ফুটপাতে বইয়ের হাট
আগ্রাবাদ বাদামতল মোড়ের ফুটপাতে হরেক রকম বইয়ের পসরা সাজিয়েছে এ শিশু। হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এমনকি বিদেশি লেখকের বিখ্যাত বইও আছে। শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের গান, গোপাল ভাঁড় ও মোল্লা নাসিরুদ্দিনের কৌতুক, হ্যারিপটারও বাদ যায়নি। তবে রাশিফল, মুঠোফোনের সংক্ষিপ্ত বার্তা গাইড, ৩০ দিনে ইংরেজি শেখা ও কম্পিউটারবিষয়ক বই বেশি রয়েছে। এসব বইয়ের পাশাপাশি খোলামেলাভাবেই রাখা হয়েছে অশ্লীল বইও। শিশুটি হাঁক দিয়ে পথচারীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, ‘বই লাগলে নিয়ে যান, বেশি কমিশনে বই...।’ নাম কি তোমার? সাইফুল ইসলাম। বয়স কত? ১২।বাড়ি কোথায়? কুমিল্লার চৌদ্দগ্রামে। এ ব্যবসায় এসেছ কীভাবে? ‘এটা চাচার দোকান, তিনি বিকেলে বসেন। তিনি না আসা পর্যন্ত আমার দায়িত্ব।’ বলে সাইফুল। লেখাপড়া কর না? জানতে চাইলে বলে ‘খাউনের টাকা নাই, লেখাপড়া করি কীভাবে।’ সাইফুল জানায়, তার চাচা ঢাকা থেকে বইগুলো কিনে আনেন। দামও চাচা ঠিক করে দিয়েছেন। তবে ফুটপাতে বইয়ের হাট দেখা যায় নিউমার্কেট ও স্টেশন সড়ক এলাকায়। এ ছাড়াও জিইসি, আন্দরকিল্লা, চকবাজার, চৌমুহনী এলাকার ফুটপাতে বইয়ের হকার দেখা যায়, যাত্রীছাউনিতেও কিছু দোকান আছে। এগুলো অনুমোদিত। বিক্রেতাদের বেশির ভাগই নিম্নবিত্ত পরিবারের। স্টেশন সড়ক ও নিউমার্কেট জলসা সিনেমা ভবনের আশপাশে নানান নামের অশ্লীল বই বিক্রি হয় ফুটপাতে। মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের পাশেও অশ্লীল বইয়ের দোকান দেখা গেছে। এসব বইয়ের প্রচ্ছদে ও ভেতরে পর্নো ছবি ব্যবহার করা হয়েছে। বিক্রেতাদের বেশির ভাগই আবার শিশু ও কিশোর। ক্রেতা মূলত তরুণেরা। বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও এসব বই কিনে বলে বিক্রেতারা জানান।নিউমার্কেট মোড়ে রবিউল হোসেন নামে একজন পথচারী জানান, ‘জনবহুল ও গুরুত্বপূর্ণ মোড়ের ফুটপাত অশ্লীল বই বিক্রি হয়। চারপাশে পুলিশ। অথচ তারা এসব দেখে না।’ নতুন রেল স্টেশন এলাকার মো. আবুল হাসেম (৪৮) বলেন, একজন বাবা তাঁর ছোট্ট সন্তান নিয়ে এ পথে হাঁটবেন কীভাবে। কোনো বইয়ের প্রচ্ছদ নিয়ে সন্তান প্রশ্ন করলে কী জবাব দেবেন?এ ব্যাপারে কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বললে খোলাখুলি কোনো মন্তব্য করেননি তারা। একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা অবৈধ ব্যবসা নয়। যার প্রয়োজন সে আমাদের কাছ থেকে কিনছে।’তবে কয়েকজন ক্রেতা অভিযোগ করেছেন, অনেক বই নকল। অর্ধেক দামেও বই বিক্রি হয়। নকলের প্রমাণ বইয়ের নিম্নমানের কাগজ, ছাপা ও দামেই পাওয়া যায়। এ সব বই ঢাকার নীলক্ষেত, বাংলাবাজার ও আজিজ সুপার মার্কেট থেকে আনা হয় বলে জানান কয়েকজন বিক্রেতা।