময়দানসংলগ্ন ফুটপাতের পুরোটা জুড়েই ইট ও বালু। ওই ফুটপাতসংলগ্ন সড়কের একাংশ দখল করে দিনে-রাতে চলে ইট-বালু ওঠানো-নামানোর কাজ। তাই এ পথে চলাচলকারীদের হাঁটতে হয় মাঝ সড়ক দিয়ে।গত মঙ্গলবার রাত ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতের পাশে বালুভর্তি দুটি ট্রাক দাঁড় করানো। ওই দু্ই ট্রাক থেকে বালু নামানো হচ্ছে ফুটপাতে। গতকাল বুধবার সকালে এখানকার বালু ব্যবসায়ী জনৈক হান্নানের সঙ্গে মুঠোফোনে কথা হয়। ক্রেতা হিসেবে বালু কিনতে চাইলে তিনি বলেন, ‘প্যারেড মাঠের এখানে এসে আমাকে ফোন দিলেই হবে।’ রাস্তার ওপর বালু কেনা-বেচায় পুলিশ বাধা দেবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ঝামেলা হলে আমাদের সঙ্গে হবে। পুলিশের সঙ্গে আমাদের কনট্রাক্ট আছে।’এ প্রসঙ্গে জানতে চাইলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্যারেড ময়দানসংলগ্ন অবৈধ ইট-বালুর ব্যবসা উচ্ছেদ করা হয় জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব পুলিশের। সরকারি জায়গা যার যেভাবে ইচ্ছে ব্যবহার করবে এটা হতে পারে না। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করলেই এ প্রবণতা কমবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ওই স্থান থেকে আগেও বহুবার উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করা সিটি করপোরেশনের দায়িত্ব। পুলিশের সঙ্গে কনট্রাক্ট প্রসঙ্গে বলেন, অভিযোগ তো যে কেউ করতে পারে। এটা সত্য নয়।শুধু এই ফুটপাত নয়, নগরের সিরাজদ্দৌলা সড়ক, জামালখান, পাঠানটুলি, মুরাদপুর, মোমিন রোড, খতিবের হাট, বায়েজীদ, হালিশহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতজুড়েই রাখা হয় নির্মাণসামগ্রী। এসব নির্মাণসামগ্রীর বেশির ভাগ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনের জন্য এনে রাখা হয়। আবার কোথাও ফুটপাতেই চলে বেচাকেনা। এ কারণে পথচারীদের হাঁটাচলা করতে হয় সড়কের ওপর দিয়ে। কখনো ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।নগরের মোমিন রোডের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, প্রায় প্রতি রাতেই কয়েকটি ট্রাকে করে ইট-বালু এনে সড়কের এক পাশে ফেলা হয়। এগুলো সরিয়ে নিতে নিতে দুপুর গড়িয়ে যায়। গতকাল বুধবার সকাল ১০টায় মোমিন রোডের ফুলকলির সামনের ফুটপাতে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সেখানে দেখা যায়, ইটের খোয়ার তিনটি স্তূপ ফুটপাত ও সড়কের একাংশজুড়ে পড়ে আছে। কর্মরত শ্রমিকেরা জানাতে পারেননি ইটের মালিক কে। নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী সড়কে রাখা প্রসঙ্গে সরোয়ার উদ্দিন বলেন, ভবন নির্মাণের জন্য দেওয়া অনুমতিপত্রে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি না করে নির্মাণসামগ্রী রাখার বিষয়টি উল্লেখ থাকে। আসলে কাগজে-কলমে অনেক কিছুই থাকে। কিন্তু অনেকেই তা মানতে চায় না।’এ ব্যাপারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে কারও কাছে জানতে চাইলে সে আপনার দিকে অবাক বিস্ময়ে তাকাবে।আইনের প্রয়োগ না থাকায় দখলদারেরা জানেই না এটা বেআইনি। নদর্মাকেই এখন শহরের লোকজন ডাস্টবিন মনে করে। তেমনি মনে করে ফুটপাত হচ্ছে বিভিন্ন সামগ্রী রাখার স্থান।ফুটপাত নির্মাণসামগ্রী মুক্ত করার বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করি। কয়েক দিন পর আবার দখল হয়। তবে এখন আমরা নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখব।’