ফুটপাতে যানবাহন, পথচারীরা সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া উপজেলা সদরে ফুটপাত দখল করে যানবাহন রাখায় পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করেন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ওপর দিয়ে l প্রথম আলো
পটিয়া উপজেলা সদরে ফুটপাত দখল করে যানবাহন রাখায় পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করেন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ওপর দিয়ে l প্রথম আলো

পটিয়া পৌরসভা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুটপাত দখল করে যানবাহন পার্ক করে রাখায় পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হয়। এ কারণে পৌর এলাকায় ব্যস্ত এই মহাসড়কে নিত্য যানজট লেগেই থাকে। ঘটছে দুর্ঘটনাও।
সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার দরগা গেট থেকে হাসপাতাল মোড় পর্যন্ত তিন কিলোমিটার এলাকার দুই দিকে তিন থেকে চার ফুট চওড়া ফুটপাত আছে। তবে ফুটপাত ব্যবহৃত হচ্ছে যানবাহনের পার্কিংয়ের স্থান হিসেবে। এ ছাড়া ফুটপাত দখল করে রাখা হচ্ছে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামগ্রী। ফলে পথচারীদের চলাচলের জন্য ব্যবহার করতে হয় প্রধান সড়ক। সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ থানার মোড় এলাকা। ওই অংশের পূর্ব পাশের সড়ক ঘেঁষে রয়েছে পটিয়া থানার সীমানা দেয়াল। প্রায় ২০০ মিটার দীর্ঘ ওই অংশে কোনো ফুটপাত নেই। সংকীর্ণ ওই সড়ক দিয়ে পথচারীরা চলাচল করেন আতঙ্ক নিয়ে।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এতে ব্যস্ত মহাসড়কে তীব্র যানজন সৃষ্টি হওয়ার পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
পৌর সদরের মহাসড়কের মতোই উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোরও একই হাল। উপজেলার ডাকবাংলোর মোড় থেকে কেলিশহর-হাইদগঁাও সড়কের দেড় শ মিটার এলাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। খাদ্যগুদাম ও মাছের পোনার আড়ত থাকায় ওই এলাকায় ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করে। ফুটপাত না থাকায় যানবাহন থেকে গা বাঁচিয়ে কোনো মতে চলাচল করেন পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দরগা গেট থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কের সরু ফুটপাত পুরোপুরি দখল হয়ে পড়েছে। যানবাহনের পাশাপাশি ফুটপাতে রাখা হয়েছে বিদ্যুতের খুঁটি ও সাইনবোর্ড। অনেক স্থানে ভাসমান হকাররা দোকানও বসিয়েছেন।
পটিয়া আবদুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘দখল হয়ে যাওয়া ফুটপাত ছেড়ে লোকজনকে চলাচল করতে হচ্ছে সড়ক দিয়ে। এতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে শিক্ষার্থীরা। পাঁচ বছর আগে আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ডাকবাংলোর মোড়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। এ ছাড়া ওই সময় দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়।’
এ ব্যাপারে পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ বলেন, ফুটপাত থেকে অবৈধ পার্কিং সরিয়ে নিতে সদরে বাস টার্মিনাল তৈরি করা হয়েছে। কিন্তু সেটি যানবাহন মালিক সমিতির অসহযোগিতার কারণে এখনো চালু করা যাচ্ছে না। সওজের সহযোগিতায় শিগগিরই ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে।